পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। এই ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করে আলোচনার পথ সহজ করতে পারস্পরিক আস্থা গড়ার উপর জোর দিয়েছেন।
আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইসরায়েলের ইরানের ওপর চলমান হামলার প্রেক্ষাপটে শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা’র প্রশংসা করেছেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি।” শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।
প্রতিক্রিয়ায় শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
আগের ফোনালাপে শাহবাজ শরিফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ১ হাজার ৯০০-এর বেশি বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে, ইরান যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল রবিবার উচ্চপর্যায়ের এক কূটনৈতিক সম্মেলন শুরু হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের সফরে ইসলামাবাদে যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ২৯ ও ৩০ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান ও মিসরের বদর আবদেলাত্তি ইসলামাবাদে অবস্থান করবেন। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং বহুমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।






