আমেরিকার নারী কর্মীদের জন্য সুসংবাদ—সম্প্রতি রিজিউম জিনিয়াসর (Resume Genius) একটি প্রতিবেদনে দেখা গেছে, এমন কয়েকটি পেশায় নারীদের সংখ্যা বেশি এবং বেতনও উল্লেখযোগ্য। প্রতিবেদন অনুসারে, ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে এই পেশাগুলোর চাকরির চাহিদা বাড়বে এবং নারীরা এসব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা খাত নারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এর কারণ সময়সূচির স্বাচ্ছন্দ্য এবং ক্যারিয়ার উন্নয়নের স্পষ্ট সুযোগ। ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, “এসব পেশা উচ্চ বেতনের পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন, তাই যাঁরা উচ্চাকাঙ্ক্ষী, তাঁদের জন্য এগুলো আদর্শ।”

১. ফিন্যান্সিয়াল ম্যানেজার—বার্ষিক বেতন ১ লাখ ৬১ হাজার ৭০০ ডলার, ৫৩ শতাংশ নারী (ব্যাচেলর ডিগ্রি)

২. হিউম্যান রিসোর্সেস ম্যানেজার—১ লাখ ৪০ হাজার ৩০ ডলার, ৭৬ শতাংশ নারী (ব্যাচেলর ডিগ্রি)

৩. ফার্মাসিস্ট—১ লাখ ৩৭ হাজার ৪৮০ ডলার, ৬০ শতাংশ নারী (ফার্মেসিতে পিএইচডি)

৪. ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট—১ লাখ ৩৩ হাজার ২৬০ ডলার, ৭৩ শতাংশ নারী (মাস্টার ডিগ্রি)

৫. পাবলিক রিলেশনস ও ফান্ডরাইজিং ম্যানেজার—১ লাখ ৩২ হাজার ৮৭০ ডলার, ৭০ শতাংশ নারী (ব্যাচেলর ডিগ্রি)

৬. নার্স প্র্যাকটিশনার—১ লাখ ৩২ হাজার ৫০ ডলার, ৮৮ শতাংশ নারী (মাস্টার ডিগ্রি)

৭. ভেটেরিনারিয়ান—১ লাখ ২৫ হাজার ৫১০ ডলার, ৬৯ শতাংশ নারী (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন)

৮. মেডিকেল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার—১ লাখ ১৭ হাজার ৯৬০ ডলার, ৭৪ শতাংশ নারী (ব্যাচেলর ডিগ্রি)

৯. অকুপেশনাল থেরাপিস্ট—৯৮ হাজার ৩৪০ ডলার, ৮৮ শতাংশ নারী (মাস্টার ডিগ্রি)

১০. স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট—৯৫ হাজার ৪১০ ডলার, ৯৫ শতাংশ নারী (মাস্টার ডিগ্রি)

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু প্রচলিত পুরুষ-প্রধান পেশায় যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সার্জারিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে, তবে এখনো তা স্বীকৃত পর্যায়ে পৌঁছায়নি। ক্যারিয়ার কোচ কোলেন পলসন বলেন, “নারীরা প্রায়ই এমন ক্ষেত্রগুলোয় যোগ দিতে দ্বিধা বোধ করেন, যেখানে তাঁরা একমাত্র নারী হতে পারেন। সমাধান হলো অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি করা।”