যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স টানা দ্বিতীয় বছর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) ২০২৬-এর জরিপে শীর্ষে উঠে এসেছেন। এটি দেশটির রক্ষণশীল গোষ্ঠীর সবচেয়ে বড় সম্মেলন।

এই জরিপ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী কে হতে পারেন, তার পূর্বাভাস দেয় বলা যায়। যদিও এটি সবসময় পুরোপুরি নির্ভুল হয় না।

চলতি বছরের চার দিনব্যাপী সিপিএসি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা কাকে পছন্দ করবেন।

গতকাল শনিবার মঞ্চে ফলাফল ঘোষণা করা হয়। প্রায় ১ হাজার ৬০০ অংশগ্রহণকারীর ভোটে ভ্যান্স একাই ৫৩ শতাংশ পেয়ে শীর্ষে স্থান করে নেন।

ভ্যান্স ছাড়াও জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেক শীর্ষ কর্মকর্তা ভালো অবস্থানে রয়েছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্লোরিডার সাবেক সিনেটর রুবিও ৩৫ শতাংশ ভোট পেয়েছেন।

এটি রুবিওর জন্য উল্লেখযোগ্য অগ্রগতি। গত বছরের সিপিএসি জরিপে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর কয়েক সপ্তাহের মধ্যে সেই জরিপ হয়েছিল।

ওই জরিপে ভ্যান্স পান ৬১ শতাংশ সমর্থন, ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন পান ১২ শতাংশ, এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস পান ৭ শতাংশ ভোট। রুবিও এবং প্রতিনিধি পরিষদের সদস্য এলিস স্টেফানিক—দুজনই পান ৩ শতাংশ করে সমর্থন।

সিপিএসির বার্ষিক এই সম্মেলনে সাধারণত রাজনৈতিকভাবে ডানপন্থীদের বেশি অংশগ্রহণ করে।

চলতি বছরের সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ইরানের বিরোধী নেতা রেজা পাহলভি এবং ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর দুই ছেলে—এদুয়ার্দো ও ফ্লাভিও বোলসোনারো।

ব্রাজিলের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টার অভিযোগে গত সেপ্টেম্বরে জইর বলসোনারো কারাবন্দী হন।