জন্মদিনে সবাই নানাভাবে উদযাপন করে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ক্যাফের মালিক টেড মার্টিনডেলও এর বাইরে নন। তাঁর ৮০তম জন্মদিনের কেক তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এবার তিনি অভিনব কিছু করতে চেয়েছিলেন। ফলে ১৭ ফুট বাই ১৭ ফুট আকারের বিশাল ক্যারট কেক (গাজর দিয়ে তৈরি কেক) তৈরি হয়েছে, যার ওজন ৬ হাজার ৪৪ পাউন্ড।

টেড মার্টিনডেলের ক্যাফে ব্রিটিশ কলাম্বিয়ার কুয়েসনেল শহরে অবস্থিত, নাম গ্র্যানভিল’স ক্যাফে। জন্মদিনের এই বিশাল কেক তৈরিতে তিনি দোকানের আশপাশের বেকারিগুলোর সাহায্য নিয়েছেন।

কেকে ব্যবহৃত হয়েছে ১ হাজার ৭৬০ পাউন্ড গাজর, ৭০০ পাউন্ড মাখন, কয়েক হাজার ডিম এবং প্রায় ২ হাজার পাউন্ড আইসিং। এটি তৈরি করতে এক মাসের বেশি সময় লেগেছে। ৪৩০টি আলাদা কেক তৈরি করে সেগুলো জুড়ে মূল কেক গড়ে তোলা হয়।

তাঁর জন্মদিন ছিল গত বুধবার। সেদিন অনুষ্ঠানস্থলে কেকটি নিয়ে আসা হয়।

এই বিশাল কেক কেটে মার্টিনডেল নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমান রেকর্ডের মালিক ব্রিটিশ কলাম্বিয়ার সারিতে অবস্থিত একটি বেকারি।

২০১৬ সালে তারা ৪ হাজার ৫৭৪ পাউন্ড ওজনের কেক তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিল। মার্টিনডেল দাবি করেছেন, তাঁর কেকের ওজন ছিল প্রায় ৬ হাজার ৪৪ পাউন্ড। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে আনুষ্ঠানিক যাচাই এবং প্রমাণপত্র এখনো বাকি।