যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আবার এত শক্তিশালী হয়ে উঠবে, এটা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতেও পারেননি।
ট্রাম্প বলেন, ‘যুবরাজ বলেন, এটা দারুণ....এক বছর আগেও আপনারা একটি মৃত দেশ ছিলেন। এখন, আপনারা সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ।’
যুবরাজ সালমান একসময় তাঁর সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিলেন বলেও ট্রাম্প মন্তব্য করেন। এবার তিনি সালমানকে কটাক্ষ করে বলেন, ‘এমন কিছু ঘটতে পারে, তা তিনি ভাবতেও পারেননি...তিনি ভাবতেও পারেননি, আমার কাছে তাঁকে মাথা নত করতে হবে..তিনি ভেবেছিলেন, আমি হয়তো অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হব, যে হেরে যায়..কিন্তু এখন তাঁকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়।’
যদিও এসব কথা বলার পর ট্রাম্প দ্রুত সুর বদলে নেন। তিনি সৌদি যুবরাজের প্রশংসা করে তাঁকে ‘চমৎকার মানুষ’ এবং ‘যোদ্ধা’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্ব নিয়ে সৌদি আরব অত্যন্ত গর্বিত হতে পারে।
সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করেছে বলে ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সৌদি আরব লড়েছে, কাতার লড়েছে, সংযুক্ত আরব আমিরাত লড়েছে, বাহরাইন লড়েছে, কুয়েত লড়েছে.. তারা আমাদের সঙ্গে থেকেছে… তারা আমাদের সঙ্গে থেকেছে।’
এমন এক সময়ে ট্রাম্প এসব মন্তব্য করলেন, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এক মাস পূর্ণ করেছে।