প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান পালান্টিয়ার টেকনোলজিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) শ্যাম শঙ্কর বলেছেন, ইরানে চলমান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অভূতপূর্ব ভূমিকা পালন করছে। ব্লুমবার্গ টেলিভিশনকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, আধুনিক যুদ্ধ কৌশলের ইতিহাসে এই যুদ্ধ একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। বিভিন্ন দেশের সামরিক ও গোয়েন্দা সংস্থা পালান্টিয়ারের প্রযুক্তি ব্যবহার করছে, তাই শ্যাম শঙ্করের এই মন্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শ্যাম শঙ্করের দাবি, বর্তমানে যুদ্ধ চললেও ভবিষ্যত প্রজন্ম এই সংঘাতকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করবে। তারা বলবে, এটিই প্রথম বড় মাপের যুদ্ধ, যেখানে প্রযুক্তি ও এআই সত্যিকার অর্থে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরান যুদ্ধে এআই-এর প্রয়োগ কেবল ড্রোন নিয়ন্ত্রণ বা লক্ষ্যবস্তু চিহ্নিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, রসদ ব্যবস্থাপনা এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়িয়েছে। এআই যুদ্ধকে আরও সুনির্দিষ্ট করেছে, যা আগে শুধু বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্রে দেখা যেত। তবে এই স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাব বিশ্বব্যাপী নৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত নতুন বিতর্কের সূত্রপাত করছে।

ইরান যুদ্ধে এআই-এর ব্যাপক ও সফল প্রয়োগ বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে প্ররোচিত করবে বলে মনে করা হচ্ছে। ফলে ভবিষ্যতে যুদ্ধ শুধু অস্ত্রের সংঘাত নয়, অ্যালগরিদমের প্রতিযোগিতায় রূপ নেবে।

সূত্র: ব্লুমবার্গ