দক্ষিণ লেবাননের জেজ্জিন সড়কে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমের একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এতে আল-মানার টিভির সাংবাদিক আলী শুয়াইব এবং আল-মায়াদিন টিভির সাংবাদিক ফাতিমা ফাতুনি প্রাণ হারান। তাঁদের সঙ্গী দুই বেসামরিক নাগরিকও এই হামলায় নিহত হন।
অন্যদিকে, দিনের শুরুতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ প্যারামেডিক নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে। নিহতরা হলেন আদেল আতেফ, হোসেন আলী দারবিশ, হাসান মুসা নূর আল-দিন, আলী হাসান জাহ্হা এবং ইব্রাহিম জাহের আবু জেদ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, “আজ জাওতার আল-গারবিয়াহ শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় নিজেদের মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা শহীদ হয়েছেন।”
ইরানের পাশাপাশি লেবাননেও ইসরায়েল নির্বিচারে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।






