চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী প্রাণ হারিয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণে আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম মো. টমাস উদ্দিন (৩৫), তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে (Md Tomas Uddin) তিনি নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর ফেসবুক প্রোফাইলে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বেশ কিছু ছবি রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

ঘটনা প্রসঙ্গে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “উপজেলার চৌকা এলাকায় বেলা আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকার একটি খেতের পাশে কলাগাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চারজন। পরে তাঁরা পালিয়ে যান।”

ওসি মতিউর রহমান আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি ঠিক কীভাবে ঘটল এবং এই কর্মকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত ছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।