সূর্যকুমার যাদব ভারতের টি–টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি বছর কাটিয়ে দেওয়ার পর সূর্য দেখা পেলেন তাঁর প্রেরণার। বৈভব সূর্যবংশী!

বয়স মাত্র ১৫ বছর হলে কী হবে, এমন সব বিশ্ব রেকর্ড গড়ছেন যেসবের ওজন তাঁর চেয়েও বেশি। অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও বৈভবের মতো ব্যাট করার দুঃসাহস দেখান না। কিন্তু শরীর থেকে এখনো কৈশোরের গন্ধ কাটাতে না পারা বৈভব যেন অন্য ধাতে গড়া মানুষরূপী কোনো ‘ভিনগ্রহের ব্যাটসম্যান’।

গতকাল দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাঁর ৫৩ বলে ২০৪ রানের ইনিংস যেমন; ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ছক্কা মোট ২৮টি!

লিস্ট ‘এ’ ক্রিকেট বাদ দিন, পাড়ার ক্রিকেটে সবচেয়ে দুর্বল বোলারের বিপক্ষেও তো এভাবে ব্যাট করা প্রায় অসম্ভব! কিন্তু সূর্যবংশী সেই অসম্ভবকেই সম্ভব করার পর ভারতীয় ক্রিকেটে সিনিয়র সূর্যের টুইট (এক্স), ‘বৈভব সূর্যবংশী। তুমিই এখন আমার অনুপ্রেরণা। কী দারুণ ক্রিকেটার। স্পেশাল।’

সূর্যবংশী অবশ্যই ‘স্পেশাল’ ক্রিকেটার। আর তাই বরাবরের মতোই কালকের ইনিংসেও অনেক রেকর্ড টুপটাপ ভেঙে পড়ে তাঁর ব্যাটের সামনে। প্রশ্ন হলো, একটু খারাপ সময়ের মধ্যে সূর্যবংশীর ব্যাট হঠাৎ করেই এত ধারাল হলো কীভাবে? এত অল্প সময়ের মধ্যে তাঁকে এতটা প্রস্তুত করলেন কে?

যুবরাজ সিং।

যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা কথা বলেছি। তিনি আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি ২০টি বল খেলতে পারলে স্কোরটা ভিন্ন হবে।

তরুণ প্রতিভাদের যত্ন নিয়ে তাঁদের তারকা বানিয়ে তোলায় হাতযশটা আগেই দেখিয়েছেন যুবরাজ। অভিষেক শর্মা এবং শুবমান গিলের উঠে আসায় বড় অবদান ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী যুবরাজের। সূর্যবংশী জানিয়েছেন, যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের আলাপ তাঁর গতকালের অবিশ্বাস্য ইনিংসটি খেলায় বড় ভূমিকা রেখেছে।

এশিয়া কাপ রাইজিং স্টারস, ঘরোয়া টি–টুয়েন্টি এবং জাতীয় দলের হয়ে টি–টুয়েন্টি মিলিয়ে এর আগে সর্বশেষ ৭ ইনিংসে সূর্যবংশীর কোনো ফিফটি ছিল না। একটু বাজে সময়ই যাচ্ছিল বলা যায়। হন্যে হয়ে উত্তর খুঁজতে থাকা সূর্যবংশী আরব আমিরাত ম্যাচের আগে কথা বলেন চারজন ব্যক্তির সঙ্গে। বিসিসিআই টিভিকে বলেছেন সে কথা, ‘আমি চারজনের সঙ্গে কথা বলেছি। আমার বাবা, শৈশবের কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলে আমার সতীর্থ বন্ধু প্রথম যাচক ও চতুর্থজন ছিলেন যুবরাজ সিং। তাঁর সঙ্গে আমি প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে তিনি আমাকে বেশ কিছু বিষয় বুঝিয়ে বলেছেন, কারণ আমি বেশ দুশ্চিন্তায় ছিলাম।’

যুবরাজের সঙ্গে কী কথা হয়েছিল, সেই গল্পের বাকিটাও শুনুন সূর্যবংশীর মুখেই, ‘যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা কথা বলেছি। তিনি আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি ২০টি বল খেলতে পারলে স্কোরটা ভিন্ন হবে।’

সূর্যবংশী বলে যান, ‘তিনি (যুবরাজ) আমাকে এ কথাও বলেছেন, আমি বেসবল খেললে স্কোরটা ভিন্ন হতো! এর বাইরে খেলার কারিগরি নানা দিক নিয়ে কথা বলেছেন, যেগুলো আজ আমাকে অনেক সাহায্য করেছে।’

ব্যাটিংয়ে নিজের ভুলগুলো বুঝতে উদ্‌গ্রীব ছিলেন সূর্যবংশী। যুবরাজ তাঁর কথাগুলো মন দিয়ে শোনেন এবং মনোযোগ ও ব্যাটিংয়ের কিছু কৌশলগত বিষয় তুলে ধরেন। কাকতালীয় বিষয় হলো, খেলোয়াড়ি জীবনে যুবরাজের ব্যাটিংয়েও অভিষেক এবং সূর্যবংশীর মতো ব্যাক লিফটের পর একটা ঝাঁকি (ব্যাট নামানোর সময়) দেখা যেত। ভারতীয় ক্রিকেটের অন্যতম এ স্টাইলিশ ব্যাটসম্যানের তাই সূর্যবংশীর সমস্যা বুঝতে সুবিধাই হওয়ার কথা।

যুবরাজের পরামর্শ শুনে সূর্যবংশী নিজের আগের ইনিংসগুলোর ভিডিও দেখে বুঝতে পারেন, তাঁর আদর্শ ক্রিকেটার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন, সেগুলোই তিনি করেছেন।

সূর্যবংশীর ভাষায়, ‘অবশ্যই, নিজের আদর্শের সঙ্গে কথা বললে তাঁদের প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনা হয়। তাঁর সব পরামর্শ আমি মন দিয়ে শুনেছি এবং তিনি নির্দিষ্ট বেশ কিছু বিষয় ধরিয়ে দিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখার পর বুঝতে পারি, আমি সত্যিই ওই ভুলগুলো করেছি। তাই (গতকাল) আজ সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি আমাকে যে এক-দুটি বিষয় করতে বলেছিলেন, তা কাজে লাগিয়েছি।’

যুবরাজের পরামর্শ সূর্যবংশী যে শুরু থেকেই মেনেছেন সেটা বোঝা যায় তাঁর পরের কথায়। ক্রিজে গিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলার আগে তাঁকে কয়েকটি বল দেখে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন যুবরাজ। সূর্যবংশীও আরব আমিরাত ম্যাচে ক্রিজে গিয়ে সবার আগে কন্ডিশন বুঝতে কয়েকটি বল দেখে খেলেন। তারপর? সূর্যবংশীর ভাষায়, ‘উইকেটের আচরণ দেখার মানসিকতাই ছিল আমার। কয়েকটা বল দেখে যখন বুঝলাম বল ভালোভাবে ব্যাটে আসছে, তারপর স্বাভাবিক খেলায় আস্থা রাখি।’

ভারতের হয়ে এ পর্যন্ত শুধু ১০টি টি–টুয়েন্টি খেলেছেন সূর্যবংশী। সব ধরনের টি–টুয়েন্টি মিলিয়ে ৪৫ ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ২০০–এর ওপর হওয়ায় তাঁকে শুধু এ সংস্করণের জন্যই বিবেচনা করেন অনেকে। কিন্তু সূর্যবংশীর ইচ্ছা তিনটি সংস্করণেই খেলার। সেই ইচ্ছাটাও জানালেন আবারও, ‘আইপিএলের পর (আহমেদাবাদে) যখন আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তখনই বলেছিলাম যে আমি তিন সংস্করণেই খেলতে পারি। পরিস্থিতি অনুযায়ী আমি আমার খেলা বদলাতে পারি, নিজের খেলার ওপর আমার সেই নিয়ন্ত্রণ আছে।’

বোলাররা সাবধান! সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হলে কিন্তু ছাল–চামড়া আর থাকবে না!