আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) সংঘটিত খুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ ও অপরাধীদের চিহ্নিত করতে দেশব্যাপী জেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে।

এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ বুধবার স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন দল সংশ্লিষ্ট জেলায় গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের একটি উদ্যোগ নিয়েছে।”

চিঠিতে আরও জানানো হয়েছে যে, এই গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ব্যক্তি, নিহত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সরকার এই প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

গণশুনানির কার্যক্রম শুরুর আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিং এবং বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে প্রচার চালানো হবে।

এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে গণশুনানির আয়োজন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে এই বিষয়ে অবহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।