বর্তমান যুগে ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় পাসওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। ইমেইল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট—প্রায় প্রতিটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশের জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তবে সমস্যা হয়ে দাঁড়ায় যখন ব্যবহার করতে হয় অনেকগুলো ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড, যা মনে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। এই জটিলতা এড়াতে অনেকেই এমন পাসওয়ার্ড বেছে নেন যা সহজে মনে রাখা যায়। আর এই ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত পছন্দ বা প্রিয় বিষয়গুলো বড় ভূমিকা পালন করে। আর ফুটবলপ্রেমীদের জন্য তাদের প্রিয় ক্লাবের নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের প্রবণতা অত্যন্ত বেশি।

সাইবার নিরাপত্তা সংস্থা নর্ডপাসের এক বার্ষিক গবেষণায় উঠে এসেছে যে, বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে ফুটবল ক্লাবের নামগুলো ব্যাপক প্রভাব ফেলছে। তবে এই সহজ পাসওয়ার্ড ব্যবহারের পেছনে লুকিয়ে আছে বড় ঝুঁকি। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পাসওয়ার্ড হ্যাকারদের জন্য অত্যন্ত সহজ লক্ষ্য এবং তারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই পাসওয়ার্ডগুলো ভেঙে ফেলতে সক্ষম হয়।

নর্ডপাস গত আট বছর ধরে ‘টপ ২০০ মোস্ট কমন পাসওয়ার্ডস’ নামে একটি সমীক্ষা পরিচালনা করে আসছে। এবারের বিশ্লেষণে জনপ্রিয় সংস্কৃতি এবং পাসওয়ার্ড নির্বাচনের মধ্যকার সম্পর্কটি গভীরভাবে খতিয়ে দেখা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কেবল ফুটবল নয়, বরং রক ব্যান্ড, ভিডিও গেম, বিখ্যাত ক্রীড়াবিদ এবং অ্যানিমের মতো সাংস্কৃতিক অনুষঙ্গগুলোও পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে যেসব দেশে ফুটবলের জনপ্রিয়তা বেশি, সেখানে পাসওয়ার্ডের তালিকায় ক্লাবের নামের আধিক্য স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।

এই গবেষণার তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সাইবার হামলা ও নিরাপত্তা ত্রুটির মাধ্যমে ফাঁস হওয়া তথ্য এবং ডার্ক ওয়েব রিপোজিটরি বিশ্লেষণ করে।

উদাহরণস্বরূপ ব্রাজিলের কথা বলা যায়। দেশটির বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় ২০তম স্থানে রয়েছে ‘ফ্লামেঙ্গো’, যা একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। ১৯তম স্থানে রয়েছে ‘সাও পাওলো’। তবে সাও পাওলো একইসাথে একটি শহরের নাম হওয়ায় এই পাসওয়ার্ডের পেছনে ফুটবলপ্রেমের প্রভাব কতটা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পর্তুগালের তালিকায় দেখা গেছে ‘বেনফিকা১৯০৪’ পাসওয়ার্ডটি জনপ্রিয়, যেখানে ১৯০৪ হলো বেনফিকা ক্লাবের প্রতিষ্ঠাবর্ষ। এছাড়া তালিকায় রয়েছে ‘স্পোর্তিং’ নামটিও, যে ক্লাব থেকে বিশ্বখ্যাত তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ার শুরু করেছিলেন।

ইংল্যান্ডের ব্যবহারকারীদের তালিকায় স্থান পেয়েছে ‘লিভারপুল১’ ও ‘চেলসি’। নেদারল্যান্ডসে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফেইনুর্ড’। অন্যদিকে জার্মানিতে খেলাধুলাভিত্তিক পাসওয়ার্ডের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ‘হ্যান্ডবল১’। ইতালিতে ‘জুভেন্টাস’ ও ‘নাপোলি১৯২৬’ পাসওয়ার্ডগুলো বেশ প্রচলিত। সেখানে ‘রোনালদো১’ নামটিও ব্যবহৃত হয়। তবে এই রোনালদো কে—জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ইন্টার মিলান ও এসি মিলানে খেলা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও—তা স্পষ্ট নয়।

লাতিন আমেরিকার দেশগুলোতেও একই চিত্র দেখা গেছে। মেক্সিকোতে ২০তম স্থানে রয়েছে ‘ক্রুজ আজুল’ এবং চিলিতে ১৮তম স্থানে রয়েছে ‘কোলো কোলো’। এছাড়া চিলির ব্যবহারকারীদের মধ্যে ‘কোলোকোলো১’ নামটিও বেশ জনপ্রিয়।

সমীক্ষাটি যেভাবে পরিচালিত হয়েছে:
নর্ডপাস তাদের সহযোগী প্রতিষ্ঠান নর্ডলেয়ার ইন্টেলিজেন্স এবং স্বতন্ত্র সাইবার নিরাপত্তা গবেষকদের সহায়তায় এই সমীক্ষাটি সম্পন্ন করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সাইবার হামলা ও নিরাপত্তা ত্রুটিতে ফাঁস হওয়া তথ্য এবং ডার্ক ওয়েব রিপোজিটরি বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে মোট ৪৪টি দেশের ব্যবহারকারীদের পাসওয়ার্ডের ধরন উঠে এসেছে। উল্লেখ্য, গবেষণার জন্য কোনো ব্যক্তিগত তথ্য সরাসরি কেনা বা সংগ্রহ করা হয়নি; বরং আগে থেকেই সাইবার নিরাপত্তা ঘটনায় উন্মুক্ত হয়ে পড়া তথ্যগুলো ব্যবহার করা হয়েছে।

তবে গবেষকরা মনে করেন, পাসওয়ার্ড নির্বাচনের অনুপ্রেরণা এবং সেটি ব্যবহারের সময় এক নাও হতে পারে। যেমন, আশির দশকের কোনো রক ব্যান্ডের ভক্ত হয়তো সম্প্রতি সেই ব্যান্ডের নামে পাসওয়ার্ড তৈরি করেছেন, আবার অনেকে কৈশোরে তৈরি করা পাসওয়ার্ডই সারা জীবন ব্যবহার করে আসছেন। নর্ডপাসের পূর্ববর্তী গবেষণাতেও দেখা গেছে, অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এখনো তাদের কৈশোরের তৈরি করা পুরনো পাসওয়ার্ড দিয়ে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখছেন, যা সাইবার নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।