স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট আটটি ভিন্ন ক্যাটাগরিতে ১৭৮টি শূন্য পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী পদভিত্তিক বিস্তারিত বিবরণ, গ্রেড, বেতন ও যোগ্যতার তালিকা নিচে দেওয়া হলো:
১. পরিসংখ্যানবিদ: মোট ৬টি পদ। এই পদের গ্রেড ১৪তম (বেতন স্কেল ২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকা আবশ্যক।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: মোট ৪টি পদ। এটি ১৬তম গ্রেডের পদ (বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা)। প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
৩. কোল্ড চেইন টেকনিশিয়ান: ১টি পদ। গ্রেড ১৫তম (বেতন স্কেল ২২,৮০০–৫৫,২০০ টাকা)। স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান: ২টি পদ। গ্রেড ১৫তম (বেতন স্কেল ২২,৮০০–৫৫,২০০ টাকা)। স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫. ওয়ার্ড মাস্টার: ১টি পদ। গ্রেড ১৬তম (বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা)। স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. স্টোরকিপার: ২টি পদ। গ্রেড ১৬তম (বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা)। স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
৭. স্বাস্থ্য সহকারী: সবচেয়ে বেশি ১৫৫টি পদ। গ্রেড ১৬তম (বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা)। স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্ত হিসেবে প্রার্থীকে সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদনের সুযোগ পাবেন।
৮. অফিস সহায়ক: ৭টি পদ। গ্রেড ২০তম (বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা)। স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা ও শর্তাবলী:
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য শুধুমাত্র এসএসসি বা সমমানের সনদে প্রদত্ত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে; কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদন ফি ও পদ্ধতি:
আবেদন ফরম সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ফি জমা দিতে হবে। ১৪তম থেকে ১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)। ২০তম গ্রেডের (অফিস সহায়ক) পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডের পদের আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। শূন্য পদের বিস্তারিত তালিকা সিভিল সার্জন কার্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।
স্মরণীয় তারিখ:
অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।