একটি সাদাকালো ছবি। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে, যার মাথায় ঝাঁকড়া চুল এবং মুখে মিষ্টি হাসি। মেয়েটির গালে স্নেহভরে ঠোঁট ছুঁইয়ে আছেন এক তরুণ। তাঁদের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ফুটবল। ছবিটির দিকে তাকালে মনে হয়, পৃথিবীর সব ব্যস্ততা ভুলে বাবা তাঁর মেয়ের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছেন।
২০২৬ সালের ৩০ অক্টোবর। এই দিনে বেঁচে থাকলে ডিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন হতো। তাঁর মেয়ে জিয়ানিনা ম্যারাডোনা ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন। অন্যদিকে, আরেক মেয়ে দালমাও বাবার স্মৃতিচারণ করে লিখেছেন আবেগঘন কিছু কথা।
ছবির মানুষটি আজ ছয় বছর আগে পৃথিবী ছেড়েছেন। আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তবে তাঁর প্রয়াণের পরও পারিবারিক লড়াই থামেনি; বরং সময়ের সাথে সাথে সেই দ্বন্দ্ব আরও জটিল রূপ নিয়েছে। ফুটবল মাঠে ম্যারাডোনা ছিলেন এক বিস্ময়। কখনো তিনি হয়ে উঠেছিলেন ‘ঈশ্বরের বাঁ পা’, আবার কখনো বিদ্রোহী এক শিল্পী। তবে মাঠের বাইরের জীবনটি ছিল অত্যন্ত এলোমেলো। সম্পর্ক, বিতর্ক, আসক্তি আর অস্বীকারের গল্পে ঘেরা ছিল তাঁর ব্যক্তিগত জীবন। তাঁর সন্তানদের সংখ্যাও সেই জটিল জীবনেরই একটি অংশ।
দীর্ঘদিন ধরে ম্যারাডোনা দাবি করে আসছিলেন যে, তাঁর সন্তান মাত্র দুজন—স্ত্রী ক্লাউদিয়া ভিয়াফানের ঘরে জন্ম নেওয়া দালমা ও জিয়ানিনা। ১৯৮৭ সালে দালমার জন্ম এবং ১৯৮৯ সালে জন্ম নেন জিয়ানিনা। এই দুই মেয়েকে কেন্দ্র করেই শুরু হয়েছিল তাঁর পারিবারিক জীবনের গল্প। তবে সময়ের সাথে সাথে সেই পরিবারের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
ইতালির ক্রিস্তিয়ানা সিনাগ্রার সঙ্গে সম্পর্কের ফলে জন্ম নেন ডিয়াগো জুনিয়র। ১৯৯৩ সালে ইতালির একটি আদালত রায় দেয় যে, ম্যারাডোনাই তাঁর বাবা। যদিও সেই সময়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিএনএ পরীক্ষা করাতে রাজি হননি, তবে ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি তাঁকে সন্তান হিসেবে স্বীকৃতি দেন।
ভালেরিয়া সাবালাইনের সঙ্গে সম্পর্কের ফলে জন্ম নেন জান। তাঁকেও আদালতের দীর্ঘ লড়াইয়ের পর স্বীকৃতি দিতে হয়েছিল ম্যারাডোনাকে। আর সবচেয়ে ছোট সন্তান হলেন ডিয়াগো ফের্নান্দো, যাকে সবাই ‘দিয়েগুইতো’ বলে ডাকে। ২০১৩ সালে সাবেক সঙ্গিনী ভেরোনিকা ওহেদার কোলে জন্ম তাঁর। এই সন্তানের পিতৃত্ব নিয়ে কোনো বিতর্ক ছিল না, ম্যারাডোনা নিজেই তাঁকে স্বীকার করেছিলেন।
আর্জেন্টিনার আদালত এই পাঁচজনকেই ম্যারাডোনার বৈধ উত্তরাধিকারী হিসেবে নিশ্চিত করেছে। যেহেতু তিনি কোনো উইল রেখে যাননি, তাই আইন অনুযায়ী তাঁর সম্পত্তির উত্তরাধিকারী এই পাঁচ সন্তান। তবে সম্ভাব্য সন্তানের সংখ্যা এখানেই শেষ নয়।
২০০০ থেকে ২০০৫ সালের মধ্যবর্তী সময়ে মাদকাসক্তি থেকে মুক্তি পেতে কিউবার হাভানায় বেশ কয়েক বছর কাটিয়েছিলেন ম্যারাডোনা। সেখানকার জীবনযাপন ছিল রহস্যময়। রাতের ক্লাব, পার্টি এবং নানা সম্পর্কের কথা শোনা যায়। তাঁর আইনজীবী মাতিয়াস মোরলার ভাষ্য অনুযায়ী, সেখান থেকেই জন্ম তিন সন্তানের। তাঁদের নাম জোয়ানা, লু এবং জাভিয়েলিতো।
২০১৯ সালের মার্চ মাসে মোরলা জানিয়েছিলেন, ম্যারাডোনা কিউবায় গিয়ে তাঁদের আইনি স্বীকৃতি দেবেন এবং পিতৃত্ব পরীক্ষা করাবেন। অনেক সংবাদমাধ্যম এই তিনজনকে যুক্ত করে ম্যারাডোনার মোট আট সন্তানের কথা লিখেছে। তবে তাঁদের আনুষ্ঠানিক আইনি স্বীকৃতির কোনো নিশ্চিত তথ্য নেই। তাই এখন পর্যন্ত স্বীকৃত সন্তানের সংখ্যা পাঁচজন এবং কিউবার ওই তিনজনকে সম্ভাব্য সন্তান হিসেবেই আলোচনা করা হয়।
ম্যারাডোনার সন্তানদের জীবনও বেশ বৈচিত্র্যময়। কেউ বাবার দেখানো পথে ফুটবলে এগিয়েছেন, কেউ অভিনয় জগতে পরিচিতি পেয়েছেন, আবার কেউ জীবন কাটাচ্ছেন বাবার রেখে যাওয়া উত্তরাধিকার আর আইনি লড়াইয়ের মধ্য দিয়ে।
এর বাইরে আরও দুজন নিজেদের ম্যারাডোনার সন্তান বলে দাবি করেছেন। লা প্লাতার তরুণ সান্তিয়াগো লারা তাঁদের একজন। তাঁর মা নাতালিয়া গারাত ছোটবেলায় মারা যান। মায়ের কাছ থেকেই তিনি জানতে পেরেছিলেন যে, ২০০১ সালে ম্যারাডোনার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অন্যজন হলেন মাগালি গিল, যিনি একজন দত্তক নেওয়া মেয়ে। তাঁর দাবি, মা তাঁকে জানিয়েছিলেন যে তাঁর বাবা ম্যারাডোনা হতে পারেন।
ম্যারাডোনার মৃত্যুর পর লারার আইনজীবী আদালতে আবেদন করেন যেন ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ম্যারাডোনার কবর খুঁড়ে মরদেহ তোলা হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় লারাকে ম্যারাডোনার ছেলে হিসেবে পাওয়া যায়নি। গিলের ক্ষেত্রেও একই ধরনের ফলাফলের কথা জানিয়েছে গণমাধ্যম। তবে আদালতের মূল রায় কিংবা পরীক্ষাগারের প্রতিবেদন প্রকাশ্যে না আসায় এই ফলাফলগুলোকে চূড়ান্ত বলা যাচ্ছে না। লারার পক্ষ থেকেও আপিল করার সুযোগ রাখা হয়েছে।
দালমা ও জিয়ানিনা আর্জেন্টিনার বিনোদন জগতের পরিচিত মুখ। দালমা একজন অভিনেত্রী। শৈশবে ‘সেবোইতাস’ নামের একটি টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। এছাড়া বাবার মৃত্যুর মামলায় তিনি আদালতে সাক্ষ্যও দিয়েছেন। জিয়ানিনাও বাবার স্মৃতি ও উত্তরাধিকার নিয়ে অত্যন্ত সোচ্চার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই বাবার পুরোনো ছবি ও স্মৃতি শেয়ার করে আবেগ প্রকাশ করেন।
ইতালিতে জন্ম নেওয়া ডিয়াগো জুনিয়র বেছে নিয়েছেন ফুটবলের পথ। খেলোয়াড়ি জীবন শেষ করে তিনি কোচিংয়ে এসেছেন। ইতালির কাম্পানিয়া অঞ্চলের আঞ্চলিক লিগের কয়েকটি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া স্পেনের ইবারা দলেও কাজ করেছেন। ২০২৫ সালের নভেম্বরে পোর্তিচি ক্লাবের দায়িত্ব নিলেও ২০২৬ সালের জানুয়ারিতে দুই পক্ষের সম্মতিতে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর তাঁর নতুন কাজ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জানার জীবন ছিল ভিন্ন। বাবার মৃত্যুর পর আইনি লড়াই এবং বোনদের সঙ্গে মতবিরোধের কারণে তিনি বেশি আলোচনায় এসেছেন। ২০২৫ সালে বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাবার সঙ্গে আইনি লড়াই যেন তাঁর সারা জীবনের ব্যাপার। তবে তিনি আশাবাদী। তাঁর কথায়, “আইন আমাকে একটা পরিচয় দিয়েছে, পৃথিবীতে একটা জায়গা দিয়েছে।”
সবচেয়ে ছোট সন্তান ডিয়াগো ফের্নান্দো বর্তমানে মায়ের কাছে বড় হচ্ছেন। ২০১৩ সালে জন্ম নেওয়া এই কিশোর এখন কৈশোরের দোরগোড়ায়। জানার মতে, এই ছোট ভাইটিই বাবার মন নরম করেছিল এবং অন্য সন্তানদের স্বীকৃতি দেওয়ার পথে তাঁকে এগিয়ে দিয়েছিল। তবে তাঁর জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব বেশি নেই।
ফুটবল ইতিহাসে ম্যারাডোনার নাম অমর হয়ে থাকবে আরও বহু বছর। তাঁর বাঁ পায়ের জাদু, ১৯৮৬ বিশ্বকাপ, ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিশ্বাস্য গোল এবং আরেকটি গোলের বিতর্ক—সবই ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অম্লান থাকবে। একইভাবে মাঠের বাইরের ম্যারাডোনাকে নিয়ে আলোচনাও খুব সহজে শেষ হওয়ার নয়।