‘ইশ্‌ আমি যদি এ বিষয়ে ভর্তি না হয়ে ওই বিষয়ে ভর্তি হতাম!’—বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচে এমন আক্ষেপ করা শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, পরিবারের চাপে এমন একটি বিষয় বেছে নিয়েছে শিক্ষার্থী, যা তার পছন্দের সাথে মেলে না। আবার কেউ কেউ অন্যের প্রভাবে এমন বিষয়ে স্নাতক করছে, যা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার এমন পরিস্থিতিও তৈরি হয়, যেখানে শিক্ষার্থী একটি নির্দিষ্ট ডিসিপ্লিনে পড়াশোনা শুরু করলেও পরে বুঝতে পারে যে বিষয়টি তার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। এই ধরনের বিভ্রান্তি এড়াতে বিশ্ববিদ্যালয়ের বিষয় নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন।

ভবিষ্যৎ অনিশ্চিত। আজকের দিনে যে বিষয়টি অত্যন্ত ডিমান্ডিং বা চাহিদাসম্পন্ন, কাল তা হয়তো গুরুত্ব হারাবে। সময়ের সাথে সাথে সুযোগের মানচিত্র বদলে যেতে পারে, তবে হাতে সঠিক কম্পাস এবং মাথায় নির্দিষ্ট গন্তব্য থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ক্যারিয়ারের এই কম্পাস হিসেবে কাজ করবে কিছু মৌলিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার মাধ্যমেই একজন শিক্ষার্থী তার সঠিক পথটি নির্বাচন করতে পারবে। পরিকল্পনা সাজাতে সহায়ক সেই ছয়টি প্রশ্ন নিচে আলোচনা করা হলো:

প্রথম প্রশ্নটি হলো, তুমি যে সাবজেক্টে পড়াশোনা করতে চাও, সে সাবজেক্টে পড়াশোনা করে এখন পেশাগত জীবনে কাজ করছে—এমন কারও সঙ্গে কথা বলেছ কি? মানুষের অনেক কথা থাকবে, তবে যারা ইতিমধ্যে সেই পথে হেঁটেছেন, তারাই সবচেয়ে কার্যকর পরামর্শ দিতে পারবেন। তাই পছন্দের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিষয়ের সিনিয়রদের ফেসবুক বা লিংকডইনের মাধ্যমে যোগাযোগ করে তাদের বর্তমান পেশাগত জীবন এবং ফিল্ডের অবস্থা সম্পর্কে জেনে নেওয়া উচিত। অন্তত ১৫-২০ জনকে মেসেজ করলে কেউ না কেউ অবশ্যই সাড়া দেবেন।

দ্বিতীয় প্রশ্ন, তোমার প্রস্তুতি নেওয়া কি সম্ভব? স্বপ্ন দেখার পাশাপাশি বাস্তবসম্মত প্রস্তুতি থাকা জরুরি। সাধারণত শিক্ষার্থীরা ৪-৫টি বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করে প্রস্তুতি নেয়। যদি একই ডিসিপ্লিনের ৪-৫টি বিষয় নেওয়া হয়, তবে প্রস্তুতি সহজ হয়। যেমন—ইইই, সিএসই বা এমই সাবজেক্টের জন্য শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই চলে, ফলে অনেক অপশন খোলা থাকে। কিন্তু যদি ইইই-এর পাশাপাশি মার্কেটিং বা ফাইন্যান্সের ইচ্ছা থাকে, তবে দুটি ভিন্ন ডিসিপ্লিনের প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ—উভয় লাইনের পড়াশোনা করতে হবে, যা মেধা ও পরিশ্রমের ওপর নির্ভর করে।

তৃতীয় প্রশ্নটি হলো, তুমি কি শিক্ষকতা করতে চাও কি না। বাংলাদেশে শিক্ষকতা পেশায় আসতে হলে সাধারণত একই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হয়, যা একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বা লং কমিটমেন্ট। তাই শিক্ষক হতে চাইলে একই ডিসিপ্লিনে পড়াশোনা চালিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে। যদিও বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে মাল্টিডিসিপ্লিনারি বা ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে দেশে সেই গুরুত্ব কতটুকু পাওয়া যাবে তা নির্ভর করবে শিক্ষার্থী দেশে থাকবে নাকি বিদেশে যাবে তার ওপর।

চতুর্থ প্রশ্ন, তুমি কী ধরনের পেশা চাইছ, সেটা কি তুমি জানো? কিছু বিষয়ে পড়াশোনা করলে কাজ হবে মূলত টেকনিক্যাল, আবার কিছু বিষয়ে মানুষের সাথে সরাসরি কাজ করতে হয়। যদিও সব পেশাতেই মানুষের সাথে মিথস্ক্রিয়া থাকে, তবে তার মাত্রা ভিন্ন। যেমন—বিজনেস ফিল্ডের মার্কেটিং বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পড়াশোনা করলে করপোরেট চাকরির সুযোগ বেশি থাকে এবং সেখানে মানুষকে বোঝা ও তাদের নিয়ে কাজ করাই হয় মূল স্পেশালাইজেশন। অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে টেকনিক্যাল ও অ্যাপ্লিকেশন-নির্ভর কাজের সুযোগ বেশি থাকে।

পঞ্চম প্রশ্ন, তুমি কি দেশে থাকতে চাও, নাকি বিদেশ যেতে চাও? বর্তমানে অনেকেই বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেন এবং মাস্টার্স বা পিএইচডি করে বাইরে যেতে চান। এক্ষেত্রে বিজ্ঞানের ডিমান্ডিং সাবজেক্টগুলোতে পড়াশোনা করলে বিদেশে বৃত্তি নিয়ে যাওয়ার সুযোগ ‘তুলনামূলকভাবে’ বেশি থাকে।

ষষ্ঠ প্রশ্ন, সাবজেক্টটা কি তোমার সঙ্গে যায়? নিজের পছন্দ-অপছন্দ বোঝা অত্যন্ত জরুরি। যারা সংখ্যা বা নম্বর নিয়ে কাজ করতে পছন্দ করেন, তারা ফাইন্যান্স বা ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট বিষয়গুলো নিতে পারেন। আর যারা মানুষের সাথে কাজ করতে আগ্রহী, তাদের জন্য মার্কেটিং বা ম্যানেজমেন্ট ভালো বিকল্প হতে পারে। ব্যক্তিগত স্বভাবের কথা চিন্তা করাও প্রয়োজন। উদাহরণস্বরূপ, লেখক নিজেই একজন ইন্ট্রোভার্ট মানুষ হওয়া সত্ত্বেও শিক্ষকতা পেশায় সারাক্ষণ মানুষের সাথে ডিল করতে হয়। যদিও তিনি শিক্ষকতা পছন্দ করেন, তবুও মাঝেমধ্যে এটি বেশ স্ট্রেসফুল হয়ে দাঁড়ায়। তাই বিষয় নির্বাচনের সময় ব্যক্তিগত পছন্দের কথা গুরুত্ব দেওয়া উচিত, যদিও বাস্তব জীবনে অনেকের ক্ষেত্রে এই বিলাসিতা সম্ভব হয় না।

ভর্তির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধান্তের স্বচ্ছতা এবং মোমেন্টাম। কোন কোন সাবজেক্টে আবেদন করা হবে তা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। রুটিন অনুসরণ এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করা এক্ষেত্রে বেশ সহায়ক হতে পারে। মোমেন্টাম ধরে রাখতে পারলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

সবশেষে মনে রাখতে হবে, পৃথিবীতে এমন কেউ নেই যে ভবিষ্যৎ দেখতে পারে। তাই শতভাগ নিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, কিছু বিষয় অজানাই থেকে যাবে। অনেকটা বাজি ধরার মতো অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হয় এবং সেখানে ঝুঁকি সব সময়ই থাকে। তবে থেমে থাকা চলবে না, গতিতে থাকতে হবে। সর্বোচ্চ চেষ্টা করে একটি সিদ্ধান্ত নিয়ে তাতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একবার সিদ্ধান্ত নেওয়ার পর আর পেছন ফিরে তাকানো চলবে না; দৃষ্টি রাখতে হবে কেবল সামনের দিকে।