প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে এবং রাতে প্রশান্তির ঘুমের জন্য বর্তমানে অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ওপর নির্ভর করেন। আবার শীতকালে ঘরের তাপমাত্রা বাড়াতেও এসির প্রয়োজন হয়। তবে এসির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা গেলেও মাস শেষে উচ্চ বিদ্যুৎ বিলের চাপে পড়তে হয় সাধারণ ব্যবহারকারীদের। এই দীর্ঘস্থায়ী সমস্যার এক কার্যকর সমাধান খুঁজে পেয়েছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক। তারা বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন। ‘নেসকড’ নামের এই পদ্ধতিতে ঘর ঠান্ডা করার জন্য কোনো কম্প্রেসর ও বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না। ফলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রচলিত ধারণাকেই বদলে দিতে পারে নতুন এই পদ্ধতি।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, নেসকড শব্দের পূর্ণরূপ হলো ‘নো ইলেকট্রিসিটি অ্যান্ড সাসটেইনেবল কুলিং অন ডিমান্ড’ বা বিদ্যুৎবিহীন ও চাহিদা অনুযায়ী টেকসই শীতলীকরণ। এই পদ্ধতিটি তৈরি করা হয়েছে সার উৎপাদনে বহুল ব্যবহৃত রাসায়নিক যৌগ অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে, যার ফলে কোনো বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। এই প্রযুক্তির মূল কৌশলটি হলো, অ্যামোনিয়াম নাইট্রেট যখন পানিতে দ্রবীভূত হয়, তখন সেখানে একটি তাপগ্রাহী বা এন্ডোথার্মিক বিক্রিয়া ঘটে। এই বিশেষ প্রক্রিয়ায় এটি আশপাশের পরিবেশে তাপ ছড়ানোর পরিবর্তে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। এর ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ঘরের তাপমাত্রা ৭৭ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস) থেকে কমে ৩৮ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩.৩ ডিগ্রি সেলসিয়াস) নেমে আসে।

এই পদ্ধতিটি কেন অত্যন্ত কার্যকর, তা নিয়ে গবেষকরা বিস্তারিত জানিয়েছেন। যদি এটি কেবল একবার ঠান্ডা করার পদ্ধতি হতো, তবে এর বিশেষত্ব খুব একটা থাকত না। কিন্তু নেসকডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এটি শুধু সূর্যের আলো ব্যবহার করেই নিজেকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিতে বা রিসেট করতে পারে। এই প্রক্রিয়ায় প্রথমে লবণ তাপ শোষণ করে পানিতে গলে যায়। পরবর্তীতে সূর্যের তাপে সেই পানি বাষ্পীভূত হয়ে যায় এবং অ্যামোনিয়াম নাইট্রেট পুনরায় স্ফটিক বা দানাদার আকারে ফিরে আসে, যা পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। এছাড়া সৌর পাতনপ্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভূত পানিও পুনরুদ্ধার করা সম্ভব হয়, যার ফলে পানির অপচয় প্রায় শূন্যের কোঠায় থাকে। যতক্ষণ সূর্যের আলো থাকবে, ততক্ষণ এটি একটি নিরবচ্ছিন্ন চক্রের মতো কাজ করে যাবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০ শতাংশই ব্যয় হয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালাতে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং মানুষের স্বস্তির চাহিদা বাড়ার কারণে ২০৫০ সালের মধ্যে এই চাহিদা তিন গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এমন এক সংকটের সময়ে বিদ্যুৎবিহীন এই কুলিং সিস্টেম বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য এক বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।