স্রেফ নিজের একটা খামখেয়ালি শখ মেটাতেই একবার রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন। এক ইন্টেরিয়র ডিজাইনার তাঁকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন তাঁর ম্যানহাটনের বিলাসবহুল বাড়ির একটি অংশ যেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত আলেকজান্ডার প্যালেসের ‘মভ রুম’-এর আদলে রং করেন।

এপস্টিন আগে আলেকজান্ডার প্যালেসের সেই কক্ষটি নিজ চোখে দেখতে চাইলেন। আর সে লক্ষ্যে ২০০২ সালের নভেম্বরে একটি ব্যক্তিগত উড়োজাহাজে চেপে উড়াল দেন রাশিয়ার উদ্দেশ্যে। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ সমাজকর্মী গিলেন ম্যাক্সওয়েল এবং ফরাসি মডেল স্কাউট জ্যাঁ-লুক ব্রুনেল।

মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ফ্লাইট রেকর্ড, ফরাসি কৌঁসুলিদের প্রতিবেদন এবং ওই সফরের বিষয়ে অবগত দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুর পরও এপস্টিনকে নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত, আদালতের মামলা এবং সাধারণ মানুষের তীব্র আগ্রহ কমেনি। কংগ্রেসের চাপে ট্রাম্প প্রশাসন এপস্টিনের বিরুদ্ধে হওয়া সরকারি তদন্তের নথিপত্র প্রকাশ করেছে এক বছর হলো। তবে ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।

যাত্রাপথে মস্কোতে বিরতির সময় সশস্ত্র দেহরক্ষীবেষ্টিত বুলেটপ্রুফ গাড়িতে চড়ে একটি রেস্তোরাঁয় পার্টি করতে যান এপস্টিন, ম্যাক্সওয়েল ও ব্রুনেল। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন ম্যাক্সওয়েলের বন্ধু ও ধনাঢ্য চেচেন ব্যবসায়ী উমর জাবরাইলভ।

বিষয়টি সম্পর্কে অবগত ওই দুই ব্যক্তির ভাষ্যমতে, পার্টি শেষে এপস্টিন তাঁর গাড়িচালককে মস্কোর তভেরস্কায়া সড়ক ধরে গাড়ি চালাতে বলেন, যাতে তিনি রাতের বেলা ওই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের দেখতে পারেন।

ফ্লাইট রেকর্ড থেকে আগেই জানা গিয়েছিল, ২০০২ সালে এপস্টিন রাশিয়ায় গিয়েছিলেন। দেশটিতে তাঁর যে দুটি সফর সম্পর্কে জানা যায়, এটি তার একটি। তবে ২০০২ সালে তিনি কেন রাশিয়ায় গিয়েছিলেন, কিংবা ওই সফর কীভাবে দেশটির সঙ্গে তাঁর গভীর সম্পর্কের সূত্রপাত করেছিল, তা ওই দুই ব্যক্তিই প্রথম জানিয়েছেন।

এপস্টিনের জীবন ও নারী-কিশোরী পাচারের নেটওয়ার্ক ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি এখনো রহস্যে ঘেরা। নির্ভরযোগ্য তথ্যের অভাবে এ নিয়ে নানা জল্পনা ও ষড়যন্ত্রতত্ত্ব ডালপালা মেলেছে।

রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, রুশ তরুণী ও কিশোরীদের প্রতি এপস্টিনের তীব্র আকর্ষণ থেকে দেশটির সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রপাত। পরে তা রুশ ধনকুবের (অলিগার্ক) ও ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তোলা এবং খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার একটি বড় চেষ্টায় রূপ নেয়।

মৃত্যুর পরও এপস্টিনকে নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত, আদালতের মামলা এবং সাধারণ মানুষের তীব্র আগ্রহ কমেনি। কংগ্রেসের চাপে ট্রাম্প প্রশাসন এপস্টিনের বিরুদ্ধে হওয়া সরকারি তদন্তের নথিপত্র প্রকাশ করেছে এক বছর হলো। তবে ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।

এপস্টিনের নির্যাতন ও পাচারের শিকার নারী-কিশোরী এবং তাঁদের আইনজীবীরা এখনো বিচারের দাবিতে লড়ছেন। রয়টার্সের আগের এক খবরে বলা হয়েছে, এই বিষয়ে মুখ খোলায় তাঁদের কাউকে কাউকে প্রকাশ্যে আক্রমণেরও শিকার হতে হচ্ছে। পাশাপাশি বিচার বিভাগের কাছে আরও নথি প্রকাশের দাবি উঠছে। যুক্তরাজ্য, নরওয়েসহ কয়েকটি দেশে এখনো এপস্টিনের কর্মকাণ্ডের তদন্ত চলছে।

রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ফাঁদে ফেলার উদ্দেশ্যেই মূলত তাঁদের প্রতি এপস্টিনের আগ্রহের শুরুটা হয়েছিল। মডেলিংয়ের সুযোগ ও নানা প্রলোভন দেখিয়ে তিনি তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যেতেন।

তবে এপস্টিনের জীবন ও নারী-কিশোরী পাচারের নেটওয়ার্ক ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি এখনো রহস্যে ঘেরা। নির্ভরযোগ্য তথ্যের অভাবে এ নিয়ে নানা জল্পনা ও ষড়যন্ত্রতত্ত্ব ডালপালা মেলেছে।

এর মধ্যে একটি ষড়যন্ত্রতত্ত্ব হলো, এপস্টিন রুশ গোয়েন্দাদের হয়ে কাজ করতেন। এই দাবির পেছনে গিলেন ম্যাক্সওয়েলের বাবা রবার্ট ম্যাক্সওয়েলের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গটি টেনে আনা হয়। রবার্ট ছিলেন একজন ব্রিটিশ গণমাধ্যম ব্যবসায়ী। ব্রিটিশ, রুশ ও ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হতো।

মার্চে এক বক্তৃতায় ডেমোক্র্যাট সিনেটর শেলডন হোয়াইটহাউস বলেন, ‘এপস্টিন সম্পর্কে অনেক কিছুই এখনো অজানা। আর বারবার এসব বিষয় রাশিয়ার সঙ্গে গিয়ে মিলে যায়।’

তবে রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, এপস্টিন রুশ গোয়েন্দাদের হয়ে কাজ করার, রুশ সরকারের পক্ষে কোনো ভূমিকা রাখার বা পুতিনের সঙ্গে দেখা করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রাশিয়ার সঙ্গে এপস্টিনের সম্পর্কের বিষয়ে জানেন, এমন দুই ডজনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা। তাঁদের মধ্যে নয়জন এপস্টিনকে ব্যক্তিগতভাবে চিনতেন। পাশাপাশি মার্কিন বিচার বিভাগের শত শত পৃষ্ঠার নথি, ফ্লাইটের রেকর্ড, আদালতের কাগজপত্র ও ই–মেইল যাচাই করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে পুতিনের দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ফাঁদে ফেলার উদ্দেশ্যেই মূলত তাঁদের প্রতি এপস্টিনের আগ্রহের শুরুটা হয়েছিল। মডেলিংয়ের সুযোগ ও নানা প্রলোভন দেখিয়ে তিনি তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যেতেন।

রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তত ১৭ জন নারী যৌন পাচারের চক্রের ফাঁদে পড়েছিলেন। তাদের মধ্যে তিনজন শত শত ভুক্তভোগীর মতো ন্যায়বিচারের দাবিতে লড়ছেন।

২০০৮ সালে ফ্লোরিডায় দোষী সাব্যস্ত হন এপস্টিন। তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কে জড়ানোসহ দেহব্যবসার অভিযোগ ছিল। ১৩ মাস কারাভোগের পর তিনি অভিজাত সমাজে নিজের হারানো জায়গা ফিরে পেতে রাশিয়াকে বেছে নেন।

রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক অবস্থান পুনরুদ্ধারের পাশাপাশি তিনি যৌন শোষণের জন্য নারী সংগ্রহ এবং রুশ নাগরিকদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টাও চালিয়ে যান।

মার্কিন বিচার বিভাগের নথি অনুযায়ী, ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় পুরোটা সময়ই এপস্টিনের কাছে রাশিয়ার ভিসা ছিল। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ২০১৯ সালে ৬৬ বছর বয়সে ম্যানহাটনের কারাগারে তাঁর মৃত্যু হয়।

২০০৮ সালে ফ্লোরিডায় দোষী সাব্যস্ত হন এপস্টিন। তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কে জড়ানোসহ দেহব্যবসার অভিযোগ ছিল। ১৩ মাস জেল খাটার পর তিনি অভিজাত সমাজে নিজের হারানো জায়গা ফিরে পেতে রাশিয়াকে বেছে নেন।

রাশিয়ায় এপস্টিনের যে দুটি সফর সম্পর্কে জানা যায়, তার প্রথমটি ছিল ১৯৯৮ সালে। সে সময় তিনি সারোভ নামের একটি শহরে গিয়েছিলেন। সামরিক ও শিল্পকারখানার জন্য গুরুত্বপূর্ণ এই শহরটি এতটাই গোপনীয় ছিল যে কয়েক দশক ধরে কোনো মানচিত্রে এর অস্তিত্ব ছিল।

নথিপত্রের তথ্য অনুযায়ী, এপস্টিন দ্বিতীয়বার রাশিয়া যান ২০০২ সালে। তখন তাঁর গন্তব্য ছিল সেন্ট পিটার্সবার্গ। ওই সফরে তিনি ও তাঁর সঙ্গীরা রাশিয়ার সাবেক রাজপরিবারের বাসভবন ‘ক্যাথরিন প্যালেসে’ গিয়েছিলেন। এর মাত্র দুই দিন আগেই সেখানে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন পুতিন। তাঁর কাছেই ছিল আলেকজান্ডার প্যালেস।

এপস্টিন শেষ পর্যন্ত তাঁর পরিচিত ইন্টেরিয়র ডিজাইনার আলবার্তো পিন্টোর পরামর্শ অনুযায়ী ওই প্যালেসের ‘মভ রুম’ বা ‘লিলাক রুম’ দেখতে গিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

রাশিয়ার সঙ্গে এপস্টিনের সম্পর্ক কেমন ছিল, তা বোঝার জন্য পর্যাপ্ত নথিপত্র সংগ্রহ করা এবং যাচাই করা কঠিন। কারণ, এর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ অনেকেই মারা গেছেন।

২০১৯ সালের আগস্টে কারাগারে এপস্টিনের মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। ২০২২ সালে প্যারিসের কারাগারে ফরাসি মডেল এজেন্ট জ্যঁ-লুক ব্রুনেলের মৃত্যুকেও আত্মহত্যা বলা হয়েছিল। আর চলতি বছরের মার্চে এপস্টিনের নথিতে রুশ-চেচেন ব্যবসায়ী উমর জাবরাইলভের নাম আসার কয়েক সপ্তাহ পর মস্কোর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম পুলিশ সূত্রের বরাতে উমরের মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে উল্লেখ করে। এপস্টিন ও উমর, দুজনের স্বজনেরা আত্মহত্যার এই দাবি নিয়ে আপত্তি তুলেছেন। তবে তাঁদের হত্যা করার কোনো প্রমাণও পাওয়ানি।

বিচারে নিজেকে নির্দোষ দাবি করলেও শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হন গিলেন ম্যাক্সওয়েল। কিশোরীদের যৌন নির্যাতনে এপস্টিনকে সহায়তা করার দায়ে টেক্সাসের একটি ফেডারেল কারাগারে ২০ বছরের সাজা ভোগ করছেন তিনি।

গত বছর মার্কিন বিচার বিভাগের কর্মকর্তাদের গিলেন বলেন, এপস্টিনের সঙ্গে তাঁর বাবা রবার্ট ম্যাক্সওয়েলের কখনো দেখা হয়নি। এ বিষয়ে তিনি নিঃসন্দেহে সাক্ষ্য দিতে পারবেন। ম্যাক্সওয়েলের ভাই ইয়ান ম্যাক্সওয়েলও রয়টার্সকে বলেন, তাঁর জানা ও বিশ্বাস অনুযায়ী, তাঁর বাবার সঙ্গে এপস্টিনের কখনো দেখা হয়নি।

রাশিয়ায় খুব কম গেলেও ক্রমেই প্রভাবশালী রুশ ব্যক্তিদের নিজের গড়ে তোলা অভিজাত বলয়ে টানার চেষ্টা করেছিলেন এপস্টিন। অর্থনীতি, বিজ্ঞান, ফ্যাশন ও শিল্পকলার জগতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে বছরের পর বছর ধরে তিনি এই অভিজাত বলয় তৈরি করেছিলেন। নিউইয়র্ক, পাম বিচ এবং যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে নিজের ব্যক্তিগত দ্বীপে বসেই তিনি রুশভাষী দুনিয়ার গভীরে সম্পর্ক গড়ে তোলেন।

রুশ নারী ও কিশোরীরা

রাশিয়ার তরুণী মডেলদের ঘিরেই এপস্টিনের সঙ্গে দেশটির সম্পর্কের শুরু।

১৯৮৯ সালের নভেম্বরে বার্লিন প্রাচীরের পতনের পর সোভিয়েত ইউনিয়নও বাইরের বিশ্বের জন্য দরজা খুলতে শুরু করে। তখন নতুন মডেলের খোঁজে প্রাগ থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত ছুটে বেড়াতে থাকেন পশ্চিমা ফ্যাশন এজেন্সিগুলোর প্রতিনিধিরা।

তাঁদের একজন ছিলেন ফরাসি ফ্যাশন এজেন্ট জ্যঁ-লুক ব্রুনেল। প্যারিসের কারিন মডেলস এজেন্সির হয়ে পূর্ব ইউরোপ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে তরুণী মডেল সংগ্রহ করতেন তিনি। তাঁদের প্যারিসে নিয়ে যেতেন। সেখান থেকে মার্কিন এজেন্সিগুলো উত্তর আমেরিকার জন্য মডেল বাছাই করত। এপস্টিন ও ব্রুনেলকে চিনতেন এমন মার্কিন মডেলিং এজেন্ট জোয়ি হান্টার এসব তথ্য জানান।

সাবেক মডেল থিসিয়া হুইসম্যান জানান, ১৯৯১ সালের সেপ্টেম্বরে প্যারিসের অভিজাত এলাকা অ্যাভিনিউ হোশেতে নিজের অ্যাপার্টমেন্টে পার্টির আয়োজন করেছিলেন ব্রুনেল। মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার আশায় নেদারল্যান্ডস থেকে সেখানে এসেছিলেন হুইসম্যান। পার্টিতে সৌদি আরবের ব্যবসায়ী এবং চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া ও রাশিয়ার মডেলেরাও ছিলেন।

হুইসম্যানের ভাষ্য, রাশিয়ার এক কিশোরীকে পার্টির বেশির ভাগ সময় এপস্টিনের কোলে বসে থাকতে দেখা যায়। তখন তিনি এপস্টিনকে শুধু ‘জেফরি’ নামে চিনতেন। পরে সংবাদমাধ্যমে ছবি দেখে তাঁকে শনাক্ত করেন। মেয়েটি তাঁকে বলেছিল, ব্রুনেল তাঁকে প্যারিসে আসার বিমানের টিকিট কিনে দিয়েছেন এবং সুপারমডেল বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

মেয়েটির বয়স দেখে সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করেছিলেন হুইসম্যান। তিনি বলেন, ‘মেয়েটি বলেছিল, মডেলিংয়ের কাজ ভালো নয়। কিন্তু জেফরি আমার দেখাশোনা করেন।’ হুইসম্যানের বয়স তখন ১৮। তাঁর ভাষায়, মেয়েটি তাঁর চেয়ে স্পষ্টতই অনেক ছোট ছিল।

ওই পার্টির ঘটনা কিংবা রুশ মেয়েটির পরিচয় ও বয়স যাচাই করতে পারেনি রয়টার্স।

২০১৯ সালে করা এক ফৌজদারি মামলায় হুইসম্যান অভিযোগ করেন, পার্টির প্রায় এক সপ্তাহ পর ব্রুনেল তাঁকে ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেছিলেন। মৃত্যুর আগে ফরাসি তদন্তকারীদের কাছে অভিযোগ অস্বীকার করেন ব্রুনেল।

হুইসম্যান বলেন, নিউইয়র্ক থেকে ফ্রান্সগামী একটি উড়োজাহাজে এপস্টিনের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। তবে কবে, তা মনে করতে পারেননি। তদন্ত চলাকালে মারা যান ব্রুনেল। তাঁর বিচার হবে কি না, সে সিদ্ধান্ত তখনো নেননি কৌঁসুলিরা।

এপস্টিন ও ব্রুনেলের প্রথম পরিচয়ের সময় নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে ফরাসি কৌঁসুলিদের নথিতে দেখা যায়, ব্রুনেল এপস্টিনকে বন্ধু বলতেন। তাঁর ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসেও গিয়েছেন।

১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তত দিনে ভিক্টোরিয়াস সিক্রেটের মতো অন্তর্বাসের ব্র্যান্ডের পেছনের ধনকুবের ব্যবসায়ী লেস ওয়েক্সনারের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করে এপস্টিন কয়েক মিলিয়ন ডলারের মালিক হয়েছেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনে তাঁর বাড়িটি হয়ে ওঠে তারকা, ধনকুবের ও প্রভাবশালী রাজনীতিকদের আড্ডাস্থল।

ওয়েক্সনারের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। নারীদের ও কিশোরীদের ওপর এপস্টিনের যৌন নির্যাতনের বিষয়ে কিছুই জানতেন না বলে বারবার দাবি করেছেন ওয়েক্সনার। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এক কমিটিকে তিনি বলেন, ‘বিশ্বসেরা এক প্রতারকের ফাঁদে পড়েছিলাম।’

১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তত দিনে ভিক্টোরিয়াস সিক্রেটের মতো অন্তর্বাসের ব্র্যান্ডের পেছনের ধনকুবের ব্যবসায়ী লেস ওয়েক্সনারের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করে এপস্টিন কয়েক মিলিয়ন ডলারের মালিক হয়েছেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনে তাঁর বাড়িটি হয়ে ওঠে তারকা, ধনকুবের ও প্রভাবশালী রাজনীতিকদের আড্ডাস্থল।

রুশ মডেল ও তরুণীদের সঙ্গে এপস্টিনকে প্রায়ই দেখা যেত। ফ্যাশনশিল্পে কাজ করা দুজন ব্যবস্থাপক রয়টার্সকে জানিয়েছেন, এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ এক রুশ মডেলকে তাঁরা চিনতেন। তাঁর নাম আনা মালোভা।

১৯৯৩ সালে ২২ বছর বয়সে মস্কোয় মিস রাশিয়া প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন মালোভা। ১৯৯৬ সালে বাহামা দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ‘আমেরিকান ড্রিম ক্যালেন্ডার’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মডেলিং জগতে পরিচিতি পান তিনি। প্রতিযোগিতায় অংশ নেওয়া দুজন মডেল ও একটি ছবির সূত্রে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

সৌন্দর্য প্রতিযোগিতার জগতে তখন বেশ প্রভাবশালী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী জর্জ হোরানির সঙ্গে যৌথভাবে ওই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তিনি। রয়টার্সকে হোরানি বলেন, এপস্টিন নিয়মিত প্রতিযোগিতার বিচারকদের দলে থাকতেন। তিনি প্রায়ই ট্রাম্পের পাশে বসতেন।

১৯৯৮ সালে ব্রুনেল মালোভাকে নিউইয়র্কে কারিন মডেলসের কার্যালয়ে নিয়ে যান। মডেলিং এজেন্ট জোয়ি হান্টার জানান, সেখানে মালোভা এজেন্সিটির সঙ্গে চুক্তি করেন।

১৯৯৯ সালে এপস্টিনের ব্যক্তিগত উড়োজাহাজে ক্যারিবীয় অঞ্চল থেকে ফ্লোরিডার পাম বিচে গিয়েছিলেন মালোভা। তাঁর সঙ্গে ছিলেন গিলেন ম্যাক্সওয়েল এবং যুক্তরাজ্যের অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর, যিনি তখন প্রিন্স অ্যান্ড্রু নামে পরিচিত ছিলেন।

মালোভা ও অ্যান্ড্রুর এক আইনজীবী এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ২০২৫ সালে সাবেক এই রাজপুত্রের রাজকীয় মর্যাদা কেড়ে নেওয়া হয়। যৌন অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

প্যারিসে কারিন মডেলসের বর্তমান ব্যবস্থাপক রুথ মালকাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে তিনি এর আগে জানিয়েছিলেন, ২০০০-এর দশকের শুরুর দিকে ব্রুনেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এজেন্সিটি।

মালোভা যেভাবে এপস্টিনের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকেছিলেন, রাশিয়ার তরুণীদের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে একই ধরনের একটি প্রবণতা দেখা যায়। মডেলিং এজেন্সি ও প্রতিযোগিতার সূত্রে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া হতো ধনী ও প্রভাবশালী পুরুষদের সঙ্গে। পরে তাঁদের অনেকেই এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসের সঙ্গে যুক্ত ওই বলয়ে ঢুকে পড়তেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, দ্বীপটিতে এপস্টিন নারী ও কিশোরীদের পাচার করে নিয়ে যেতেন এবং তাঁদের যৌন নির্যাতন করতেন।

সারোভ সফর

১৯৯৮ সালের এপ্রিলে প্রথমবার রাশিয়া সফরে যান জেফরি এপস্টিন। তাঁর গন্তব্য ছিল সারোভ। এটি ছিল একটি গোপন শহর, যেখানে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র কর্মসূচির বড় একটি অংশ পরিচালনা করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের তৎকালীন জ্যেষ্ঠ নির্বাহী নাথান মাইরভোল্ডের নেতৃত্বে একটি সফরদলের সঙ্গে সারোভে যান এপস্টিন। কম খরচে সফটওয়্যার তৈরির সুযোগ খুঁজতে মাইরভোল্ড রাশিয়ার কয়েকটি শহর ঘুরছিলেন। ১৯৯৮ সালে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস সাময়িকীতে প্রকাশিত এক বিবরণে এ তথ্য উঠে আসে।

সারোভে এপস্টিন কী করেছিলেন, তা নিয়ে আগে খুব বেশি তথ্য জানা যায়নি। সফরসঙ্গী এস্থার ডাইসন জানান, তাঁরা সোভিয়েত পদার্থবিদ আন্দ্রেই সাখারভের সাবেক বাড়ি ঘুরে দেখেছিলেন।

এ সময় এক রুশ বিজ্ঞানীর কাছে এপস্টিন জানতে চেয়েছিলেন, তিনি সর্বশেষ কবে বেতন পেয়েছেন। রয়টার্সকে ডাইসন বলেন, এপস্টিন কেন সফরে গিয়েছিলেন, তা তাঁর কাছে পরিষ্কার ছিল না। তাঁর ধারণা, মাইরভোল্ডের সঙ্গে দেখা করা ও শহর ঘুরে দেখাই ছিল এপস্টিনের উদ্দেশ্য।

এটি ছিল এপস্টিনের রাশিয়া সফরের মাত্র দুটি নথিভুক্ত ঘটনার একটি। তবে দেশটির সঙ্গে তাঁর অনেক যোগাযোগ তৈরি হয়েছিল বিশ্বের ধনী ও প্রভাবশালীদের বিভিন্ন আয়োজনে।

২০০১ সালের মে মাসে ফ্রান্সের সেন্ট-ট্রোপেতে ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের জন্মদিনের অনুষ্ঠানে এপস্টিন ও গিলেন ম্যাক্সওয়েলের পরিচয় হয় রুশ-চেচেন ধনকুবের জাবরাইলভের সঙ্গে। এক বছর পর মস্কোয় নৈশভোজে তাঁদের আতিথ্য দিয়েছিলেন তিনি।

এপস্টিনের মতো জাবরাইলভেরও মডেল ও সুন্দরী প্রতিযোগিতার প্রতি আগ্রহ ছিল। পরিচিতজনদের ভাষ্য অনুযায়ী, তিনি নিয়মিত এসব প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করতেন। মৃত্যুর কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে ম্যাক্সওয়েলকে নিজের ‘আত্মার সঙ্গী’ বলেছিলেন জাবরাইলভ।

সেন্ট-ট্রোপের ওই অনুষ্ঠানে ১৭ বছর বয়সী ভার্জিনিয়া জিউফ্রেও উপস্থিত ছিলেন। তাঁর আইনজীবীদের ভাষ্য, ২০০০ সালে ট্রাম্পের মার-এ-লাগো ক্লাবে স্পা সহকারী হিসেবে কাজ করার সময় গিলেন ম্যাক্সওয়েল তাঁকে নিয়োগ করেছিলেন। তখন জিউফ্রে কিশোরী ছিলেন। ট্রাম্প ও এপস্টিনকে ওই বছর একই ক্লাবে ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গিয়েছিল।

তবে ২০১১ সালে দেওয়া এক বিবৃতিতে গিলেন ম্যাক্সওয়েল দাবি করেন, জিউফ্রে তাঁকে নিজের বয়স ১৮ বছর বলে জানিয়েছিলেন। পরে ২০১৭ সালে গোপন সমঝোতায় জিউফ্রের করা মানহানির মামলাটির নিষ্পত্তি হয়।

জিউফ্রে পরে অভিযোগ করেন, এপস্টিন তাঁকে প্রভাবশালী ব্যক্তিদের কাছে যৌন নিপীড়নের উদ্দেশ্যে পাচার করেছিলেন। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও তাঁদের মধ্যে ছিলেন। গত বছর আত্মহত্যা করেন জিউফ্রে।

এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ট্রাম্প ‘সম্পূর্ণভাবে দায়মুক্ত’ হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস। তিনি বলেন, এপস্টিনকে বিকৃত রুচির মানুষ মনে করতেন ট্রাম্প। তাই, একপর্যায়ে ট্রাম্প তাঁর মার-এ-লাগোতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

ক্যাম্পবেলের একজন আইনজীবীও বলেছেন, ২০১৯ সালে এপস্টিন গ্রেপ্তার হওয়ার আগে তাঁর অপরাধ সম্পর্কে ক্যাম্পবেল কিছু জানতেন না।

রুশ নারীদের নিয়ে এপস্টিনের নেটওয়ার্ক

২০০৩ সালে রুশ নারীদের সঙ্গে এপস্টিনের যোগাযোগের পরিধি আরও বৃদ্ধি পায়। ওই বছর জ্যঁ-লুক ব্রুনেল মিয়ামিতে ‘কারিন মডেলস অব আমেরিকা’ নামে একটি মডেলিং এজেন্সি খোলেন। দুই বছর পর এর নাম বদলে রাখা হয় ‘এমসি২ মডেলস ম্যানেজমেন্ট’।

ফরাসি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ব্রুনেল বলেছিলেন, এজেন্সিটিকে ৩ লাখ ডলারের ঋণ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন এপস্টিন। পরে ঋণটি পরিশোধ করা হয়। তবে ঋণের অর্থ কোথা থেকে এসেছিল এবং তা পরিশোধ করা হয়েছিল কি না, সে তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স।

সংশ্লিষ্ট দুজনের ভাষ্য অনুযায়ী, এমসি২ মূলত রাশিয়া থেকে মডেল সংগ্রহ করত। রুশ মডেলদের যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও দিত তারা। আর তাঁদের থাকার জন্য অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করতেন এপস্টিন।

এভাবে এমসি২-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়া নারীদের একজন ছিলেন রুশ মডেল হওয়ার স্বপ্ন দেখা স্বেতলানা পোজিদায়েভা। তাঁর ভাষ্য, ২০০৮ সালে প্যারিসে এপস্টিনের সঙ্গে পরিচয় হয় তাঁর। তখন তাঁর বয়স প্রায় ২৩ বছর। পরের বছর এপস্টিন তাঁকে অন্তর্বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিক্টোরিয়াস সিক্রেটে মডেল হওয়ার চুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে যান।

এমসি২-এর সঙ্গে চুক্তির পরের বছর এপস্টিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন পোজিদায়েভা। রয়টার্সকে তিনি বলেন, মাঝেমধ্যে রাশিয়াসংক্রান্ত কাজও দিতেন এপস্টিন। একবার মস্কোয় তাঁর জন্য অ্যাপার্টমেন্ট খুঁজতে বলেছিলেন।

নথিপত্রে দেখা যায়, সেখানে থাকার কথা ভাবলেও শেষ পর্যন্ত তা করেননি এপস্টিন। তবে পোজিদায়েভার মূল কাজ ছিল এপস্টিনের শরীর মালিশ করে দেওয়া। এ সময় এপস্টিন নিয়মিত তাঁকে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তিনি।

পোজিদায়েভার ভাষ্য, কাজে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি এপস্টিনের জালে আটকা পড়েন। তাঁর ভিসার ব্যবস্থা করেছিল এমসি২, আর থাকার অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন এপস্টিন। তাঁর নিজের কোনো ব্যাংক হিসাবও ছিল না। চিকিৎসাসহ সব খরচ দিতেন এপস্টিন। তবে এসব খরচ তাঁর নামে ঋণ হিসেবে তালিকাভুক্ত করা হতো।

পোজিদায়েভা বলেন, ওজন নিয়ে এপস্টিনের চাপের কারণে তাঁর খাওয়াদাওয়ার সমস্যা তৈরি হয়। ধীরে ধীরে তিনি নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছিলেন। রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে এপস্টিনের রাজনৈতিক যোগাযোগ ছিল বলে তাঁর ভয় হতো। পালিয়ে গেলে এপস্টিন তাঁর বা তাঁর পরিবারের ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কাও ছিল তাঁর।

একপর্যায়ে এপস্টিন নিউইয়র্কে কূটনৈতিক পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন পোজিদায়েভাকে। কিন্তু সেই চাকরি আর হয়নি। বরং জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে নিজের ছবি তুলে অনলাইনে প্রকাশ করতে বলেছিলেন এপস্টিন, যাতে মনে হয় তিনি সেখানে কোনো পদে কাজ করছেন। পোজিদায়েভা বলেন, এপস্টিনের নির্দেশ মেনেই তিনি কাজটি করেছিলেন।

সে সময় এমসি২-এর শীর্ষ ব্যবস্থাপক ছিলেন জেফ ফুলার। মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। ফ্লোরিডার ব্যবসায়িক নথি অনুযায়ী, মিয়ামির এজেন্সিটি ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। একই নামের ইসরায়েলি একটি মডেলিং এজেন্সি জানিয়েছে, মিয়ামির প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে এপস্টিনের যোগাযোগের আরেকটি উদ্দেশ্য ছিল নতুন নতুন নারীর সঙ্গে পরিচিত হওয়া। রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, তাঁর জীবনের শেষ ১০ বছরে ওই অঞ্চলের অন্তত ৯ জন নারী নিজেদের বন্ধু বা পরিচিত নারীদের সঙ্গে এপস্টিনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁদের বেশির ভাগই ছিলেন রুশ।

২০১৩ সালের ইমেইলে এক নারী এপস্টিনকে তিনজন সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন।

পুতিনের সঙ্গে বৈঠকের চেষ্টা

২০০৯ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচের বাড়িতে এক বছরের গৃহবন্দিত্ব কাটানোর সময় রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা জোরদার করেন এপস্টিন। তাঁর সঙ্গে দেখা হওয়া ধনী রুশদের কাছে নিজেকে আর্থিক বিষয়ে দক্ষ ব্যক্তি হিসেবে তুলে ধরতেন। বলতেন, তাঁদের আর্থিক কাজে সহায়তা করতে পারবেন। এ তথ্য জানিয়েছেন এমন কয়েকটি বৈঠকে উপস্থিত এক ব্যক্তি।

এপস্টিনের যোগাযোগ ছিল রুশ আবাসন ব্যবসায়ী ভ্লাদিস্লাভ ডোরোনিনের সঙ্গেও। তখন ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ডোরোনিন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ই–মেইল থেকে জানা যায়, ২০১০ সালের বসন্তে নাওমি ক্যাম্পবেলের আয়োজিত মস্কোর একটি দাতব্য অনুষ্ঠানে এপস্টিনকে আমন্ত্রণ জানিয়েছিল ডোরোনিনের কার্যালয়। তবে তিনি সেখানে যাননি।

ওই বছরের জুলাইয়ে এপস্টিনের গৃহবন্দিত্ব শেষ হয়। পরে নিউইয়র্কের বাড়িতে ডোরোনিনকে নৈশভোজে আমন্ত্রণ জানান তিনি। ই–মেইলে ডোরোনিনকে নৈশভোজের জন্য ধন্যবাদ জানাতে দেখা যায়। মস্কোর একটি আবাসন প্রকল্প নিয়েও এপস্টিন তাঁকে পরামর্শ দিয়েছিলেন।

ধাতু ব্যবসায়ী রুশ ধনকুবের ওলেগ দেরিপাস্কার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন এপস্টিন। তবে তাঁদের আদৌ দেখা হয়েছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এপস্টিনকে চিনতেন এমন দুজনের ভাষ্য, এপস্টিন দেরিপাস্কার সঙ্গে নিজের সম্পর্কের গভীরতার কথা প্রায়ই বলতেন।

২০১১ সালের সেপ্টেম্বরে রাশিয়া সফরের পরিকল্পনা করেছিলেন এপস্টিন। বিচার বিভাগের প্রকাশ করা ই–মেইলে দেখা যায়, তাঁর এক কর্মী লিখেছিলেন, এপস্টিনের রুশ দেহরক্ষী ইগর জিনোভিয়েভ জানিয়েছেন, পুতিনের সঙ্গেও এপস্টিনের বৈঠকের কথা রয়েছে। তবে শেষ পর্যন্ত সফরটি বাতিল হয়।

এপস্টিনকে চিনতেন এমন তিনজনের বিশ্বাস, পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের কোনো আয়োজনই করা হয়নি। তাঁদের একজন বলেন, পুরো বিষয়টিই ছিল সাজানো নাটক।

২০১৪ সালে প্যারিসে রাশিয়ার অর্থনীতিবিষয়ক উপমন্ত্রী সের্গেই বেলিয়াকভের সঙ্গে পরিচয় হয় এপস্টিনের। বেলিয়াকভ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আয়োজকও ছিলেন। এটি রাশিয়ার বার্ষিক দাভোস সম্মেলনের মতো একটি আয়োজন।

ই–মেইল থেকে জানা যায়, পরবর্তী কয়েক বছর তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। ২০১৫ সালের এপ্রিলে নিউইয়র্কের বাড়িতে নৈশভোজের আয়োজন করে বেলিয়াকভের সঙ্গে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের পরিচয় করিয়ে দেন এপস্টিন।

এর কিছুদিন পর বারাককে অনুরোধ করেন, বেলিয়াকভ যেন রাশিয়ার নেতাদের কাছে তাঁর কথা তুলে ধরেন।

ই–মেইলে এপস্টিন লিখেছিলেন, বারাক যেন বেলিয়াকভকে জানান, পুতিন ও তাঁর উপদেষ্টারা এপস্টিনের সঙ্গে কিছু সময় কাটালে উপকৃত হবেন। নতুন বিশ্বব্যবস্থায় বাজার, মুদ্রা ও আর্থিক ব্যবস্থা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে পারেন তাঁরা।

তবে সংশ্লিষ্ট এক ব্যক্তির ভাষ্য, বারাক সেই বার্তা বেলিয়াকভের কাছে পৌঁছে দেননি।

পুতিনের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে ম্যান্ডেলসনের মতো মধ্যস্থতাকারীদেরও কাজে লাগিয়েছিলেন এপস্টিন। তবে তাতেও সফল হননি।

এপস্টিন রাশিয়ার শীর্ষ পর্যায়ে যোগাযোগের চেষ্টাগুলোর একটি করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী সুলতান আহমেদ বিন সুলায়েমের মাধ্যমে। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। এপস্টিনের নথি অনুযায়ী, তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল অন্তত ২০০৫ সাল থেকে।

ওই বছরের জানুয়ারিতে এপস্টিনের কার্যালয় থেকে বিন সুলায়েমকে পাঠানো এক বার্তায় লেখা হয়েছিল, নিউইয়র্কে সেদিন কখন তিনি শরীর মালিশ করাতে চান, তা জানতে চেয়েছেন এপস্টিন।

২০০৫ সালেই নিউইয়র্কে ভিক্টোরিয়াস সিক্রেটের একটি ফ্যাশন শোতে যোগ দিয়েছিলেন বিন সুলায়েম। অনুষ্ঠানের একটি ছবিতে সামনের সারিতে এপস্টিনের পাশে তাঁকে বসে থাকতে দেখা যায়।

২০১৫ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে দেশটিতে যান বিন সুলায়েম। রাশিয়ার বন্দর ব্যবস্থাপনার সুযোগ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে নতুন সমুদ্রপথে বাণিজ্যের সুযোগ খুঁজছিল রাশিয়া।

বিন সুলায়েম যখন রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন, তখন এপস্টিন তাঁর সহকারী স্বেতলানা পোজিদায়েভার ভাইয়ের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন। ২০১৭ সালের এক ইমেইলে বিন সুলায়েম জানান, তাঁরা ওই ব্যক্তির সাক্ষাৎকার নেবেন। তবে শেষ পর্যন্ত চাকরিটি হয়নি।

এপস্টিনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর গত ফেব্রুয়ারিতে ডিপি ওয়ার্ল্ডের পদ ছাড়েন বিন সুলায়েম। এ বিষয়ে রয়টার্সের প্রশ্ন শুনে তিনি ফোন কেটে দেন। তাঁর এক সহকারীও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

রাশিয়ার প্রভাবশালী মহলে যোগাযোগ তৈরির এত চেষ্টার পরও বড় কোনো ব্যবসায়িক চুক্তি বা প্রকৃত প্রভাব অর্জন করতে পারেননি এপস্টিন। পুতিন ও এপস্টিন দুজনকেই চিনতেন এমন এক ব্যক্তি নিশ্চিত করেছেন, তাঁদের কখনো দেখা হয়নি।

রাশিয়ার সঙ্গে এপস্টিনের সম্পর্কের আরেকটি স্মৃতি রয়ে গেছে নিউইয়র্কে। ২০০২ সালে সেন্ট পিটার্সবার্গ সফর শেষে নিউইয়র্কে ফিরে নিজের বাড়ির প্রধান সিঁড়ির দেয়ালে নতুন রং করিয়েছিলেন তিনি। ছবিতে দেখা যায়, দেয়ালের রং সেন্ট পিটার্সবার্গের প্রাসাদের বিখ্যাত ‘মভ রুম’-এর রঙের সঙ্গে অনেকটাই মিলে যায়।