চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ৬৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত বছরের চারটি প্রান্তিকের গড় সক্ষমতা ছিল ৬৭ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে উৎপাদন পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি, যার সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর।

উৎপাদন সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় আউটপুট এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। বরং গত এক বছরে বৃহৎ ও মাঝারি শিল্পে জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। আগে যেখানে গড়ে বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ছিল ২ ঘণ্টা, তা গত এপ্রিল-জুন প্রান্তিকে বেড়ে ৪ ঘণ্টায় উন্নীত হয়েছে। এই সংকটের কারণে প্রায় ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সমস্যাকেই তাদের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। শিল্পোদ্যোক্তাদের মতে, শিল্পের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত করতে না পারলে কর্মসংস্থান বাড়বে না এবং প্রতিষ্ঠানগুলোর মুনাফা ও সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়বে।

সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো পরিচালিত ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ জরিপের প্রথম ধাপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার বিকেলে বিআইডিএসের কার্যালয়ে এই সূচকের ফলাফল প্রকাশ করা হয়। দেশের উৎপাদনমুখী ১৩০টি কারখানার এপ্রিল-জুন ত্রৈমাসিকের তথ্যের ভিত্তিতে গত বছরের গড় ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করে এই ফলাফল পাওয়া গেছে।

জরিপের মূল তথ্যের সারসংক্ষেপ অনুযায়ী, বস্ত্র খাতে উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি কমেছে এবং উৎপাদনও হ্রাস পেয়েছে। গত বছরের গড় প্রান্তিকের তুলনায় গত এপ্রিল-জুন প্রান্তিকে কর্মসংস্থান ১ শতাংশ কমেছে। এছাড়া বিদ্যুতের গড় লোডশেডিং ২ ঘণ্টা থেকে বেড়ে ৪ ঘণ্টায় পৌঁছেছে।

সূচক প্রকাশের সঙ্গে যুক্ত দুই প্রতিষ্ঠান জানিয়েছে, এখন থেকে প্রতি ত্রৈমাসিকে এই ফলাফল প্রকাশ করা হবে। তারা জানায়, ১৪টি খাতের ১৩০টি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। মূলত চারটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে এই জরিপ চালানো হয়েছে: উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব। উৎপাদন সূচকের আওতায় প্রতিষ্ঠানের উৎপাদন পরিস্থিতি, ক্রয়াদেশ, বিক্রি ও সক্ষমতার ব্যবহার বিবেচনা করা হয়েছে। উপকরণ সূচকে কাঁচামাল, জ্বালানি এবং আমদানি করা উপকরণের প্রাপ্যতা ও দাম অন্তর্ভুক্ত ছিল। কর্মসংস্থান সূচকে শ্রমিকের সংখ্যা, নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হার পরিমাপ করা হয়েছে। আর ব্যবসায়িক মনোভাব সূচকে শিল্পের বর্তমান অবস্থা ও আগামী তিন মাসের প্রত্যাশা যাচাই করা হয়েছে।

ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্সে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিআইডিএস ও বিসিআই জানিয়েছে, ক্ষুদ্র শিল্প অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ হওয়ায় মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে একই সূচকে তাদের অন্তর্ভুক্ত করলে সঠিক চিত্র পাওয়া সম্ভব হয় না।

সূচক প্রকাশ উপলক্ষে বিআইডিএসের আগারগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক এবং সূচকের ফলাফল উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল। সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

উৎপাদনশীল খাতের প্রকৃত কার্যক্ষমতা বা পারফরম্যান্স উদ্ঘাটনের লক্ষ্যেই প্রথমবারের মতো এই সূচক প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে প্রান্তিক ভিত্তিতে এটি প্রকাশ করা হবে। জরিপে ব্যবহৃত ১৪টি খাতের মধ্যে রয়েছে তৈরি পোশাক, টেক্সটাইল ও স্পিনিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, ওষুধ ও রসায়ন, চামড়া ও চামড়াপণ্য, পাট ও পাটপণ্য, খাদ্য প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশল, আসবাব, অটোমোবাইলস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, সিমেন্ট ও সিরামিক, ইস্পাত ও প্লাস্টিক শিল্প। মাঝারি শিল্পের ক্ষেত্রে ১২১ থেকে ১৩০ জন এবং বড় শিল্পের ক্ষেত্রে ৩০০ জনের বেশি শ্রমিক থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিআইডিএসের গবেষক কাজী ইকবাল ফলাফল তুলে ধরে বলেন, উল্লেখিত প্রান্তিকে বস্ত্র খাতে উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি কমেছে। গত বছরের গড় ৭৩ শতাংশ থেকে কমে তা ৫৫ শতাংশে নেমেছে। এই খাতে উৎপাদনও কমেছে ২০ শতাংশ। তবে পোশাক খাতে উৎপাদন কিছুটা বেড়েছে।

উপকরণ সূচকের তথ্যে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ কারখানার কাঁচামালের দাম বেড়েছে এবং পরিবহন খরচ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান সূচকের তথ্যে জানা যায়, গত বছরের গড়ের চেয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কর্মসংস্থান ১ শতাংশ কমেছে। তবে ব্যবসায়িক মনোভাব সূচকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আগামী বছর তারা বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করবে। এজন্য ৪৬ শতাংশ প্রতিষ্ঠান যন্ত্রপাতি আমদানির পরিকল্পনা করেছে এবং ২৪ শতাংশ প্রতিষ্ঠান নতুন উৎপাদন লাইন বাড়ানোর আশা করছে।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকি বলেন, “কর্মসংস্থানমুখী অর্থনীতি তৈরি করা সরকারের অগ্রাধিকার। এ জন্য বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজ বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসে সমাধান বের করা হবে। আর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে নবায়নযোগ্য জ্বালানি এবং নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার।”

সভায় জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “কর্মসংস্থান বাড়েনি—এটা হতাশা ও বিপজ্জনক অবস্থা। কেন শিল্পকারখানাগুলোর পুরো উৎপাদন সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না, সেটা খতিয়ে দেখা উচিত।”

বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, “শিল্পের বিষয়ে বেশির ভাগ সময় সুনির্দিষ্ট তথ্য ছাড়া অনুমাননির্ভর কথা বলা হয়। এ সূচক এখন থেকে নীতি গ্রহণের ক্ষেত্রে তথ্যভিত্তিক সমাধানে সহায়তা করবে।”

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, “এনবিআর নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ছি। ব্যাংক খাত লুট হয়ে গেছে, তাই এখন অনেক কড়াকড়ি দেখা যাচ্ছে।”

অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “সূচকে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার যে তথ্য উঠে এসেছে, সেই সক্ষমতায় কারখানা চালিয়ে লাভ করা যাবে না। কর্মসংস্থান, রাজস্বও বাড়বে না। তাই শিল্পের উৎপাদন সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত করতে হবে।”

সভাপতির বক্তব্যে এ কে এনামুল হক বলেন, “উৎপাদনমুখী শিল্প খাতের গতিপ্রকৃতি বোঝার জন্য এ সূচক চালু করা হয়েছে। একেক সময় একেক প্রতিষ্ঠান থেকে তথ্য নেওয়া হবে। নিজস্ব সূচক না থাকলে যে যার মতো তথ্য দেয়, তাই এই সূচক প্রতি প্রান্তিকে প্রকাশ করা হবে।”

মুক্ত আলোচনায় অংশ নিয়ে একাধিক ব্যবসায়ী জানান, ইস্পাত খাতের বার্ষিক দেড় কোটি টন উৎপাদন সক্ষমতা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ৫৫ লাখ টনের মতো। অথচ এই খাতে প্রায় ১ লাখ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে।