আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হিসেবে আবারও নিজেদের প্রতিষ্ঠিত করল সেনেগাল। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে পরাজিত করে শিরোপা জিতেছিল তারা। তবে ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। সিএএফ-এর সেই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছিল সেনেগাল এবং মঙ্গলবার সেই আপিলে চূড়ান্ত জয় পেয়েছে তারা।
এই বিষয়ে সিএএস তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আফ্রিকা কাপ অব নেশনস মরক্কো ২০২৫-এর ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল গ্রহণ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।’ এই রায়ের ফলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয়লাভ করা সেনেগালের মূল ফলাফলটি পুনরায় বহাল করা হয়েছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফলাফল পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল।
জানুয়ারিতে অনুষ্ঠিত সেই ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর স্বাগতিক মরক্কো একটি পেনাল্টি পায়। রেফারির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাতে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। তবে কিছুক্ষণ পরেই তারা পুনরায় মাঠে ফিরে আসেন এবং খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে একটি গোল করে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সেনেগাল।
কিন্তু মাঠ ছাড়ার এই ঘটনাকে গুরুত্ব দিয়ে সিএএফ-এর আপিল কমিটি সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। তারা আফকনের নিয়মাবলির ৮২ ও ৮৪ নম্বর ধারার কথা উল্লেখ করে জানিয়েছিল, কোনো দল যদি রেফারির অনুমতি ছাড়া খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যায় কিংবা খেলতে অস্বীকৃতি জানায়, তবে সেই দলকে পরাজিত ঘোষণা করে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে।
তবে সিএএস তাদের পর্যবেক্ষণে দেখেছে যে, সেনেগালের খেলোয়াড়েরা শেষ পর্যন্ত মাঠে ফিরে এসেছিলেন। এমনকি রেফারি নিজেও খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালতের মতে, খেলা পুনরায় শুরুর মাধ্যমে রেফারি এটিই বুঝিয়ে দিয়েছেন যে, ম্যাচ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ হয়েছিল। ফলে এই বিশেষ ঘটনায় আফকনের ৮২ ও ৮৪ নম্বর ধারা প্রয়োগ করা সম্ভব নয়।
সিএএসের এই চূড়ান্ত রায়ের ফলে গত মার্চে সিএএফ কর্তৃক নেওয়া সিদ্ধান্তটি বাতিল হয়ে গেছে। এর মাধ্যমে মাঠের লড়াইয়ে অতিরিক্ত সময়ে পাওয়া ১-০ গোলের জয় এবং সেই সাথে আফ্রিকা কাপ অব নেশনসের মর্যাদাপূর্ণ শিরোপা পুনরায় ফিরে পেল সেনেগাল।