বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘ল ফেস্ট ২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে এই আয়োজনে রাখা হয়েছিল একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী এই তিন দিনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এ পেশার সঙ্গে গভীরভাবে জড়িত।”

উপাচার্য জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আইন পেশার মূল লক্ষ্য ন্যায়বিচার নিশ্চিত করা। শিক্ষার্থীদের এমন দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে উঠতে হবে, যাঁরা যথাযথভাবে আইনের প্রয়োগ করতে পারবেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশার জন্য প্রস্তুত হতে ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে ভূমিকা রাখে।”