পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ার ফলে ব্যাংকটিতে আপাতত কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। ফলে ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা আগের মতোই যথারীতি অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রেজোল্যুশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে এখন পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, "দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে।"

কেন এই পদক্ষেপ নেওয়া হলো?

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে যে, বিগত এক দশকেরও বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি এবং সুশাসনের অভাবের মতো পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার কারণে পদ্মা ব্যাংক গভীর চ্যালেঞ্জের মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান এবং তারল্যসহ বিভিন্ন ধরনের পর্যাপ্ত সুযোগ প্রদান করা হলেও ব্যাংকটির আর্থিক সূচকগুলোতে কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার দেখা যায়নি।

এমতাবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা যথাযথভাবে পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা সুদৃঢ় করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, “‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী, রেজোল্যুশনের আওতায় বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজোল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এই প্রক্রিয়ায় ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।”

কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এই সংস্কারমূলক পদক্ষেপ পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অনিয়মের অভিযোগ

২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় সাবেক ফারমার্স ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠতে থাকে। অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রভাবের কারণে এসব অনিয়ম সত্ত্বেও ব্যাংকটির কার্যক্রম সচল ছিল। ব্যাংকটি প্রতিষ্ঠার সময় এর চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

পরবর্তীতে অনিয়ম ও তীব্র আর্থিক সংকটের কারণে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ব্যাপকভাবে হ্রাস পায়। পরিস্থিতি সামাল দিতে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। এরপর ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এর নাম পরিবর্তন করে 'পদ্মা ব্যাংক' রাখা হয়, তবে তাতেও সংকট দূর হয়নি।

সেই সময়ে ব্যাংকটিকে টিকিয়ে রাখার জন্য সরকারি চারটি ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা প্রদান করেছিল।

পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তবে নানা প্রচেষ্টা সত্ত্বেও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ২০২৪ সালের শুরুতে নাফিজ সরাফাত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন নীতিগত সহায়তা ও সুবিধা দেওয়া হলেও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়।

বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে ব্যাংকটির আর্থিক অবস্থার আরও অবনতি ঘটে। এই পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে এবং এই বিষয়ে ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে।