ভারতের উত্তর প্রান্তে অবস্থিত মথুরা ও বৃন্দাবনধাম। মহাভারতের বিভিন্ন কাহিনিতে এই দুই স্থানের বিশেষ মাহাত্ম্যের কথা বর্ণিত হয়েছে। পৌরাণিক বর্ণনা অনুযায়ী, এই পবিত্র ভূমিতেই ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর প্রিয়তমাদের সঙ্গে বিচরণ করতে দেখা যেত।
আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনের যমুনা নদীর তীরে এক বটগাছের নিচে শ্রীকৃষ্ণ ব্রজঙ্গনাদের সঙ্গে রাসলীলায় মেতেছিলেন। হেমন্তের এক মোহিনী রাতে, কার্তিক পূর্ণিমা তিথিতে এই বিশেষ রাস-নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। সেই দিনে কেবল বৃন্দাবনধামই নয়, বরং সমগ্র বিশ্বপ্রকৃতি যেন এক অপরূপ সাজে সজ্জিত হয়ে উঠেছিল এই লীলাকে উদ্ভাসিত করতে। পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নায় নক্ষত্রমণ্ডলীর সঙ্গে আকাশ হয়ে উঠেছিল আলোকময়। ভগবানের এই অপূর্ব রাসলীলা দেখার তীব্র আগ্রহে গাছপালা ও পশুপাখির মনেও বয়ে গিয়েছিল এক অনাবিল আনন্দ।
পৌরাণিক কাহিনি অনুসারে, শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম লীলাটি হলো এই রাসলীলা। সনাতন ধর্মের বিশ্বাসীদের মতে, সকল মানুষের মধ্যেই শ্রীকৃষ্ণ বিরাজমান। তাঁকে বাদ দিয়ে কোনো মানুষই পূর্ণ হয় না। তাই তিনি যেমন সকলের আপনজন, তেমনি তাঁর পর বলে কেউ নেই।
রাস পূর্ণিমা তিথিতেই পালিত হয় রাস-লীলা। এ ‘লীলা’ মানে নৃত্য। মহাভারতে উল্লেখ আছে, গোপিনীরা এই দিনটিতে কৃষ্ণের ডাকের অপেক্ষা করেন। পরমসখা শ্রীকৃষ্ণের লীলা-র জন্য ডাক পেতে উন্মুখ হয়ে থাকেন তাঁরা।
শ্রীকৃষ্ণ প্রেমের এক মূর্ত প্রতীক। পুরুষ-নারী নির্বিশেষে যুগ যুগ ধরে সকলের হৃদয়ে তাঁর এক অমূল্য স্থান রয়েছে। তাই সনাতনীদের বিশ্বাস, তাঁর এই লীলা আসলে এক আত্মার সঙ্গে আরেক আত্মার বিহার, যা মূলত নিজের সঙ্গে নিজেরই লীলাখেলা। তাঁদের বিশ্বাস, এই লীলা মর্ত্যলোকে অবিরামভাবে চলছে এবং রাসলীলা হলো তার এক বিশিষ্ট ও বৈচিত্র্যময় প্রকাশ। গোপিনীদের ব্রতপালন, দীর্ঘদিনের কঠোর তপস্যা এবং কৃষ্ণের প্রতি তাঁদের একান্ত ভালোবাসার অনুরাগের ফলস্বরূপ, তাঁদের তুষ্ট করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ রাসলীলায় অংশগ্রহণ করেন।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, রাস-পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনধামে এসে তাঁর লীলা করতেন এবং দিনভর গোপিনীদের সঙ্গে তাঁর লীলাখেলা চলত। ‘রাস’ শব্দটির উৎপত্তি হয়েছে ‘রস’ শব্দ থেকে। মূলত কার্তিক মাসের শেষ অথবা অগ্রহায়ণ মাসের প্রথম পূর্ণিমাতে ‘রাস’-এর শুভক্ষণ উপস্থিত হয়। অভিধানের ভাষায় ‘রস’ শব্দের অর্থ হলো আনন্দ, দিব্য অনুভূতি কিংবা দিব্য প্রেম ইত্যাদি।
রাস পূর্ণিমাতেই পালিত হয় রাস-লীলা। এ ‘লীলা’ মানে নৃত্য। মহাভারতে আছে, গোপিনীরা এই দিনটিতে কৃষ্ণের ডাকের অপেক্ষা করেন। পরমসখা শ্রীকৃষ্ণের লীলা-র জন্য ডাক পেতে উন্মুখ হয়ে থাকেন তাঁরা।
‘রাসলীলা’-য় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম ‘রাস-নৃত্য’। এই রাসলীলা মূলত পাঁচটি ভাগে বিভক্ত: মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নিত্যরাস। তবে এই পাঁচটির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো মহারাস। এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার, গোপিনীদের রাসালাপ, শ্রীকৃষ্ণের নৃত্য, শ্রীরাধার নৃত্য, গোপিনীদের নৃত্য এবং শ্রীকৃষ্ণের একবার অন্তর্ধান ও পুনরায় প্রত্যাবর্তন পর্যায়ক্রমে চলতে থাকে।
এখানে ভালোবাসা শারীরিক চাহিদার ঊর্ধ্বে উঠে তৈরি করে এক নির্মল ‘মিলনের তিতিক্ষা’। বর্তমান পৃথিবীতে যখন ভালোবাসার এই আদি সত্য ক্রমশ হারিয়ে যাচ্ছে, তখন রাসলীলার এই অসামান্য প্রেমকাহিনি মানবজাতিকে নতুন করে ভালোবাসার বার্তা দিতে পারে। এই লীলার সময় বৃন্দাবনবাসী সকলেই কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে আনন্দময় হয়ে ওঠেন। যমুনা পারের প্রকৃতিও তার আদর্শ রূপ ফুটিয়ে তোলে, যা পুরো পরিবেশকে আরও আনন্দময় করে তোলে। আধ্যাত্মিকতার আবরণে এটি যেন এক অসামান্য প্রেম কাহিনি, যা প্রেমের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এক প্ল্যাটোনিক ভালোবাসায় আবদ্ধ থাকে।
নৃতত্ত্ববিদরা বলেন, ভালোবাসা এখানে ‘শারীরিক’ চাহিদার ঊর্ধ্বে উঠে তৈরি করে এক নির্মল ‘মিলনের তিতিক্ষা’। পৃথিবী থেকে যখন ক্রমশ ভালোবাসার এই আদি সত্য হারিয়ে যাচ্ছে তখন রাসলীলার অসামান্য প্রেমকাহিনি মানবজাতিকে নতুন করে ভালোবাসার বার্তা দিতে পারে।
বৃন্দাবনের পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলেও রাস পালনের রীতি দেখা যায়। বাংলাদেশের মাটিতেও রাস উৎসব উদযাপিত হয়। বিশেষ করে এখানকার মণিপুরী আদিবাসীদের প্রধান উৎসব হলো রাসনৃত্য, যা তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক শৈল্পিক নিদর্শন। এই রাস-নৃত্যে কৃষ্ণ ও রাধার ভূমিকায় অংশ নেয় পাঁচ বছরের কমবয়সী শিশুরা। তাঁদের বিশ্বাস, শিশুদের মধ্যেই এক নির্মল দিব্যকান্তি অস্তিত্ব বিরাজ করে। ১৯২৬ সালে সিলেটে ভ্রমণের সময় রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী আদিবাসীদের এই রাস-নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন। এই নাচের কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবিমনকে ভীষণভাবে আলোড়িত করেছিল এবং পরবর্তীকালে তিনি মণিপুরীদের এই রাস-নৃত্যকে তাঁর সাহিত্য সৃষ্টির আঙিনায় স্থান দেন।
— দীপান্বিতা দে: শিশুতোষ গ্রন্থপ্রণেতা ও প্রাবন্ধিক