জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা, নিরাপদ মাংসের সরবরাহ বাড়ানো এবং পরিবেশদূষণ রোধ করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কসাইখানা নির্মাণ করা হয়েছে। তবে এত বিপুল অর্থ ব্যয় করে নির্মিত স্থাপনাটি বর্তমানে যে অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আধুনিক সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও উদ্বোধনের পাঁচ মাস অতিবাহিত হয়ে গেলেও স্থাপনাটি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

মুক্তকণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, এই অচলাবস্থার মূলে রয়েছে পরিকল্পনাগত সমন্বয়হীনতা, বাজারের বাস্তব পরিস্থিতির সাথে খাপ না খাওয়া এবং সংশ্লিষ্ট অংশীজনদের অনীহা। শেরপুরের ব্যবসায়ীদের অভিযোগ যে, প্রকল্পটি গ্রহণের প্রাক্কালে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এছাড়া বাজার থেকে কসাইখানার দূরত্বের কারণে পরিবহন খরচ এবং শ্রমিক মজুরি বৃদ্ধি পাবে বলে তাঁরা আশঙ্কা করছেন। ব্যবসায়ীদের এই বাড়তি খরচের যুক্তিটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে এলাকার সাধারণ বাসিন্দারা ভিন্ন এক বাস্তবতার কথা বলছেন। তাঁদের মতে, আধুনিক কসাইখানায় পশু জবাইয়ের আগে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। ফলে সেখানে চাইলেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু জবাই করার সুযোগ থাকবে না, যা ব্যবসায়ীদের জন্য অসুবিধাজনক হতে পারে।

এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে প্রশাসনের দায়িত্ব ছিল প্রকল্পের শুরুতেই স্থানীয় বাসিন্দা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা এবং কসাইখানা ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘমেয়াদি প্রচারণা চালানো। তবে এই ধরনের প্রকল্প বা স্থাপনা অচল হয়ে পড়ে থাকার চিত্র কেবল শেরপুরের একক কোনো ঘটনা নয়; বরং এটি আমাদের দেশের উন্নয়ন প্রকল্পগুলোর এক চিরচেনা এবং হতাশাজনক বাস্তবতায় পরিণত হয়েছে। গত ২৭ মে মুক্তকণ্ঠয় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাজধানীর হাজারীবাগ ও কাপ্তানবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৩৩ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করেছিল। উদ্বোধনের পর দীর্ঘ সাত বছরেও সেখানে আর কোনো পশু জবাই হয়নি। (মুক্তকণ্ঠ, ২৭ মে ২০২৬)

যে উদ্দেশ্য নিয়ে শেরপুরে এই কসাইখানা নির্মিত হয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রশাসনের এখন বহুমাত্রিক উদ্যোগ নেওয়া জরুরি। অংশীজনদের বাস্তবতাকে অবহেলা করা যেমন ঠিক হবে না, তেমনি শহরের বাজারগুলোর যত্রতত্র ও উন্মুক্ত স্থানে পশু জবাই অব্যাহত রাখলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাই প্রশাসনের উচিত দ্রুত অংশীজনদের সঙ্গে নিয়ে কসাইখানা সচল করার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা।

আশার কথা এই যে, শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ ব্যবসায়ীদের জন্য পরিবহন সুবিধা এবং প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আমরা মনে করি, কেবল কাগুজে কমিটি গঠন করে বা কঠোর আইনের ভয় দেখিয়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে না। বরং বাস্তবসম্মত ব্যবসায়িক মডেল তৈরি এবং আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক কসাইখানাগুলো অবিলম্বে সচল করা হোক—এটাই আমাদের প্রত্যাশা।