ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী মঙ্গলবার থেকে টানা সাত দিন এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এই পর্যবেক্ষণের মূল লক্ষ্য হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রকৃতপক্ষে কতটি যানবাহন চলাচল করছে তা সঠিকভাবে গণনা করা।
আগামীকাল ভোর ৬টা থেকে শুরু হয়ে টানা ২৪ ঘণ্টা ধরে আগামী সাত দিন বিবিএ’র কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি তত্ত্বাবধানে থাকবেন। তারা যাচাই করবেন যে, প্রতিদিন কত সংখ্যক যানবাহন এই পথে চলাচল করছে। আজ সোমবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা মুক্তকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) বাস্তবায়িত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এই ধরনের একটি বৃহৎ প্রকল্প। এই প্রকল্পের নির্বাহী প্রতিষ্ঠান হলো বিবিএ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ফার্মগেট পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে চালুর পর এফডিইই জানিয়েছিল যে, শুরুতে প্রতিদিন গড়ে ৩০ হাজার যানবাহন চলাচল করেছে। পরবর্তীতে টোল আদায়ের তথ্যের ভিত্তিতে বিবিএ জানায়, বর্তমানে এই সংখ্যা বেড়ে দৈনিক ৭৫ হাজারে দাঁড়িয়েছে।
তবে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা (এসবি) সেতু বিভাগের সচিবের বরাবরে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে উল্লেখ করা হয় যে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রকৃতপক্ষে লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এফডিইই গাড়ির সংখ্যা কমিয়ে দেখাচ্ছে।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বরাবর এসবি-র পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, “গোপন অনুসন্ধানে জানা যায় যে, বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক প্রায় লক্ষাধিক যানবাহন চলাচল করে থাকে। তবে দৈনিক যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানোর লক্ষ্যে কিছু যানবাহনের টোল আদায়ের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হচ্ছে।”
বর্তমানে এই এক্সপ্রেসওয়েতে ব্যক্তিগত গাড়ি, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), ১৬ সিটের কম মাইক্রোবাস এবং ৩ টনের কম হালকা ট্রাকের টোল ৮০ টাকা। এছাড়া ১৬ বা তার বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। চলাচলকারী যানবাহনের বড় একটি অংশই ৮০ টাকা টোল প্রদানকারী।
তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লে অনেক ক্ষেত্রে সফটওয়্যার-জেনারেটেড বা অনলাইন রসিদ না দিয়ে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। এমনকি একই টোল রসিদ বা রসিদের অনুলিপি একাধিক যানবাহনের জন্য পুনরায় ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে। এই ধরনের কারসাজির মাধ্যমে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কমিয়ে দেখানো হচ্ছে, যার ফলে সরকারের প্রাপ্য রাজস্ব যথাযথভাবে আদায় ব্যাহত হচ্ছে।
এই অনিয়মের বিষয়ে গত ১৯ নভেম্বর ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মুক্তকণ্ঠ। এরপর গত রোববার কুড়িলে অবস্থিত এফডিইই’র প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে দুদক জানায়, টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা এবং টোল আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে।
প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা আজ সন্ধ্যায় মুক্তকণ্ঠকে বলেন, “যেহেতু টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে, তাই আমরা এটা যাচাই করে দেখতে চাই। কাল ভোর ৬টা থেকে ২৪ ঘন্টা টানা ৭ দিন ২২টি লেনে বিবিএ’র কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করে যানবাহন কত চলাচল করছে তা পর্যবেক্ষণ করবে। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা ৭ দিন যানবাহন চলাচল পর্যবেক্ষন করা হবে।”
গোলাম মর্তুজা আরও জানান, টোল আদায়ে অনিয়ম এবং তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে গত ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে এফডিইইকে চিঠি পাঠিয়েছে। নির্ধারিত সময় পার হলে এফডিইই-র পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
চুক্তি অনুযায়ী, নির্মাণ কাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান টোল আদায় করবে এবং এরপর তা বিবিএ-র কাছে হস্তান্তর করবে। যদি টানা ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করে, তবে সরকার রাজস্ব পাবে। অন্যদিকে, টানা ১৫ দিন দৈনিক ১৩ হাজারের কম গাড়ি চলাচল করলে সরকার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই-কে ভর্তুকি প্রদান করবে।