সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে হয়রানি—ভুক্তভোগীকে সাহায্য করে পটুয়াখালীর আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’। এই অনন্য উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করেছেন।

ফসলের মাঠে যেমন একা দাঁড়িয়ে দিন-রাত ফসল পাহারা দেয় কাকতাড়ুয়া এবং তার ভয়ে ধারেকাছে আসার সুযোগ পায় না পাখিরা, ঠিক তেমনি সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার ব্যক্তিদের সুরক্ষা দিতে অনলাইনে কাজ করছে আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’।

প্ল্যাটফর্মটি তাদের সীমিত সাধ্যের মধ্যে সাইবার ক্রাইমের শিকার হওয়া ব্যক্তিদের সুরক্ষা প্রদান করছে এবং সমস্যার কার্যকর সমাধানের পথ বাতলে দিচ্ছে। আর এই নিঃস্বার্থ সেবার স্বীকৃতি হিসেবেই এ বছর যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন ইমরান।

বর্তমান সময়ে ইন্টারনেটের প্রভাব বৃদ্ধির সাথে সাথে অনলাইন হয়রানি, ব্ল্যাকমেল, ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং এবং সাইবার প্রতারণার মতো সমস্যাগুলো আশঙ্কাজনকভাবে বেড়েছে। তবে সবাই এই বুলিংয়ের বিপক্ষে কথা বলার সাহস পান না এবং কীভাবে এর সমাধান করতে হয়, সে বিষয়েও অনেকেরই ধারণা নেই। অনলাইনে মুখোমুখি হওয়া যেকোনো সমস্যায় মানুষ যাতে সরাসরি ও দ্রুত সাহায্য পান, সেই লক্ষ্যেই তৈরি হয়েছে ‘কাকতাড়ুয়া’।

পটুয়াখালীতে জন্ম নেওয়া ইমরানের বেড়ে ওঠা চট্টগ্রামে। সেনাবাহিনীতে কর্মরত বাবার চাকরির কারণে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকেই তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার তীব্র ইচ্ছা ছিল তাঁর। তবে অন্তর্মুখী স্বভাবের কারণে সরাসরি মানুষের সামনে গিয়ে কাজ করতে কিছুটা সংকোচ বোধ করতেন তিনি। আর সেখান থেকেই জন্ম নেয় অনলাইনে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা।

শুরুতে তিনি বন্ধুদের ছোটখাটো ডিজিটাল সমস্যার সমাধান করে দিতেন। করোনাকালে যখন দৈনন্দিন জীবনের সবকিছু অনলাইনে চলে যায়, তখন তিনি লক্ষ্য করেন যে শিক্ষার্থীরা নিয়মিতভাবে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার হচ্ছেন।

নিজে যেসব বিষয়ে জ্ঞান ছিল, তা সবার মাঝে ছড়িয়ে দিয়ে সাহায্য করতে শুরু করেন ইমরান। তবে একটি ছোট্ট স্বেচ্ছাসেবী দল নিয়ে প্রত্যেকের ব্যক্তিগত সমস্যা সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ছিল। সেই সময়ে অনলাইনে নিগ্রহের শিকার হলে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দিতেন।

ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে, অনেকেই এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না। বরং তারা নিজেই যদি সমাধানের উপায় খুঁজে পান, তবে তাতে বেশি আগ্রহী হন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা যেন কোনো সংকোচ ছাড়াই নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারেন, সেই উদ্দেশ্যেই তিনি অনলাইন কোর্স চালু করেন। যে কেউ তাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে এই কোর্সটি করতে পারবেন।

এছাড়া সন্দেহজনক কোনো লিংক স্ক্যাম কি না, তা যাচাই করার জন্য তাদের ওয়েবসাইটে রয়েছে ‘ফিশিং লিংক চেকার’। পাসওয়ার্ড লিক হয়েছে কি না তা জানার জন্য রয়েছে ‘পাসওয়ার্ড চেকার’ এবং কোনো ছবি এআই দিয়ে তৈরি কি না, সেটিও চেক করা সম্ভব।

ইমরান বলেন, ‘অনলাইনে কোনো সমস্যায় পড়লে সাবধানতার কথা বলেন, প্রতিকারের কথা বলেন। আমরা কিন্তু শুরু থেকেই সমাধান খুঁজতে চেয়েছি। কারণ, যে বিপদে পড়ে গেছে, তার সাবধানতার থেকে সমাধান বেশি জরুরি।’

বর্তমানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতা দিচ্ছে ‘কাকতাড়ুয়া’। মিমসের মাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি, ওয়েবিনার এবং বিভিন্ন স্কুলে সেমিনারের আয়োজন করছে তারা। আর এই সামগ্রিক উদ্যোগই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক মানের ডায়ানা অ্যাওয়ার্ড।

মজার বিষয় হলো, ১৬ জুলাই প্রথম ই-মেইলটি যখন তিনি পান, তখন ভেবেছিলেন এটি হয়তো কোনো স্ক্যাম বা ফিশিং মেইল। তবে পরে তিনি বুঝতে পারেন যে, ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে দেওয়া পুরস্কারটি তিনি সত্যিই পেয়েছেন। তবে ইমরানের মতে, তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো সাহায্য পাওয়া কোনো ব্যক্তির মুখের হাসি কিংবা কৃতজ্ঞতার বার্তা। এই প্রাপ্তিগুলোই তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।