বাংলাদেশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হতে হলে বিএনপিকে প্রথমেই গণভোটের গণরায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি স্পষ্টভাবে জানান, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা এবং আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এনসিপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে আমরা আপনার যত অপরাধ আছে, এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব।’ গত আট মাসে ব্যবসায়ীদের ওপর চালানো চাঁদাবাজি এবং সাধারণ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, নিহতদের রক্তের প্রতিশোধ তাঁরা অবশ্যই নেবেন।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার সুযোগ তৈরি হওয়া মানেই গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ পাওয়া নয়। তাঁর মতে, আলোচনার দ্বার খুলেছে বলে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার করতে হবে না—এমন ভাবনা আকাশকুসুম কল্পনা। রাজপথের মানুষ গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন বলে তিনি দাবি করেন।
জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, সেখানে আমরা নয়ছয় দেখতে পাচ্ছি।’ পাশাপাশি বিএনপির বিরুদ্ধে হত্যায় জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ আনেন তিনি। তাঁর দাবি, ‘আমরা দেখতে পাচ্ছি, গত আট মাসে যারা আমাদের খুন করেছে, বিএনপি তাদের পুনর্বাসন করেছিল।’ টাকার বিনিময়ে খুনিদের ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, তাঁরা সেই ইতিহাস ভুলে যাননি এবং কোনো সংলাপের দোহাই দিয়ে শহীদদের রক্তের ইতিহাস মুছে যেতে দেবেন না।
আবেগের সাথে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের সংলাপের মুলা ঝোলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।’ নিউমার্কেট এলাকার আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি জানান, এখানে তাঁদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন এবং অনেকে চোখ ও হাত হারিয়েছেন। তাঁদের সেই মর্যাদা রক্ষার্থেই তাঁরা পুনরায় রাজপথে নেমেছেন।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ওসমান হাদি হত্যার বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবির পরিবর্তে বিএনপি আওয়ামী লীগের কথা শুনেছে এবং তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেছে। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ভয় দেখিয়ে বিএনপি এতদিন রাজনীতি করেছে বলে তিনি অভিযোগ করেন। এখন আওয়ামী লীগই বিএনপির সামনে এসে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমানকে এই ‘ভুল’ দ্বিতীয়বার না করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংশোধন হয়ে জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জুলাই গণহত্যার বিচার করুন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করুন।’ ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব কাজের মাধ্যমেই তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি ‘শহীদ জিয়ার সন্তান’। এই দাবিগুলো আদায়েই তাঁরা রাজপথে নেমেছেন।
ভারতের বিষয়ে সরকারের বর্তমান অবস্থানের তীব্র সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, একদিকে ভারতবিরোধিতা করা হবে আর অন্যদিকে পোশাক কারখানা ভারতের কাছে তুলে দেওয়া হবে—এমন দ্বিমুখী রাজনীতি তাঁরা মেনে নেবেন না। ওসমান হাদি হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা এই ধরনের কুসুম কুসুম রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না।’
ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে কোনো দলীয় বিভেদ থাকবে না বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, ‘যদি মোদির প্রশ্ন আসে, যদি ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি নাই। বাংলাদেশে কোনো বিএনপি নাই, বাংলাদেশে কোনো জামায়াত নাই, বাংলাদেশে কোনো এনসিপি নাই। ১৮ কোটি জনতাই পুরো বাংলাদেশে একটি দল হয়ে যাবে।’
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন বলেন, জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আগে ঐক্য কেন এবং কারা ভেঙেছে, তা প্রধানমন্ত্রীকে খুঁজে বের করতে হবে। তাঁর অভিযোগ, গণভোটের রায় অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে একদলীয় সংসদীয় কমিটি করার মাধ্যমে ঐক্য ভাঙা হয়েছে।
বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অপমান এবং পুলিশ হত্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলেন সালেহ উদ্দিন। তিনি বলেন, জাতীয় ঐক্যের আগে প্রধানমন্ত্রীকে নিজের দলের ওই সংসদ সদস্যকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। পাশাপাশি দায়িত্ব পালন নিয়ে তথ্যমন্ত্রীর সমালোচনাও করেন তিনি।
সমাবেশ শেষে নিউমার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির চট্টগ্রামের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন প্রমুখ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম।