নিবিড় পরিচর্যা কেন্দ্রে হয়তো কোনো আপনজন ভর্তি, যার রক্তের সংক্রমণের বিপরীতে কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছে না। চেয়ে চেয়ে মৃত্যু দেখা ছাড়া এ ক্ষেত্রে আর কিছু করার নেই; কিন্তু কেন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু?

প্রতিবছর ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত হয়। এর মূল লক্ষ্য হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ওষুধ প্রতিরোধী সংক্রমণ রোধে জরুরি পদক্ষেপ নেওয়া।

যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর মতো জীবাণু এমনভাবে অভিযোজিত হয় যে এগুলোর বিরুদ্ধে ব্যবহৃত ওষুধ (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল) আর কার্যকর থাকে না, তখন তাকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে। এর ফলে সংক্রমণ সারানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও নির্বিচার ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন ও ভুল মাত্রায় সেবন এবং গবাদিপশু বা কৃষিতে হামেশা এসব ওষুধের অপব্যবহার এএমআর সংকটকে দ্রুত ত্বরান্বিত করছে।

বর্তমানে এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। সময়মতো সচেতন না হলে আগামীতে সাধারণ সার্জারি বা ছোটখাটো সংক্রমণও জীবনঘাতী হয়ে উঠতে পারে।

সচেতনতা ও নিয়ম মেনে চলা: চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো জীবাণুরোধী ওষুধ সেবন করবেন না।

কোর্স সম্পন্ন করা: রোগের লক্ষণ কিছুটা উপশম হলেই নির্ধারিত কোর্স মাঝপথে বন্ধ করবেন না; ডাক্তারের নির্দেশনা অনুযায়ী পুরো কোর্স শেষ করুন।

প্রতিরোধমূলক অভ্যাস: সংক্রমণ এড়াতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি পান করা, সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত টিকা নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

খামার ও কৃষিতে সংযম: পশু পালন ও কৃষিক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে।