নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছয় নেতা–কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা দুইটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুই দফায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মাইজদী-সোনাপুর সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেন শিবিরের নেতা-কর্মীরা।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় শাকিল মাহমুদ (৩১) নামের এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শাকিলের পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন। পরে শাকিলের পরিবারের পক্ষ থেকে করা মামলায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়।

মামলার আসামিরা আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামায়াত ও শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়। কারাগারে পাঠানো ছয়জন হলেন জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জামিন নামঞ্জুরের প্রতিবাদে বেলা দুইটার দিকে ইসলামী ছাত্রশিবিরের একদল নেতা-কর্মী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে তাঁরা টাউন হল মোড়ে সড়কের এক পাশ বন্ধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে আদালত চত্বরে গিয়ে আবার সংগঠিত হন তাঁরা। সেখান থেকে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল বের করে জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করেন। এ সময় শিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুবসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে আবদুল্লাহ আল মাহবুব অভিযোগ করেন, বেগমগঞ্জের ছয়ানীতে সংঘটিত হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের। নিজেদের বিরোধের কারণে সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, বেগমগঞ্জের একটি মামলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আদালতে হাজির হলে বিচারক ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এ ঘটনায় অপ্রীতিকর কিছু ঘটেনি।