হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তানিয়া সুলতানা (২২)। হাত-পা নাড়ালেও কথা বলার ক্ষমতা হারিয়েছিলেন তিনি। এই শারীরিক অবস্থার কারণে গত তিন দিন ধরে তাঁর স্বামী ও সন্তানের মৃত্যুর খবরটি তাঁকে জানানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেই শোকের খবর জানার আগেই নিজেই চলে গেলেন তিনি না ফেরার দেশে।
আজ সোমবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়ার মৃত্যু হয়। তিনি কক্সবাজার জেলার রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেনের স্ত্রী। গত শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিং এলাকায় একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা তানিয়া গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত শুক্রবারের ওই ভয়াবহ দুর্ঘটনায় তানিয়ার স্বামী সাজ্জাদ হোসেন (২৮) এবং কন্যা মাশরুফা হোসাইনসহ (২) পরিবারের চার সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে আরও দুজন ছিলেন সাজ্জাদের ছোট বোন কাসফিয়া জান্নাত (২০) এবং কাসফিয়ার ছেলে সাহিল (৩)। তানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। তবে কাসফিয়ার দেড় বছর বয়সী মেয়ে আয়াত মনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পরপরই তানিয়া ও শিশু আয়াত মনিকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাঁদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তানিয়া সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তানিয়ার মৃত্যুর বিষয়টি তাঁর বড় বোন রিমা আক্তার এবং রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ নিশ্চিত করেছেন। তানিয়ার বড় বোন রিমা আক্তার জানান, দুর্ঘটনায় তানিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তিনি হাত-পা নাড়াতেন ঠিকই, তবে কারও সঙ্গে কথা বলতে পারতেন না। তিনি অনেকটা অজ্ঞান অবস্থায় ছিলেন।
তানিয়ার মা আজিজ খানম শোকার্ত কণ্ঠে বলেন, ‘স্বামী–সন্তান যে মারা গেছে, তিন দিনেও আমার মেয়ে জানতে পারেনি। আজ সকালে মেয়েটাও মারা গেল। আমার সব শেষ হয়ে গেছে, আমার বুক খালি হয়ে গেল।’
কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. দেলোয়ার হোসেন জানান, আহত তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত ছিল, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছিল। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত এবং রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছিল।
স্বামী-সন্তানের পাশেই হবে দাফন
গত শুক্রবার রাতেই ট্রেন দুর্ঘটনায় নিহত তানিয়ার স্বামী-সন্তানসহ পরিবারের চার সদস্যের মরদেহ রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। এখন তাঁদের পাশেই স্ত্রী তানিয়া সুলতানাকে দাফন করার প্রস্তুতি চলছে।
তানিয়ার শ্বশুর নুরুল ইসলাম বলেন, ‘এক ট্রেন দুর্ঘটনায় ঘরের পাঁচজন মানুষ নাই। আগে চারজনকে দাফন করা হয়েছে। এখন আমার পুত্রবধূকেও একই স্থানে দাফন করা হবে।’
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই রেলক্রসিংটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান ছিল না। ব্যারিয়ার বসানোর জন্য রেল বিভাগকে জানানো হয়েছে। এই ট্রেন দুর্ঘটনার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।