প্রেমিকার হাতে পৌঁছানোর আগেই পুলিশের custody-তে চলে গেল এক প্রেমিকের অদ্ভুত চিরকুট। তবে এই চিরকুটের সঙ্গে ছিল না কোনো রঙিন গোলাপ কিংবা ভালোবাসার উপহার; বরং ছিল কালো টেপে মোড়ানো একটি বোমাসদৃশ জর্দার কৌটা। আর সেই কৌটার গায়ে লেখা ছিল এমন এক বার্তা, যা রোমান্টিক আবেগের বদলে স্থানীয়দের মনে বোমার আতঙ্ক ছড়িয়ে দেয়। বোমাসদৃশ এই বস্তুটি পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে। গতকাল রোববার দুপুরে গ্রামের খেলার মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনের পিলারের ওপর রহস্যময় ওই বোমাসদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ্য করে এই হুমকিভরা চিরকুটটি লিখেছেন। জর্দার কৌটাকে বোমার মতো রূপ দিয়ে তার গায়ে চিরকুট লিখে সম্ভবত তিনি ব্যাপক আলোচনা তৈরি করতে চেয়েছিলেন। তবে এই অদ্ভুত কাণ্ডটি সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কৌটাটি কিছুটা দূর থেকে লক্ষ্য করলে দেখা যায়, তার গায়ে একটি চিরকুট লাগানো। সেখানে লেখা ছিল, “আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হয়তো এই চিরকুট লিখেছেন। বোমাসদৃশ বস্তুর (জর্দার কৌটায় তৈরি) গায়ে চিরকুট লেখা হয়েছে আলোচনা তৈরি করার জন্য। তবে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।”
ওসি আরও জানান, বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়ায় দেখা গেছে যে, ভেতরে কোনো ধরনের বিস্ফোরক নেই।
ভয় দেখানো কিংবা চমক তৈরি করা—যে উদ্দেশ্যেই এই কাজটি করা হোক না কেন, বোমাসদৃশ এই চিরকুট এবং কৌটার রহস্য এখন পুলিশের তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই পুরো ঘটনা সম্পর্কে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন মুক্তকণ্ঠকে বলেন, “প্রেমের গল্পে সাধারণত তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমিক-প্রেমিকারা। সে কারণে কেউ হয়তো এই কাণ্ড ঘটিয়েছে।”