সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে করে নিয়মিত চানাচুর বিক্রি করেন ৩৫ বছর বয়সী আমির উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাৎ তাঁর ভ্যানের চাকার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি কুড়িয়ে নিয়ে অন্য জিনিসের সঙ্গে তল্লাশি করতে গিয়ে ভেতরে প্রায় তিন ভরির স্বর্ণালংকার পান আমির উদ্দিন। এরপরই তিনি ব্যাগটির প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন এবং প্রায় চার ঘণ্টা পর সেই মালিকের কাছে ব্যাগটি ফিরিয়ে দেন।

গতকাল রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন আমির উদ্দিন। তাঁর এই অসাধারণ সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার তাঁকে পাঁচ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন।

সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করেন। রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করানোর জন্য শহরের একটি স্বর্ণালংকারের দোকানে গিয়েছিলেন। সেখানে সজল ও তাঁদের দুই শিশুসন্তানও সাথে ছিলেন। কাজ শেষ করে তাঁরা আলফাত স্কয়ার হয়ে রিকশায় করে বাসায় ফেরেন। কিন্তু বাসার সামনে নেমে তাঁরা লক্ষ্য করেন যে, স্ত্রীর হাতের ব্যাগটি নিখোঁজ। ব্যাগটি ঠিক কোথায় বা কীভাবে পড়ে গেছে, তা তাঁরা বুঝতে পারছিলেন না।

এরপর সজল তাঁর দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন এবং ব্যাগটির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে কোনো হদিস না পেয়ে হতাশ হয়ে তিনি বাসায় ফিরে যান। তবে তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে তাঁরা সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ এই কথা শুনে জানান যে, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং তিনি তার মালিককে খুঁজছেন। এই তথ্যের ভিত্তিতে সজলকে খবর দিয়ে তাঁর বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান।

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিন জানান, তিনি সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন এবং তাঁর নিজস্ব কোনো ঘরবাড়ি নেই। স্বর্ণালংকারগুলো নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি। এ প্রসঙ্গে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের এই সততার ভূয়সী প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসে। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’

আমির উদ্দিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’