গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হলো তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১)।

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের কারণে অংশগ্রহণকারী দেশগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। তবে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলে গতকাল রোববার পর্যন্ত। এর মধ্য দিয়ে জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে এবারের আয়োজন।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মূলত জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধ দেখা দেয়।

সৌদি আরব, রাশিয়া, ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় চূড়ান্ত খসড়াটি প্রত্যাখ্যান করে।

এভাবে কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে, ডেনমার্কের কোপেনহেগেনে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন। তিনি জীবাশ্ম জ্বালানি–সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের কঠোর সমালোচনা করেছেন।

গুতেরেস বলেছেন, এসব মহল বড় তামাক কোম্পানিগুলোর কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে। নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে। কার্যকর পদক্ষেপে বাধা দিচ্ছে। বিপুল মুনাফা করছে এসব গোষ্ঠী। অথচ এর মূল্য দিতে হচ্ছে সারা বিশ্বের সাধারণ মানুষকে।

দুই সপ্তাহের দীর্ঘ আলোচনায় ক্লান্ত প্রতিনিধিদের সামনে গতকাল রোববার ভোরে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করা হয়। এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলো এতে আপত্তি জানায়।

শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’র কোনো উল্লেখই রাখা হয়নি। কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে শুধু ২০২৩ সালের কপ২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ ছিল।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই, এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও এবারের সম্মেলন নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব তাঁদের অবস্থানের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য।

আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যান বলেছেন, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোর এই অর্থ প্রয়োজন।