বাজারে সোনার দাম এখন এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই পরিস্থিতিতে কেউ সস্তায় সোনা কেনার সুযোগ খুঁজছেন, আবার কেউ লোকসানের হিসাব করছেন। সোনার দাম নিয়ে যখন চারদিকে আলোচনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে আরেকটি সোনার প্রসঙ্গ—অলিম্পিকের সোনার পদক। নামেই এর পরিচয় সোনা, কিন্তু প্রশ্ন জাগে, এই পদকের ভেতরে আসলে কতটা সোনা থাকে?
আগামী ২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে শুরু হতে যাচ্ছে অলিম্পিক গেমস। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা অলিম্পিকের ইতিহাসে একটি রেকর্ড। এরই মধ্যে শুরু হয়েছে নানা প্রস্তুতি এবং তার একটি বড় অংশ হলো পদক তৈরি। তবে যারা এই ইভেন্টগুলোতে সোনা জিতবেন, তাদের গলায় যে পদকটি ঝুলবে, সেটি কি সত্যিই সম্পূর্ণ সোনার তৈরি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল ১৮৯৬ সালে এথেন্সে। সে সময়ে প্রথম স্থান অধিকারীর জন্য কোনো সোনার পদক ছিল না; বরং দেওয়া হতো রুপার পদক, সাথে জলপাইয়ের শাখা এবং একটি সনদ। দ্বিতীয় স্থান অধিকারীরা পেতেন ব্রোঞ্জের পদক ও লরেলের শাখা। আর তৃতীয় স্থানের জন্য তখন কোনো পদকের ব্যবস্থা ছিল না।
অলিম্পিকে খাঁটি সোনার পদক দেওয়ার প্রচলন শুরু হয় ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। সেই সময়ে পদকটি ছিল সম্পূর্ণ সোনার তৈরি। এর ব্যাস ছিল ৩৭.৮ মিলিমিটার এবং ওজন ছিল ২১ গ্রাম। বর্তমানের ভরির হিসেবে হিসাব করলে দেখা যায়, প্রতিটি সোনার পদকে ছিল প্রায় ১.৮ ভরি সোনা।
তবে খাঁটি সোনার পদকের এই ধারা খুব বেশিদিন স্থায়ী হয়নি। ১৯১২ সালের স্টকহোম গেমসে ২৪ গ্রামের পদকটি সম্পূর্ণ সোনার হলেও এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালে কোনো গেমস অনুষ্ঠিত হয়নি। ১৯২০ সালে অলিম্পিক পুনরায় শুরু হলেও ‘খাটি সোনা’ আর ফিরে আসেনি। পদকের মূল অংশ রুপার তৈরি হতে শুরু করে এবং তার ওপরে দেওয়া হয় সোনার প্রলেপ। তবে সময়ের সাথে সাথে পদকের আকার বাড়তে থাকে।
উদাহরণস্বরূপ, ১৯২৮ সালে পদকের ব্যাস ছিল ৫৫ মিলিমিটার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৮৫ মিলিমিটারে। সর্বশেষ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সোনার পদকের ওজন ছিল ৫২৯ গ্রাম। তবে পদক যত বড় ও ভারী হয়েছে, এতে সোনার পরিমাণ ততটাই কমেছে। এখন আসা যাক মূল প্রশ্নে—অলিম্পিক সোনার পদকে আসলে কতটুকু সোনা থাকে?
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়ম অনুযায়ী, একটি সোনার পদকে অন্তত ৬ গ্রাম সোনা থাকতে হয়। কিন্তু পদকের বিশাল আকারের তুলনায় এই সামান্য পরিমাণ সোনা দিয়ে পুরোটা তৈরি করা সম্ভব নয়। তাই পুরো পদকটি তৈরি করা হয় রুপা দিয়ে, যার পরিমাণ শতাংশের হিসেবে ৯২.৫ ভাগ। এরপর তার ওপরে ৬ গ্রাম সোনার প্রলেপ দেওয়া হয়। চলতি বছরে মিলান-কর্তিনায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে সোনার পদকের ওজন ছিল ৫০৬ গ্রাম। এর মধ্যে ৫০০ গ্রামই ছিল রুপা এবং বাকি ৬ গ্রাম ছিল সোনা।
এই ৬ গ্রাম সোনার বর্তমান বাজারমূল্য কত, তা হিসাব করে দেখা যাক। ২০ নভেম্বর, শুক্রবার বাজার বন্ধের সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩,৫২৪ ডলারের কিছু বেশি। এক আউন্সে প্রায় ৩১ গ্রাম সোনা থাকে, সেই হিসেবে প্রতি গ্রামের দাম দাঁড়ায় প্রায় ১১৩ ডলার। ফলে ছয় গ্রামের দাম হয় প্রায় ৬৮০ ডলার। একই সময়ে রুপার দাম ছিল আউন্সপ্রতি ৪১ ডলার। সেই হিসেবে ৫০০ গ্রাম রুপার দাম হয় প্রায় ৬৫৯ ডলার। অর্থাৎ, ঝলমলে সোনালি প্রলেপের আড়ালে থাকা রুপার দামও প্রায় সমান, মাত্র ২০ ডলারের মতো কম। দুই ধাতুর দাম মিলিয়ে একটি সোনার পদকের কাঁচামালের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১,৩৪০ ডলার।
এর সাথে প্যারিস অলিম্পিকের তুলনা করা যেতে পারে। অক্সফোর্ড ইকোনমিকসের মূল্যায়নে ২০২৪ অলিম্পিকে সোনার পদকের ধাতুমূল্য ছিল ১,০২৭ ডলার। যদিও বর্তমানে সোনার দাম এক বছরের সর্বনিম্ন পর্যায়ে, তবুও ২০২৪ সালের তুলনায় তা অনেক বেশি। ওই বছর আউন্সপ্রতি সোনার দাম ছিল প্রায় ২,৪০০ ডলার। তাই প্যারিসের তুলনায় বর্তমান হিসাবে একটি পদকের ধাতুমূল্য প্রায় ৩০০ ডলার বেশি।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পদক কেমন হবে বা কতটা ভারী হবে, তা জানতে হলে এখন অপেক্ষা করতে হবে। আয়োজকরা এখনো পদকের চূড়ান্ত নকশা ও উপাদানের কথা প্রকাশ করেননি, তাই চূড়ান্ত হিসাব পরিবর্তিত হতে পারে। তবে খেলার জগতে একটি কথা চিরকাল অপরিবর্তনীয়—সোনার বাজারে দাম ওঠানামা করতে পারে, কিন্তু অলিম্পিক পদকের গৌরব কখনোই কমে না।