চলতি বছরের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। তাঁদের মধ্যে ৩৭ জনই নারী ও শিশু। অথচ আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি।
মারা যায় তাঁর বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০)। এরপর ৯ নভেম্বর রাত ১টা ১০ মিনিটে মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। দুই শিশুই চিকিৎসাধীন ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে।
দুই সন্তানকে হারিয়ে বিপর্যস্ত কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগম। সম্প্রতি মুক্তকণ্ঠের সঙ্গে কথা হয় কবিরের। সন্তানদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করেন মশা নিয়ন্ত্রণের কার্যক্রম নিয়েও। কবির বলেন, ‘ডেঙ্গুতে একের পর এক মৃত্যু হচ্ছে। কারও টনক নড়ছে না। মশার ওষুধ ঠিকভাবে ছিটানো হচ্ছে না।’
কবিরের মতো অনেক পরিবারই এখন ডেঙ্গুতে স্বজন হারানোর শোক বয়ে বেড়াচ্ছে। চলতি বছরের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। তাঁদের মধ্যে ৩৭ জনই নারী ও শিশু। অথচ আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫১৫ জন। মারা যাওয়া ৪৮ জনের মধ্যে নারী ২৫ জন, শিশু ১২ জন ও পুরুষ ১১ জন। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় ৭৭ শতাংশই নারী ও শিশু শ্রেণিতে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, আক্রান্ত পুরুষের সংখ্যা ৩ হাজার ৯৩০, নারী ২ হাজার ৫৯৮ এবং শিশু ১ হাজার ৯৮৭ জন।
তিন মাসের কম সময়ে ৪৩ মৃত্যু
চট্টগ্রামে চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন পাঁচজন। অথচ সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম ২২ দিনেই মারা গেছেন আরও ৪৩ জন। অর্থাৎ বছরের মোট মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটেছে এই সময়ে।
মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন। মারা যান ১৬ জন। অক্টোবরে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২ হাজার ৬০৮ জনে। মৃত্যু হয় ১৫ জনের। নভেম্বরের প্রথম ২২ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। মারা গেছেন ১২ জন। সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম ২২ দিন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৭৯ জন, যা চলতি বছরের মোট আক্রান্তের প্রায় ৭৬ শতাংশ।
নভেম্বরেও সংক্রমণের চাপ রয়েছে। গত বছরের পুরো নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৭ জন। অথচ চলতি নভেম্বরের প্রথম ২২ দিনেই আক্রান্তের সংখ্যা সেই হিসাব ছাড়িয়ে গেছে। গত বছরের পুরো নভেম্বরের তুলনায় এবার ইতিমধ্যে ৪৩৪ জন বেশি আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের গতকালের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৩৬৭ জন। চলতি বছর আক্রান্ত ৮ হাজার ৫১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৮২৭ জন। বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮৮ জন।
বেড়েছে ডেঙ্গু রোগী
চট্টগ্রামে গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে দ্বিগুণের বেশি। গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫০৫ জন। চলতি বছরের একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪ জন। অর্থাৎ রোগী বেড়েছে প্রায় ১০২ শতাংশ। একই সময়ে মৃত্যু ২০ থেকে বেড়ে হয়েছে ৩৬ জন। মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০২৩ সালে। ওই বছর আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। পরের বছর আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন, মৃত্যু হয় ৪৫ জনের। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৪, মৃত্যু ২৭ জনের।
এবার ২২ নভেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫১৫ জন। মারা গেছেন ৪৮ জন। গত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালের পর এটিই সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু। গত বছরের পুরো সময়ের তুলনায় ইতিমধ্যে ২১ জন বেশি মারা গেছেন। সংক্রমণ ও মৃত্যু এখনো থামেনি। সর্বশেষ এক সপ্তাহেই নতুন করে ৩৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের।
চট্টগ্রামে চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন পাঁচজন। অথচ সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম ২২ দিনেই মারা গেছেন আরও ৪৩ জন। অর্থাৎ বছরের মোট মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটেছে এই সময়ে।
নগরের চেয়ে উপজেলায় মৃত্যু বেশি
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ শুধু নগরে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে উপজেলাগুলোতেও। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের বাসিন্দা ৩ হাজার ৯৭৯ জন, উপজেলার বাসিন্দা ৩ হাজার ৬৫৯ জন। অন্য জেলা থেকে চট্টগ্রামে চিকিৎসা নিতে এসেছেন ৮৭৭ জন।
আক্রান্তের সংখ্যা নগরে বেশি হলেও মৃত্যু বেশি উপজেলার বাসিন্দাদের মধ্যে। নগরে মারা গেছেন ১৫ জন, উপজেলায় ২৩ জন। এ ছাড়া অন্য জেলার ১০ জন চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সীতাকুণ্ডে। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০১ জন, যা উপজেলার মোট আক্রান্তের প্রায় ৩৬ শতাংশ। এরপর রয়েছে কর্ণফুলী, ৩৭৫ জন; বাঁশখালীতে ২৯৮ জন, রাঙ্গুনিয়ায় ২১৪ জন ও আনোয়ারায় ১৯৯ জন।
ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনায় মশা নিয়ন্ত্রণের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে নগরের পাশাপাশি উপজেলা পর্যায়ে মশা নিধন ও প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
জ্বর কমার পরও পেটে ব্যথা, অতিরিক্ত দুর্বলতাসহ বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি ও খাওয়ার স্যালাইন গ্রহণ করতে হবে। ডেঙ্গুর বিপদচিহ্ন সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।
মশা নিয়ন্ত্রণে ঘাটতি, সংক্রমণ কমছে না
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার অন্যতম কারণ মশা নিয়ন্ত্রণে ঘাটতি। এমনটাই মনে করেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু ঠেকানোর প্রধান উপায় মশা নিয়ন্ত্রণ। মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত মশা নিধন করতে না পারলে সংক্রমণ চলতেই থাকবে।
সিভিল সার্জনের মতে, এ বছর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। দুই-তিন দিন পরপর বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমেছে। এতে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়েছে। সংক্রমণ দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে এটিও একটি কারণ।
মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সিটি করপোরেশন চেষ্টা করছে। তবে মশা নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে হবে। মহানগরে এ দায়িত্ব সিটি করপোরেশনের, আর উপজেলায় স্থানীয় প্রশাসনের। স্বাস্থ্য বিভাগ রোগীদের চিকিৎসা ও মানুষকে সচেতন করার কাজ করছে।
সিভিল সার্জন জানান, মশার প্রজননস্থল শনাক্ত করতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফলের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ব্যবস্থা নিতে সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসনকে জানানো হবে।
একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বালতি ও ছাদে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, শুধু মশার ওষুধ ছিটানো নয়, প্রজননস্থল ধ্বংস করাও জরুরি।
জ্বর কমলেও সতর্ক থাকতে হবে
ডেঙ্গুতে মৃত্যু ঠেকাতে দ্রুত রোগ শনাক্ত ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্ব দিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, ডেঙ্গুর তিনটি পর্যায় রয়েছে—জ্বরের পর্যায়, সংকটাপন্ন পর্যায় ও সুস্থ হয়ে ওঠার পর্যায়। অনেকের তিন-চার দিন পর জ্বর কমে যায়। তখন তাঁরা ভাবেন, বিপদ কেটে গেছে। অথচ জ্বর কমার পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রোগীর অবস্থার অবনতি হতে পারে।
মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জ্বর কমার পরও পেটে ব্যথা, অতিরিক্ত দুর্বলতাসহ বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি ও খাওয়ার স্যালাইন গ্রহণ করতে হবে। ডেঙ্গুর বিপদচিহ্ন সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।