যশোর জেলার কেশবপুর পাবলিক লাইব্রেরি দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তালাবদ্ধ হয়ে পড়ে আছে। বিভিন্ন সময়ে এই পাঠাগারটিকে পুনরায় সচল করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত সেই উদ্যোগগুলো বাস্তবায়িত হয়নি।
স্থানীয় বাসিন্দা এবং লাইব্রেরি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে বইপ্রেমী আবদুল করিম, সাংবাদিক মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা মণি মোহন ধর, শিক্ষক জোহর আলী এবং ব্যবসায়ী বিমল কুমার দে মিলে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে সরকার এই পাঠাগারটির দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে উপজেলা পরিষদ এটি পরিচালনা করতে শুরু করে। ২০০৯ সালের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমানের প্রচেষ্টায় উপজেলা পরিষদের শেষ প্রান্তে ডরমিটরির পাশে পাঠাগারটির জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়। সেই সময়ে পাঠাগারটি বেশ জনপ্রিয় ছিল এবং নিয়মিত পাঠকদের ভিড় দেখা যেত। তবে গত দুই বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল করিম আক্ষেপ করে বলেন, ‘পাঠাগারটি তাঁদের একসময় প্রাণের প্রতিষ্ঠান ছিল। তিনি বিভিন্ন সময় ইউএনওকে পাঠাগারটি চালুর ব্যাপারে অনুরোধ করেছিলেন। তারপরও হয়নি। জীবনের শেষ সময়ে এসে যদি দেখি পাঠাগারটি চালু হয়েছে, তাহলে মরেও শান্তি পাব।’
প্রতিষ্ঠাকালীন আরেক সদস্য সাংবাদিক মোতাহার হোসেন জানান, কেশবপুর শহরে এই পাবলিক লাইব্রেরির বাইরে আর কোনো পাঠাগার নেই। তাই সাধারণ মানুষের জন্য এটি চালু করা অত্যন্ত জরুরি।
নাগরিক সমাজের সভাপতি ও লাইব্রেরির অন্যতম পৃষ্ঠপোষক আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাঠাগারটি সচল করার চেষ্টা অনেকবার করা হয়েছে। কিন্তু তহবিলের অভাবে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “সরকারি ব্যবস্থাপনায় পাঠাগারটি অনেকবারই সচল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তহবিলসংকটে পাঠাগারটি কখনোই সচল করা যায়নি। পাঠাগারটি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠাগারটি চালু করা অত্যন্ত জরুরি।”
পাঠাগারটির সর্বশেষ লাইব্রেরিয়ান বিশ্বজিৎ মণ্ডল জানান, ২০২৪ সালেও তিনি পাঠাগারটি খোলার চেষ্টা করেছিলেন। তবে অনুকূল পরিবেশ না পাওয়ায় তিনি আর সেখানে যাননি। এরপর থেকেই লাইব্রেরিটি তালাবদ্ধ। তিনি জানান, বর্তমানে তিনি পাঠাগারের সম্মানী ভাতা হিসেবে দুই বছরের বকেয়া পান। তার মতে, পাঠাগারটিতে অনেক মূল্যবান বই রয়েছে, যা সচল করলে পাঠকেরা পুনরায় ফিরে আসবে।
শিক্ষার্থীদের মধ্যেও এই লাইব্রেরি নিয়ে আগ্রহ দেখা গেছে। কেশবপুর উপজেলা পাড়ার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজ হোসেন বলেন, পাঠাগারটি খোলার ব্যবস্থা হলে তারা বই পড়ার সুযোগ পেত।
শিক্ষার মানোন্নয়নে লাইব্রেরির গুরুত্ব উল্লেখ করে কেশবপুর মহিলা মাদ্রাসার প্রভাষক আতাউর রহমান বলেন, বইয়ের মাধ্যমেই শিক্ষার প্রসার ঘটে, তাই লাইব্রেরিটি অবশ্যই সচল রাখা দরকার। তিনি উপজেলা প্রশাসনের কাছে পাঠাগারটি পুনরায় চালুর দাবি জানান।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাঠাগারটি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা পরিষদ থেকে ইতিমধ্যে দুই লাখ টাকার একটি বাজেট পাওয়া গেছে, যা দিয়ে ভবনটি সংস্কার করা হবে। পাশাপাশি নতুন গঠনতন্ত্র তৈরি করে একটি নিয়মিত কমিটি গঠন করা হবে।
এই বিষয়ে কেশবপুরের ইউএনও আনোয়ার হোসেন জানান, পাঠাগারটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে জেলা পরিষদ থেকে তহবিল পাওয়া গেছে এবং নতুন কমিটি গঠনের মাধ্যমে এটি সচল করার প্রক্রিয়া চলছে।