মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সারের সংকট ও দীর্ঘ লাইনের জেরে স্থানীয় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে অবস্থিত বাবুল ট্রেডার্স নামক একটি সার বিক্রির দোকানের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে বরাদ্দকৃত সারের পরিমাণের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সারিতে অপেক্ষা করা অনেক কৃষক সার পাওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। যখন সার শেষ হয়ে যাওয়ার বিষয়টি উপস্থিত কৃষকদের জানানো হয়, তখন দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন কৃষক চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজনার এক পর্যায়ে ক্ষুব্ধ কৃষকদের মধ্যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে ধাক্কা দেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের শান্ত করেন।

ঘটনা প্রসঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “সার নিতে দীর্ঘ সারি হওয়ায় কয়েকজন কৃষক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় শৃঙ্খলা বজায় রাখতে ওই কৃষকদের বললে তাঁকে লাঞ্ছিত করেন।” এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

তবে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম লাঞ্ছিত হননি বলে দাবি করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি জানান, ওই ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৬৬০ বস্তা ডিএপি সার কৃষকদের মধ্যে বিতরণের পর আবারও ৮০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে গত মাসে ৩০০ বস্তা সার বিতরণ করা হয় এবং অবশিষ্ট ৫০০ বস্তা সার বিতরণ করা হয়। এরপরও কৃষকদের চাহিদা অনেক বেশি থাকায় সার না পেয়ে কয়েকজন কৃষকের সঙ্গে ওই উপসহকারী কৃষি কর্মকর্তার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে বলে তিনি জানান।

তানিয়া তাবাসসুম আরও উল্লেখ করেন, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে অবহিত করা হয়েছে।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ জানান, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি, বরং তাঁর সঙ্গে কয়েকজন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি আরও দাবি করেন যে, সেখানে সারের কোনো সংকট নেই।