ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অবস্থিত পুরোনো মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেতুর জরুরি মেরামতকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প পথ হিসেবে পাশের চার লেনের নতুন সেতুটি ব্যবহার করার জন্য চালক ও যাত্রীদের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

আজ রোববার এক খুদে বার্তার মাধ্যমে সওজ কর্তৃপক্ষ এই অনুরোধটি জানিয়েছে।

সেতুর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মুক্তকণ্ঠকে বলেন, “নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আজ বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো সেতুটিতে গিয়ে বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখা যায়। ফলে রোববার বিকেল পাঁচটা থেকে সেতুটি মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবে। এরপর মেরামত করতে কত দিন লাগবে, তা জানা যাবে।”

সওজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, পুরোনো সেতুটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পাশের চার লেনবিশিষ্ট নতুন সেতুটি দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে। সাধারণত পুরোনো সেতুটি দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন সেতুর দুই লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে থাকে।