ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত সাঈদা আক্তার নামের এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত তাঁর নিজ বাড়িতে এই মৃত্যু ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ রোববার মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ এবং মৃত সাঈদার পরিবার সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা থেকে বদলি হয়ে গত ১৩ নভেম্বর ভৈরব থানায় যোগদান করেন। তবে যোগদানের পরদিনই তিনি জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসকের পরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি বেলাবের নিজ বাড়িতে ফিরে যান।

বাড়িতে ফেরার পর সাঈদা আক্তার পুনরায় অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর তিনি পুনরায় বাড়ি ফেরেন। তবে ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয়।

আজ রোববার গ্রামের স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ওসি মাহবুবুর রহমান বলেন, “ভৈরব থানায় যোগ দেওয়ার পর সাঈদা ভালোভাবে কাজই শুরু করতে পারেননি। তার আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাড়ি ফেরার পর তাঁর মৃত্যু হয়।”