বলিউডের চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ ক্যারিয়ার। পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যাপক পরিচিতি এবং অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন অনুপম খের। পর্দায় কখনো কঠোর খলনায়ক, কখনো স্নেহময় বাবা, আবার কখনো হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা এবং অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলে শিল্পজগতে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।

দীর্ঘ এই দীর্ঘ ক্যারিয়ারের পর অনুপমের আর্থিকভাবে সচ্ছল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তবে ইন্টারনেটে তাঁর সম্পদের যে হিসাব ছড়িয়ে বেড়াচ্ছে, তা নিয়ে খোদ অভিনেতারই তীব্র আপত্তি রয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে দাবি করা হচ্ছে যে, অনুপমের সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি রুপি। অথচ অভিনেতার দাবি, এই অঙ্কের ১০ শতাংশ সম্পদও তাঁর নেই।

সম্প্রতি ‘দ্য আনফিল্টারড আওয়ার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন অনুপম। তাঁর ভাষ্যমতে, গুগলে নিজের সম্পদের পরিমাণ খুঁজলে যে তথ্য পাওয়া যায়, তা দেখে সাধারণ মানুষ তাঁকে অঢেল সম্পদের মালিক মনে করে। এমনকি তাঁর বন্ধুরাও সেই হিসাব দেখে মজা করে তাঁর কাছে টাকা চান।

অনুপম বলেন, “মানুষের ধারণা, আমি খুব ধনী। গুগলে আমার সম্পদের পরিমাণ খুঁজলে অবাক হবেন। কখনো কখনো এসব ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে ইচ্ছা করে। ৪০০–৫০০ কোটি রুপির ১০ শতাংশও আমার নেই। বন্ধুরা ইন্টারনেটে এসব দেখে মজা করে বলে, ওই টাকা থেকে তাদেরও কিছু দিতে।”

নিজের সম্পদ নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ করলেও বিলাসী জীবনযাপনের বিষয়টি অস্বীকার করেননি অভিনেতা। তিনি ভালো রেস্তোরাঁয় খেতে পছন্দ করেন, আরামদায়ক ভ্রমণ করেন এবং উন্নত মানের হোটেলে থাকতে ভালোবাসেন। তাঁর কাছে জীবনের স্বাচ্ছন্দ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য নিজের নামে একাধিক বাড়ি বা বিপুল সম্পত্তির প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

তারকা হয়েও নিজের নামে কোনো বাড়িতে না থাকার বিষয়টি অনুপম খেরের জীবনযাপনের সবচেয়ে আলোচিত দিক। মুম্বাইয়ে একসময় তাঁর একটি বাড়ি ছিল, যা তিনি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন। এরপর থেকে তিনি ভাড়া বাড়িতেই বসবাস করছেন।

এই সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া ছিল না। প্রায় ১০ বছর আগে ভেবেচিন্তেই নিজের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম। তাঁর স্ত্রী কিরণ খের তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে চণ্ডীগড়ে চলে যান। ফলে মুম্বাইয়ে নতুন বাড়ি কেনার প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে শুরু করেন অভিনেতা।

বাড়ি খোঁজার ঝামেলা, সম্পত্তি কেনার চাপ এবং মালিকানার সঙ্গে জড়িয়ে থাকা নানা দায়িত্ব অনুপমকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। একসময় তিনি উপলব্ধি করেন, থাকার জন্য একটি জায়গা থাকলেই যথেষ্ট; সেটি নিজের নামে হতে হবে এমন কোনো কথা নেই। অনুপমের কথায়, ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর নিজেকে অনেকটা মুক্ত মনে হয়েছে। বাড়ির রক্ষণাবেক্ষণ, সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিংবা কেনাবেচার চাপ—কোনোটিই আর তাঁকে ভাবতে হয় না। তাঁর ভাইও ভাড়া বাসায় থাকেন এবং তাঁরা দুজনেই এই জীবনযাপনে অত্যন্ত খুশি।

অনুপমের বিক্রি করা মুম্বাইয়ের বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে আলিয়া ভাটের নাম। ২০১৫ সালে মুম্বাইয়ের জুহু এলাকার একটি আবাসিক ভবনে অনুপমের কাছ থেকে দুটি ফ্ল্যাট কিনেছিলেন আলিয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুটি সম্পত্তির দাম ছিল যথাক্রমে প্রায় ৫ কোটি ১৬ লাখ ও ৩ কোটি ৮৩ লাখ রুপি।

পরে এই সম্পত্তি বিক্রির প্রসঙ্গ বিভিন্ন সাক্ষাৎকারে সামনে এসেছে। অনুপমের কাছে বাড়ি বিক্রি করে ভাড়ায় থাকার সিদ্ধান্তটি ছিল তাঁর জীবনযাপনের ধরন বদলে ফেলার একটি অংশ। সম্পত্তির মালিকানা ধরে রাখার চেয়ে নিজের সময় ও মানসিক স্বস্তিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

নিজের বাড়ি না থাকলেও মায়ের জন্য বাড়ি কিনতে কার্পণ্য করেননি অনুপম। বরং মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে সিমলায় কিনেছেন আটটি শয়নকক্ষের একটি বিশাল বাড়ি।

২০২৬ সালের এপ্রিলে ‘দ্য পাওয়ারফুল হিউম্যানস অফিশিয়াল’ অনুষ্ঠানে এই বাড়ি কেনার গল্প শুনিয়েছিলেন অভিনেতা। তাঁর মা প্রায় ৬০ বছর ভাড়া বাড়িতে কাটিয়েছেন। একদিন তিনি ছেলেকে বলেছিলেন যে, সিমলায় নিজের একটি বাড়ি চান। মায়ের সেই ইচ্ছা পূরণ করতে অনুপম তাঁকে নিয়ে বাড়ি খুঁজতে যান। মা চেয়েছিলেন এক শয়নকক্ষের ছোট্ট একটি বাড়ি, কিন্তু ছেলে কিনে দেন আট শয়নকক্ষের একটি বড় বাড়ি, সাথে বড় বসার ঘর।

অনুপমের ভাষায়, “মা একটি বাড়ি চেয়েছিলেন। তিনি প্রায় ৬০ বছর ভাড়া বাড়িতে কাটিয়েছেন। তাই তাঁর নিজের একটি বাড়ি থাকার ইচ্ছা ছিল। তিনি এক শয়নকক্ষের বাড়ি চেয়েছিলেন, কিন্তু আমি তাঁকে আট শয়নকক্ষের একটি বাড়ি কিনে দিয়েছি।”

বাড়ি কেনার প্রতি অনুপমের এই অনাগ্রহের পেছনে রয়েছে এক বিশেষ জীবনদর্শন। তাঁর মতে, অর্থ উপার্জনের পর মানুষের প্রয়োজন আসলে খুব সামান্য। থাকার জন্য একটি জায়গা, চলাফেরার জন্য গাড়ি এবং কাজের জন্য দু–একজন সহযোগী—এর বাইরে সবকিছুই অনেক সময় বাড়তি চাহিদা মাত্র।

এ প্রসঙ্গে তিনি গৌতম বুদ্ধের জীবনদর্শনের কথা উল্লেখ করেন। তবে নিজেকে বুদ্ধের সঙ্গে তুলনা করতে চাননি; বরং বোঝাতে চেয়েছেন যে, জীবনের একপর্যায়ে মানুষ বুঝতে পারে সম্পদই জীবনের সবকিছু নয়।

অনুপমের বক্তব্যের সারকথা হলো, নিজের বাড়ি থাকলেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নেই; ভাড়া বাড়িতেও ভালো থাকা যায়। সম্পত্তি বাড়ানোর প্রতিযোগিতায় নেমে মানসিক শান্তি হারানোর কোনো অর্থ নেই।

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের বিষয়টিও অনুপমকে গভীরভাবে ভাবায়। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক পরিবারে মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে চরম বিরোধ তৈরি হয়। কখনো বৃদ্ধ মা–বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আবার কখনো উইল বা সম্পত্তির কাগজে সই করানোর জন্য চাপ দেওয়া হয়। এমন পরিস্থিতি তাঁকে সম্পত্তির প্রতি অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে শিখিয়েছে।

অনুপমের কথায়, “মানুষ মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে প্রায়ই বিরোধ দেখা যায়। কিন্তু ভাগ করে দেওয়ার মতো অর্থ থাকলে সংঘাত তুলনামূলক কম হতে পারে। আমি যত হালকা থাকতে পারব, তত উঁচুতে উড়তে পারব।”

অনুপমের এই জীবনদর্শন শুরুতে স্ত্রী কিরণ খেরের কাছে খুব সহজে গ্রহণযোগ্য হয়নি। ২০২৪ সালে ‘কার্লি টেলস’–এর এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছিলেন, নিজের বাড়ি না রাখার সিদ্ধান্তে স্ত্রীকে রাজি করাতে কিছুটা সময় লেগেছিল। কিরণ খেরের নিজেরও চণ্ডীগড়ে বাড়ি রয়েছে। সংসার ও কাজের প্রয়োজনে তাঁকে এক সময় চণ্ডীগড়ে থাকতে হয়েছে। ফলে মুম্বাইয়ে স্থায়ী বাড়ি না রাখার সিদ্ধান্তটি তাঁদের জীবনযাপনের নতুন বাস্তবতা হয়ে ওঠে। তবে অনুপমের মতে, সময়ের সঙ্গে কিরণও বিষয়টি মেনে নিয়েছেন।