জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা মোকাবিলা এবং সমাজে সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সৃজনশীল কনটেন্ট তৈরির স্বীকৃতিস্বরূপ পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত আলোকিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ন্যাশনাল লেভেল ইনফ্লুয়েন্সার বিভাগে স্বীকৃতি পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী। এছাড়া ইন্সপায়ারিং কনটেন্ট ক্রিয়েটর বিভাগে পুরস্কৃত হয়েছেন মো. মেহেদী হাসান নূর। ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর বিভাগে পুরুষ ও নারী উভয় শাখায় পুরস্কার পেয়েছেন যথাক্রমে হাসিবুল ইসলাম বাপ্পী এবং আপুসি চৌধুরী। পাশাপাশি জুরিস মেনশন লাভ করেছেন তারগিভ সানান রোহাম।
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নামক একটি বিশেষ প্রকল্পের আওতায় এই সম্মাননা প্রদান করা হয়। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ীদের নির্বাচনের ক্ষেত্রে কেবল ফলোয়ারের সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং কনটেন্টের গুণগত মান, গল্প উপস্থাপনের শৈলী, নৈতিক যোগাযোগ এবং জেন্ডার সমতার বার্তার প্রভাব বিবেচনা করে চূড়ান্ত বিজয়ীদের বাছাই করা হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে দেশের আটটি বিভাগের মোট ২৪৬ জন তরুণ কনটেন্ট ক্রিয়েটর জেন্ডার সমতা এবং ইন্টারনেটে দায়িত্বশীল আচরণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।