ঝলমলে মঞ্চ, চোখধাঁধানো পোশাক, হাসিমুখে হাত নাড়ানো সুন্দরীরা, আর শেষ মুহূর্তে বিজয়ীর মাথায় বসানো হীরার মুকুট—মিস ইউনিভার্স মানেই যেন রূপকথার এক আয়োজন। কিন্তু সাত দশকের বেশি সময়ের এই প্রতিযোগিতার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মুকুটের পেছনে জমে আছে বিতর্ক, অপমান, কান্না, বিচারকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, এমনকি বিজয়ী ঘোষণার ভয়াবহ ভুলও।
১৯৫২ সালে যাত্রা শুরু করা মিস ইউনিভার্স এখন বিশ্বের সবচেয়ে পরিচিত সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি। কিন্তু সময়ের সঙ্গে এই প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের মঞ্চ হয়ে থাকেনি; নারীস্বাধীনতা, বর্ণবৈষম্য, শরীর নিয়ে বিদ্রূপ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাণিজ্যিক স্বার্থের প্রশ্নও বারবার সামনে এসেছে।
এবার ৭৫তম আসরের আয়োজন চলছে পুয়ের্তো রিকোর সান হুয়ানে। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা চূড়ান্ত পর্ব। শতাধিক দেশের প্রতিযোগীর অংশগ্রহণে এবারের আয়োজন ঘিরেও কম বিতর্ক নেই। ফলে নতুন বিজয়ীর অপেক্ষার পাশাপাশি ফিরে দেখা যাক মিস ইউনিভার্সের ইতিহাসে আলোচিত ১০ বিতর্ক।
বিয়ের তথ্য গোপন, মুকুট হারালেন মেরি লিওনা গেজ মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম দিককার বড় বিতর্কগুলোর একটি ১৯৫৭ সালের ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মেরি লিওনা গেজ মিস ইউএসএ নির্বাচিত হওয়ার পর জানা যায়, তিনি বিবাহিত এবং দুই সন্তানের মা। এমনকি নিজের বয়স সম্পর্কেও ভুল তথ্য দিয়েছিলেন।
তৎকালীন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, বিবাহিত নারী ও সন্তানের মায়েরা অংশ নিতে পারতেন না। ফলে তাঁর মুকুট কেড়ে নেওয়া হয়। মিস ইউএসএ হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন প্রথম রানারআপ। মিস ইউনিভার্সেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার সুযোগ হারান গেজ।
অ্যালিসিয়া মাচাদোকে নিয়ে ট্রাম্পের শরীরবিদ্রূপ১৯৯৬ সালে মিস ইউনিভার্সের মুকুট জেতেন ভেনেজুয়েলার অ্যালিসিয়া মাচাদো। তখন তাঁর বয়স মাত্র ১৯। কিন্তু বিজয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। প্রতিযোগিতার কর্ণধার ডোনাল্ড ট্রাম্পের কাছে তাঁকে নিয়মিত শরীরের ওজন নিয়ে অপমানিত হতে হয়েছিল বলে অভিযোগ করেন মাচাদো।
ওজন কিছুটা বেড়ে যাওয়ায় তাঁকে ব্যায়াম করতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে সাংবাদিক ও ক্যামেরার সামনে জিমে ব্যায়াম করতে বাধ্য করা হয় তাঁকে। ট্রাম্প তাঁকে ‘মিস পিগি’ও ‘মিস হাউসকিপিং’ বলে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ ওঠে।ঘটনাটি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় নতুন করে আলোচনায় আসে। হিলারি ক্লিনটন নির্বাচনী বিতর্কে মাচাদোর প্রসঙ্গ তুলে ট্রাম্পের আচরণের সমালোচনা করেন।
সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হয়েও একজন নারীকে কেন নিজের শরীরের জন্য প্রকাশ্যে অপমানিত হতে হবে—এই প্রশ্ন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
চার মাসেই মুকুট হারালেন রাশিয়ার অক্সানা ফেদোরোভা২০০২ সালে প্রথমবারের মতো রাশিয়ার কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের মুকুট জেতেন। তাঁর নাম অক্সানা ফেদোরোভা। কিন্তু বিজয়ের মাত্র ১১৯ দিন পরই মুকুট হারান তিনি।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষের দাবি ছিল, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজয়ী হিসেবে তাঁকে বিভিন্ন দেশে ভ্রমণ, দাতব্য কর্মকাণ্ড ও প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে হতো। কিন্তু পড়াশোনা ও ব্যক্তিগত কারণে রাশিয়ায় বেশি সময় কাটাতে চেয়েছিলেন অক্সানা।
অন্যদিকে অক্সানা দাবি করেন, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বিয়ে কিংবা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাঁকে সরানো হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে তিনি তা অস্বীকার করেন।
শেষ পর্যন্ত প্রথম রানারআপ পানামার জাস্টিনে পাসেককে মিস ইউনিভার্স ঘোষণা করা হয়। বিজয়ী হওয়ার পরও মুকুট হারানোর এই ঘটনা প্রতিযোগিতার ইতিহাসে বিরল।
ভুল বিজয়ী ঘোষণা, মঞ্চে বদলে গেল মুকুট২০১৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার শেষ মুহূর্তটি আজও দর্শকদের মনে আছে। উপস্থাপক স্টিভ হার্ভে ভুল করে কলম্বিয়ার আরিয়াদনা গুতিয়েরেসকে বিজয়ী ঘোষণা করেন। তাঁর মাথায় মুকুট পরানো হয়, আনন্দে মেতে ওঠেন কলম্বিয়ার সমর্থকেরা।
কিন্তু কয়েক মুহূর্ত পরই ঘটে নাটকীয় ঘটনা। হার্ভে আবার মঞ্চে এসে জানান, তিনি ভুল করেছেন। প্রকৃত বিজয়ী ফিলিপাইনের পিয়া ওয়ার্টজবাখ। আরিয়াদনার মাথা থেকে মুকুট খুলে পিয়ার মাথায় পরিয়ে দেওয়া হয়।
বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আরিয়াদনার মুখের হতবিহ্বল অভিব্যক্তি, পিয়ার বিস্ময় আর হার্ভের ক্ষমা চাওয়ার দৃশ্য হয়ে ওঠে প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি।
হার্ভে ভুলের দায় স্বীকার করেছিলেন। কিন্তু এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণায় এমন ভুল কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
ভাষা না–জানায় দুই প্রতিযোগীকে নিয়ে বিদ্রূপ২০১৮ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌন্দর্যের চেয়ে বেশি আলোচনায় এসেছিল প্রতিযোগীদের আচরণ। যুক্তরাষ্ট্রের সারাহ রোজ সামার্স, কলম্বিয়ার ভ্যালেরিয়া মোরালেস ও অস্ট্রেলিয়ার ফ্রান্সেসকা হাংয়ের একটি ইনস্টাগ্রাম লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাঁরা কম্বোডিয়া ও ভিয়েতনামের প্রতিনিধিদের ইংরেজি বলতে না পারা নিয়ে মন্তব্য করেন। তাঁদের কথাবার্তায় দুই দেশের প্রতিযোগীদের প্রতি বিদ্রূপ ও অবজ্ঞার সুর ছিল বলে সমালোচনা হয়।
বিশেষ করে কম্বোডিয়ার প্রতিনিধি ইংরেজি জানেন না, এমনকি তাঁর সঙ্গে কথা বলার মতো কেউ নেই—এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হন দর্শকেরা। বিষয়টি ভাষাগত বৈচিত্র্য, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সম্মানের প্রশ্ন সামনে আনে।
পরে সারাহ রোজ সামার্স ক্ষমা চান। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
বিয়ের পোশাকে ছবি, বিজয়ী আন্দ্রেয়া মেজাকে নিয়ে প্রশ্ন২০২০ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। কিন্তু মুকুট জয়ের পরপরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের পোশাকে তাঁর কিছু ছবি। ছবিতে এক পুরুষের সঙ্গে তাঁকে বর-কনের সাজে দেখা যায়।
মিস ইউনিভার্সের তৎকালীন নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের অবিবাহিত হতে হতো এবং তাঁদের সন্তান থাকা চলত না। ফলে প্রশ্ন ওঠে, মেজা কি বিয়ের পরও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন?
পরে জানা যায়, ছবিগুলো ছিল একটি বিজ্ঞাপনচিত্রের অংশ। ছবিতে থাকা মডেল হোর্হে সায়েন্সও জানান, তাঁদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না। তাঁরা বন্ধু। ছবিগুলোকে ঘিরে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে।
অর্থাৎ শেষ পর্যন্ত মেজার মুকুট নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু একজন প্রতিযোগীর ব্যক্তিগত ছবি কীভাবে তাঁর যোগ্যতা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক তৈরি করতে পারে, সেটি সামনে আসে।
মিস ইউএসএ থেকে পদত্যাগ, সংস্থার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে বড় ধাক্কা আসে। মিস ইউএসএ ২০২৩ নোয়েলিয়া ভোয়িগট হঠাৎই নিজের মুকুট ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন তিনি।
এর কয়েক দিনের মধ্যে মিস টিন ইউএসএ উমাসোফিয়া শ্রীবাস্তবও পদত্যাগ করেন। একই প্রতিষ্ঠানের দুই বিজয়ীর এমন সিদ্ধান্তে প্রশ্ন ওঠে, পর্দার আড়ালে কী ঘটছে?পরে নোয়েলিয়ার মা অভিযোগ করেন, মেয়েকে একাধিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত একজন গাড়িচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও সামনে আসে। সংস্থার কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হলেও প্রতিযোগীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং চুক্তির শর্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এটি সরাসরি আন্তর্জাতিক মিস ইউনিভার্সের মঞ্চের ঘটনা না হলেও একই প্রতিষ্ঠানের অধীন মিস ইউএসএ প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
‘বৈচিত্র্য থাকবে, কিন্তু বিজয়ী হতে পারবে না?’মিস ইউনিভার্সের মালিকানা থাইল্যান্ডের প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপের হাতে যাওয়ার পর প্রতিযোগিতাটিতে বেশ কিছু পরিবর্তন আসে। বিবাহিত নারী, মা এবং ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। আগে যেসব নিয়মের কারণে অনেক নারী প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না, সেগুলো শিথিল করা হয়।কিন্তু ২০২৩ সালের একটি ভিডিও পরে সামনে এলে নতুন বিতর্ক শুরু হয়। ভিডিওতে প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান অ্যান জাকারাজুতিপকে বলতে শোনা যায়, বিভিন্ন পরিচয়ের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন, কিন্তু তাঁরা বিজয়ী হতে পারবেন না—এমন বক্তব্যের অভিযোগ ওঠে।
ভিডিওটির ব্যাখ্যায় অ্যান দাবি করেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেছিলেন, আলোচনাটি ছিল একটি রিয়েলিটি শো নিয়ে, মিস ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে নয়।
তবু প্রশ্ন উঠেছিল, প্রতিযোগিতার নিয়মে অন্তর্ভুক্তির কথা বলা হলেও বাস্তবে কি সব ধরনের নারীর জন্য সমান সুযোগ রয়েছে?
ফাতিমা বশকে ঘিরে অপমান, বিচারকদের পদত্যাগ২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই আলোচনায় আসেন মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বশ। তবে আলোচনার কারণ তাঁর সৌন্দর্য বা পোশাক নয়, আয়োজকদের একজনের সঙ্গে প্রকাশ্য বিবাদ।
থাইল্যান্ডে একটি অনুষ্ঠানে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিল ফাতিমাকে প্রচারমূলক কাজে অংশ না নেওয়ার অভিযোগে সবার সামনে তিরস্কার করেন। ফাতিমা এর প্রতিবাদ করেন। পরে তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান। তাঁর সঙ্গে বেরিয়ে আসেন আরও কয়েকজন প্রতিযোগী।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নাওয়াতের আচরণের নিন্দা জানায়। পরে তিনিও ক্ষমা চান।
বিতর্ক এখানেই শেষ হয়নি। প্রতিযোগিতার বিচারক ওমর হারফুশ পদত্যাগ করে অভিযোগ করেন, চূড়ান্ত পর্বের আগে ৩০ জন প্রতিযোগীকে বেছে নেওয়ার ক্ষেত্রে অননুমোদিত একটি বিচারক প্যানেল কাজ করেছে। এমনকি ফলাফল নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগও তোলেন তিনি।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে। তাদের বক্তব্য, বিচারপ্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই হয়েছে।
শেষ পর্যন্ত ফাতিমা বোশই মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জেতেন। অপমানের শিকার হওয়ার পর তাঁর বিজয় অনেকের কাছে হয়ে ওঠে প্রতিবাদেরও প্রতীক।
পুয়ের্তো রিকোতে ৭৫তম আসর, মঞ্চের বাইরেও বিতর্কের ঝড়এবারের আসরটি মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী। আয়োজক দেশ পুয়ের্তো রিকো। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে আয়োজকেরা।প্রথমেই সামনে আসে সরকারি অর্থের ব্যবহার। প্রতিযোগিতা আয়োজনের জন্য পুয়ের্তো রিকো সরকার ৮৭ লাখ ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ৪৫ লাখ ডলার ছাড়ও করা হয়। কিন্তু অর্থের হিসাব, ব্যাংক হিসাব এবং ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে দেশটির সিনেটও অনুসন্ধানে নামে। আয়োজকেরা অবশ্য আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
দ্বিতীয়ত, প্রতিযোগিতার মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের প্রভাব পড়েছে অংশগ্রহণকারী দেশগুলোর ওপর। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও লাওস—এই ছয় দেশের প্রতিনিধিরা এবারের আসরে অংশ নিচ্ছেন না। জাতীয় ফ্র্যাঞ্চাইজির স্বত্ব ও লাইসেন্স নিয়ে বিরোধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এরপর ১৩ নভেম্বরের ‘বিউটি অ্যাট দ্য বিচ’ আয়োজনেও সমালোচনা হয়। বালুর ওপর বিছানো কার্পেটের তৈরি অস্থায়ী মঞ্চে হাঁটতে গিয়ে কয়েকজন প্রতিযোগী ভারসাম্য হারান। কেউ কেউ পড়ে যাওয়ার উপক্রম হন। বিশেষ করে উঁচু হিল পরে এমন মঞ্চে হাঁটার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
আয়োজনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয়। সমালোচনার মুখে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানটির ব্যবস্থাপনা তাদের প্রত্যাশিত মান পূরণ করতে পারেনি।
ইটি অনলাইন, এপি, টাইম, পিপলডটকম অবলম্বনে