নিখোঁজ হওয়ার দুই দিন পর নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শিবপুর এলাকার ময়না গ্রাম থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল জওগাঁ গ্রাম। পড়াশোনার প্রয়োজনে তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে অবস্থান করছিলেন।
উদ্ধারের পরপরই রিদয় আলীকে প্রাথমিক চিকিৎসার জন্য বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি আশঙ্কাজনক মনে করে গতকাল শুক্রবার রাজশাহী নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে এবং জানা যায় যে, বৃহস্পতিবার রাত ৯টা ৩১ মিনিটে তিনি রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায় ছিলেন। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
আজ সকালে বড়াইগ্রামের ময়না গ্রামের একটি ধানখেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সে সময় তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং একটি চাবির রিং পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
স্থানীয় কৃষক মোসলেম জানান, সকালে ধানখেতে পিঠে ব্যাগসহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই তরুণকে উদ্ধার করে উপজেলার বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ওই তরুণকে উদ্ধারের পর রাজশাহীর মতিহার থানাকে অবহিত করা হয় এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।”
বনপাড়া আমেনা হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞান অবস্থায় সারা রাত বৃষ্টি ও ঠান্ডায় কাদামাটিতে পড়ে থাকায় রিদয় মিয়া নামের ওই তরুণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
রিদয় আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগে খবর পেয়ে বড়াইগ্রামে ছুটে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম।
সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য বলেন, “রিদয় আলী সুস্থ হলে জানা যাবে কীভাবে সে এখানে এল, কেন এমন ঘটল এবং এর পেছনে কী কী কারণ রয়েছে।” ঘটনার রহস্য উম্মোচনের জন্য তিনি পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেন।