আগামী ১০ বছরের মধ্যেও দেশে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ বছরও নেই। ১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম।’ জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ দেশের লোক যেই ভোট যেভাবে আমাদেরকে দিছে, অনেক প্রত্যাশা নিয়ে দিছে। সুতরাং লোকেরা এখন জানেন, যা করার বিএনপি করবে।’
শিক্ষা প্রশাসনের কার্যক্রমে আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তাঁর কাছে জানানোর আহ্বান জানান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট যদি এখনো বোর্ড অফিস (শিক্ষা বোর্ড) বা পরিচালকের অফিস অথবা শিক্ষাসংশ্লিষ্ট উইংসে থাকেন, ডকুমেন্টস আমার কাছে পাঠাবেন। আমি সেগুলো দেখব। ১৭ বছর অনেক জুলুম-অত্যাচার আমরা সহ্য করেছি।’
বিগত সরকারের সময়ে নিজের ওপর চালানো নির্যাতনের কথা স্মরণ করে সেলিম ভূঁইয়া জানান, তাঁকে কলেজ থেকে স্বাভাবিকভাবে বিদায় নিতে দেওয়া হয়নি। বরং পুলিশ, র্যাব (বর্তমান এসআরবি) ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছিল। যাত্রাবাড়ীতে গাড়িতে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে উঠিয়ে নিয়েছে যে আমি (নাকি) যাত্রাবাড়ীর কাঠেরপুলে একটি গাড়িতে আগুন দিয়েছি নিজে। ওইখানে গিয়ে দিয়াশলাইর কাঠি দিয়ে...আগুন দিয়েছি। আমার জীবনে আমি কোনো দিন সিগারেট খাই নাই। এই জন্য ম্যাচবাতি বা লাইটার আমার জ্বালানোর কাজ লাগে নাই।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদরে ধরার পরে অনেকের গাত্রদাহ, আরে এত বড় একটা বয়স্ক লোক! আমাদের মরহুম এম কে আনোয়ার সাহেবের বয়স ছিল কত? ৭৮ বছর। উনারে ধরা হইছে না?...আবার হ্যান্ডকাফও লাগাইতো। আমারে হ্যান্ডকাফ পরাইয়া টাইনা নিয়ে আসতো কোর্টের মধ্যে।’
বিএনপি দলীয় এই সংসদ সদস্য স্পষ্ট করে বলেন, তাঁরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, তবে কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না।
শিক্ষকদের বদলি সংক্রান্ত ভোগান্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সেলিম ভূঁইয়া। তিনি জানান, এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এক জেলা থেকে অন্য জেলায় পাঠানোর ফলে অনেকেই চরম পারিবারিক ও সামাজিক সংকটে পড়ছেন। উদাহরণ হিসেবে তিনি সিলেটের এক নারী শিক্ষকের বগুড়ায় এবং রংপুরের এক নারী শিক্ষকের বরিশালে বদলির কথা উল্লেখ করেন। তিনি আক্ষেপ করে বলেন, চাকরির কারণে অনেক নারী শিক্ষককে স্বামী-সন্তান ও পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। কেউ কেউ পারিবারিক চাপের মুখে পড়ছেন। এমনকি চাকরি করতে গিয়ে কারও কারও সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।
কুমিল্লাকে শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘কুমিল্লাকে আমরা শিক্ষার জোন হিসেবে দেখতে চাই।..যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি, যত সমস্যা আছে আমাকে বলেন।’
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকশিসের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ।