রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ জন শিশু আক্রান্ত হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৩৮ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ১ হাজার ৩৪৩ শিশু মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এই সময়ের মধ্যে ৭৯১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮০৮ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০ জন। এদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।