বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাটের প্রভাব ধনীদের তুলনায় দরিদ্রদের ওপর অনেক বেশি প্রকট। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান র্যাপিডের এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই ভ্যাটের বোঝা তাদের মোট আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ, আয়ের অনুপাতে সবচেয়ে ধনীদের চেয়ে সবচেয়ে গরিবদের ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি।
অন্যদিকে, আয়করের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে প্রদান করতে হয়। আর দরিদ্র পরিবারগুলোর আয় সাধারণত করযোগ্য সীমার নিচে থাকায় তাদের কোনো আয়কর দিতে হয় না।
আজ শনিবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) তাদের এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক এই গবেষণাটি পরিচালিত হয়। পুরো গবেষণা প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।
গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।
গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, ব্যক্তি আয়করের সম্ভাব্য রাজস্ব মূলত উচ্চ আয়ের পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার হিসাব অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা। অন্যদিকে, নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। তাই আয়করভিত্তি বাড়ানোর ক্ষেত্রে উচ্চ আয়ের পরিবারগুলোর দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে গবেষণাটি।
র্যাপিডের তথ্যানুযায়ী, ব্যক্তি আয়করের আওতায় নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত নগণ্য। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। এমনকি কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএনধারী) মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার বেশ সীমিত। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে তা মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। এর ফলে প্রচুর করযোগ্য আয় বর্তমান করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
এই পরিস্থিতি নিয়ে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, “রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাঁদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”
সম্পদের বণ্টনের ক্ষেত্রে বৈষম্য আয়ের চেয়েও অনেক বেশি বলে র্যাপিডের গবেষণায় উঠে এসেছে। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে, সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ। শহরাঞ্চলে এই বৈষম্য আরও প্রকট; সেখানে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতেই প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি রয়েছে। গবেষকেরা পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণ বাদ দিয়ে নিট সম্পদের এই হিসাব বের করেছেন।
ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও তার পুরো টাকা সরকারি কোষাগারে পৌঁছায় না—এমন একটি চিত্রও গবেষণায় উঠে এসেছে। র্যাপিডের মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভ্যাট সংগ্রহ ও জমা দেওয়ার দায়িত্ব পালন করলেও অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। তাই করহার বাড়ানোর চেয়ে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়ালে উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে।
রাজস্ব খাতের উন্নয়নে র্যাপিড সাতটি সুপারিশ করেছে। সেগুলো হলো: এক. উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ করা; দুই. ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ের দক্ষতা ও পরিপালন উন্নত করা; তিন. করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করা; চার. সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের পরিপ্রেক্ষিতে উত্তরাধিকার কর প্রবর্তন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা; পাঁচ. রাজস্ব আহরণের নামে জবরদস্তিমূলক ব্যবস্থা ও করদাতাদের হয়রানি সম্পূর্ণভাবে পরিহার করা; ছয়. করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং সাত. কর প্রশাসনের আধুনিকায়নের পাশাপাশি সরকারি ব্যয়ের গুণগত মান উন্নত করা।