জাতিসংঘের পরবর্তী মহাসচিবের নির্বাচন নিয়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থা এখনো কাটেনি। সংস্থাটির নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে কোনো প্রার্থীর বিষয়েই একমত হওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে নির্বাচন প্রক্রিয়াটি জটিল হয়ে দাঁড়িয়েছে।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হলেও কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা সম্ভব হয়নি।

মহাসচিব পদের লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। শুক্রবারের ভোটে তিনি ১০টি ভোট পেয়েছেন, যা এই পদের জন্য প্রয়োজনীয় সংখ্যার তুলনায় যথেষ্ট। তবে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—সবার সমর্থন প্রয়োজন। এই পাঁচ দেশের কারো পক্ষ থেকে ভেটো বা আপত্তি থাকলে নির্বাচন সম্ভব নয়। জানা গেছে, এই স্থায়ী সদস্যদের মধ্য থেকে দুটি ভোট গ্রিনস্প্যানের বিপক্ষে গিয়েছে। ধারণা করা হচ্ছে, এই দুই দেশ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আগামী সপ্তাহের ভোটে যদি তিনি এই আপত্তিগুলো কাটিয়ে উঠতে পারেন, তবেই তিনি হবেন জাতিসংঘের ইতিহাসের প্রথম নারী মহাসচিব।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের এই প্রক্রিয়াটি ১০০ দিনের বেশি সময় ধরে চলছে। এটি জাতিসংঘের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদী মহাসচিব নির্বাচন প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের দ্বিতীয় মেয়াদের সমাপ্তি ঘটবে। নতুন মহাসচিব নির্বাচনের জন্য আগামী সপ্তাহে আবারও ভোটগ্রহণের কথা রয়েছে।

সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে দ্বিতীয় অবস্থানে ছিলেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি ‘সমর্থনসূচক’ ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিরুদ্ধে ‘অসমর্থনসূচক’ ভোট দিয়েছে।

অন্যদিকে, কিছুটা দেরিতে এই দৌড়ে নাম লিখিয়েছেন আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। তিনি সাতটি ‘সমর্থনসূচক’ ভোট পেলেও স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে তাঁর নির্বাচিত হওয়া বেশ কঠিন বলে মনে করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছে, তবে একাধিক সূত্রের তথ্যানুযায়ী যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন কার্যত লানা নুসেইবেহর পথ আটকে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লানা নুসেইবেহর প্রার্থিতা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে মূলত সুদানের ভয়াবহ সংঘাতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্টতার কারণে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে লেখা এক চিঠিতে প্রায় ৭০ জন পার্লামেন্ট সদস্য যুক্তি দিয়েছেন যে, নুসেইবেহ ‘বিশ্বাসযোগ্য প্রার্থী’ নন। তাঁদের দাবি, সুদানে সংঘটিত নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনগুলো তিনি বারবার ‘অস্বীকার ও খারিজ’ করেছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের ধারাবাহিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) ভাড়াটে যোদ্ধা নিয়োগে সহায়তা এবং অস্ত্র সরবরাহ করেছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অনুযায়ী, এই বাহিনীটি দারফুরে গণহত্যা চালিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত সুদানের এই সংঘাতের সঙ্গে তাদের জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করেছে।