শিশুটির বয়স ৩। ওর জন্ম হয়েছিল বরিশালে। জন্মের সময় বড় ধরনের কোনো অসুস্থতা শিশুটির ছিল না। শিশুটির বাবা গাজীপুরে একটি কারখানায় কাজ করতেন। শিশুটি কিছুটা বড় হওয়ার পর তাকে গাজীপুরে নিয়ে আসা হয়। এরপরই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। তাকে নিয়ে আসা হয় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। সেখানে শিশুটিকে চিকিৎসা দেন ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড আরআইসিইউর অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘যখনই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে তখনই সে সুস্থ থেকেছে। আবার যখন তাকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আবার অসুস্থ হয়ে পড়েছে। শিশুর শরীরে বায়ুদূষণের প্রভাব আমরা সরাসরি দেখতে পাই না। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, দূষিত থাকা শিশুর অসুস্থ হওয়ার ঘটনা অনেক।’

অধ্যাপক প্রবীর কুমার সরকার অন্তত ৫০০ শিশুর অবস্থা পর্যবেক্ষণ করেছেন এ পর্যন্ত। তিনি বলেন, ‘পরিবারে শ্বাসকষ্টের ইতিহাস নেই, এমন অনেক শিশু কেবল দূষিত পরিবেশে থেকে আক্রান্ত হয়েছে, এমন অনেক ঘটনা আমি দেখেছি। আবার শুধু পরিবেশ বদল করলেই শিশুকে ভালো হয়ে যেতে দেখেছি।’

বায়ুদূষণ এভাবে প্রতিনিয়ত শিশুদের নানাভাবে অসুস্থ করে তুলছে। দূষণের প্রভাব প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের অনেক বেশি।

শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় শরীরের ওজনের অনুপাতে বেশি বাতাস নেয়। তাদের ফুসফুস, মস্তিষ্ক ও রোগপ্রতিরোধব্যবস্থাও তখনো বিকাশমান। আর শরীরের স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থাও পুরোপুরি পরিণত থাকে না। তাই এমন দূষিত বাতাসের প্রভাবেও শিশুরা বেশি ঝুঁকিতে থাকতে পারে, যা সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তেমন প্রভাব ফেলে না।

গতকাল শুক্রবার ( ২০ নভেম্বর) ছিল বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান আইকিউএয়ার শিশুদের শরীরে বায়ুদূষণের প্রভাব নিয়ে একটি গবেষণা প্রতিবেদন করেছে। এতে শিশুদের বায়ুদূষণজনিত ঝুঁকি ও সুরক্ষার উপায়গুলোও তুলে ধরা হয়েছে।

সেখানে বলা হয়েছে, শৈশব থেকে কৈশোর পর্যন্ত ক্ষতিকর বায়ুর সংস্পর্শে থাকলে শিশুর শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের কাজ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন শিশুরা বেশি ঝুঁকিতে থাকে, কোথায় তাদের ওপর দূষণের প্রভাব বেশি এবং কীভাবে সংস্পর্শ কমানো যায়—এসব জানা পরবর্তী প্রজন্মের সুরক্ষার জন্য জরুরি।

শিশুরা কেন বেশি দূষিত বাতাস নেয়

শিশুদের শরীরের বিকাশের পর্যায় ও দৈনন্দিন অভ্যাস—দুই কারণেই তারা বায়ুদূষণে বেশি ঝুঁকিতে থাকে। তাদের শরীর দূষণ সামাল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। আবার তাদের চলাফেরার ধরনেও দূষিত বাতাসের সংস্পর্শ বাড়তে পারে।

শিশুরা প্রাপ্তবয়স্কদের চেয়ে দ্রুত শ্বাস নেয় এবং শরীরের ওজনের তুলনায় বেশি বাতাস গ্রহণ করে। তাই বাতাসে পিএম২.৫-এর মতো সূক্ষ্ম কণার মাত্রা বেশি থাকলে শরীরের আকারের অনুপাতে তারা বেশি দূষিত বাতাস শ্বাসের সঙ্গে নিতে পারে।

বিশিষ্ট শিশুচিকিৎসক আবিদ হোসেন মোল্লা বলেন, ‘একটি নবজাতক মিনিটে ৬০ বার পর্যন্ত শ্বাস নেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সময় কমে যায়। প্রাপ্তবয়স্করা ২০ বারের মতো শ্বাস নেয়। এই যে বেশিবার শ্বাস নেওয়া, এর ফলে শিশুরা বেশি পরিমাণ বায়ু ভেতরে নেয়। সেখানে দূষণ থাকলে তাদের শরীরে তা বেশি যাওয়াটাই স্বাভাবিক।’

দৈনন্দিন কাজেও তাদের সংস্পর্শ বাড়ে। শিশুরা বাইরে খেলাধুলা করে, হেঁটে স্কুলে যায় এবং নানা বিনোদনমূলক কাজে অংশ নেয়। তারা মাটির কাছাকাছি থাকে। সড়কের যানবাহন থেকে নির্গত কিছু দূষিত পদার্থ মাটির কাছাকাছি বেশি জমতে পারে। অন্যদিকে তাদের রোগপ্রতিরোধব্যবস্থা ও শ্বাসতন্ত্রের প্রতিরক্ষা তখনো পুরোপুরি পরিণত না হওয়ায় পরিবেশের বিরক্তিকর উপাদান ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হতে পারে।

পরিবেশগত ও শারীরবৃত্তীয়—এই দুই ধরনের কারণ মিলিয়ে শৈশব বায়ুদূষণের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সময়, বিশেষ করে যেখানে দূষণের মাত্রা বেশি।

শিশুদের স্বাস্থ্যে বায়ুদূষণের প্রভাব

বায়ুদূষণের কিছু প্রভাব শৈশবেই দেখা দিতে পারে; আবার কিছু সমস্যা পরিণত বয়সেও দেখা দেয়। কোনো কোনো উপসর্গ দ্রুত প্রকাশ পায়, আর বারবার দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে পরে স্বাস্থ্যসমস্যা তৈরি হতে পারে।

শ্বাসতন্ত্র ও ফুসফুসের বিকাশ

রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয্যার টিবি হাসপাতালের এসেছিল ১২ বছরের শিশুটি। গত বুধবার সকালের দিকে বাবার সঙ্গে অপেক্ষা করছিল চিকিৎসকের জন্য। শিশুটির বাবা জানান, হঠাৎ করেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয় চিকিৎসকের ওষুধে কাজ হয়নি। শুকনো মৌসুম এলেই শিশুটি এ সমস্যায় পড়ে। এবারও তা-ই হয়েছে।

এ হাসপাতালে শ্বাসকষ্টজনিত কোনো শিশু এলে বেশির ভাগ ক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয় কাছের শিশু হাসপাতালে। তারপরও হাসপাতালে একটি উল্লেখযোগ্য সংখ্যায় শিশু সেবা নিতে আসে বলে জানান হাসপাতালটির উপপরিচালক ডা. আয়শা আক্তার। তিনি মুক্তকণ্ঠকে বলছিলেন, ‘শুষ্ক মৌসুম এলে সব বয়সী রোগীই বেড়ে যায়। তবে শ্বাসকষ্ট নিয়ে আসার শিশুদের সংখ্যা চোখে পড়ার মতো। বায়ুদূষণ একটা বড় সমস্যা বলে মনে হয়। বিশেষ করে স্কুলগামী শিশুদের মধ্যে এ সমস্যা বেশি।’

বায়ুদূষণের সংস্পর্শে থাকলে হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। আগে থেকেই হাঁপানি আছে—এমন শিশুদের উপসর্গ আরও ঘন ঘন বা তীব্র হতে পারে। কাশি, শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ এবং শ্বাসকষ্ট এর মধ্যে রয়েছে। দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এতে শিশুর শ্বাস নেওয়ার ক্ষমতা দীর্ঘ মেয়াদে কমে যাওয়ার আশঙ্কা থাকে।

ঢাকার নিম্ন আয়ের একটি এলাকায় করা শিশুদের ওপর সাম্প্রতিক একটি গবেষণায় শ্বাসকষ্টের সঙ্গে বায়ুদূষণের সম্পর্ক দেখা গেছে। গবেষকেরা দুই বছরের কম বয়সী ৪৪৭ শিশুকে জন্মের পর থেকে অনুসরণ করেন। বিশ্লেষণে দেখা যায়, যেসব শিশু প্রতিদিন বেশি সময় পিএম২.৫-এর মাত্রা ঘনমিটারে ৫০ মাইক্রোগ্রামের ওপরে থাকা বাতাসে ছিল, তাদের শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হওয়ার ঝুঁকি বেশি ছিল। কেরোসিনের চুলা ব্যবহারের সঙ্গেও এ ঝুঁকির সম্পর্ক পাওয়া যায়। গবেষকেরা অবশ্য দেখেছেন, এসব শিশুর শ্বাসকষ্টের বেশির ভাগ ঘটনার সঙ্গে ভাইরাসের সংক্রমণও যুক্ত ছিল। অর্থাৎ বায়ুদূষণ একমাত্র কারণ নয়; তবে এটি ঝুঁকি বাড়াতে পারে।

বায়ুদূষণ সংক্রমণের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থাও দুর্বল করতে পারে। ফলে নিউমোনিয়ার মতো অসুস্থতায় শিশুরা বেশি আক্রান্ত হতে পারে। যেসব শিশুর রোগপ্রতিরোধব্যবস্থা তখনো বিকশিত হচ্ছে, বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি উদ্বেগের।

মস্তিষ্কের বিকাশ, শেখা ও চিন্তার ক্ষমতা

পিএম২.৫ ও অন্যান্য দূষকের সংস্পর্শের সঙ্গে মস্তিষ্কের বিকাশ এবং স্নায়বিক বিকাশজনিত সমস্যার সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে। বায়ুদূষণ শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। এসব প্রক্রিয়া মস্তিষ্কের বিকাশ ও কাজে প্রভাব ফেলতে পারে।

২০২৪ সালে ‘এনভায়রনমেন্টাল হেলথ’ সাময়িকীতে প্রকাশিত একটি পর্যালোচনা ও মেটা-বিশ্লেষণে তিন মহাদেশের ৪ হাজার ৮৬০ শিশুকে নিয়ে করা ছয়টি গবেষণা একত্রে বিশ্লেষণ করা হয়। গবেষণাগুলোর সম্মিলিত ফলাফলে, পিএম২.৫-এর সংস্পর্শ বাড়ার সঙ্গে শিশুদের আইকিউ পরীক্ষার স্কোর কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে গবেষণার সংখ্যা ছিল সীমিত এবং ফলাফলে পার্থক্যও ছিল; তাই এই হিসাবকে প্রত্যেক শিশুর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য বলা যাবে না।

বায়ুদূষণের প্রভাব শিশুর মনোযোগ, শেখা এবং শেখা বিষয় মনে রাখার ক্ষমতায়ও পড়তে পারে। বিভিন্ন গবেষণায় দূষিত বাতাসের সংস্পর্শের সঙ্গে পড়াশোনায় কম ফল, স্মৃতিশক্তি ও মনোযোগের সমস্যার সম্পর্ক পাওয়া গেছে।

ব্যস্ত সড়ক বা শিল্পাঞ্চলের কাছে অবস্থিত শ্রেণিকক্ষে যেসব শিশু দিনের বড় অংশ কাটায়, তাদের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে হাজারো স্কুল মহাসড়কের কাছাকাছি। দেশজুড়ে করা একটি গবেষণায় দেখা গেছে, দেশটির ১ লাখ ১৪ হাজার স্কুলের প্রায় ১৫ শতাংশ বড় সড়ক থেকে ৮২০ ফুট—অর্থাৎ প্রায় ২৫০ মিটারের—মধ্যে অবস্থিত।

শুধু স্কুল নয়, স্কুলে যাওয়ার পথও গুরুত্বপূর্ণ। নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশে শিশুদের স্কুলে যাওয়ার একমাত্র উপায় হাঁটা। তাদের পথ প্রায়ই যানজটে ভরা ব্যস্ত সড়কের পাশ দিয়ে যায়। শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় দ্রুত শ্বাস নেয় এবং গাড়ির ধোঁয়া নির্গমনের পাইপের কাছাকাছি থাকে। ফলে স্কুলে পৌঁছানোর আগেই প্রতিদিনের যাত্রায় তারা বেশি দূষিত বাতাসের সংস্পর্শে আসতে পারে।

বায়ুদূষণ শিশুর মস্তিষ্কের বিকাশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে জানান শিশুবিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা। কীভাবে? তিনি বলেন, শিশুর মস্তিষ্কের বিকাশে সিনাপস ও মাইলিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনাপস হলো মস্তিষ্কের দুটি স্নায়ুকোষ বা নিউরনের মধ্যবর্তী সংযোগস্থল। এর মাধ্যমে একটি স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে সংকেত আদান-প্রদান হয়। শিশুর শেখা, স্মৃতি তৈরি, চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে এই সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই শিশুবিশেষজ্ঞের কথা, শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে অসংখ্য নতুন সিনাপস তৈরি হয়। এসব সংযোগের মাধ্যমেই মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু বায়ুদূষণের ক্ষতিকর উপাদান মস্তিষ্কে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। এর ফলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশপ্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

অন্যদিকে, মাইলিনেশন হলো স্নায়ুকোষের দীর্ঘ অংশ বা অ্যাক্সনের চারপাশে মাইলিন নামের চর্বিজাতীয় আবরণ তৈরির প্রক্রিয়া। এই আবরণ স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক সংকেত দ্রুত ও কার্যকরভাবে চলাচলে সাহায্য করে। আবিদ হোসেন মোল্লা বলেন, শিশুর শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি, মনোযোগ, ভাষার বিকাশ এবং শরীরের নড়াচড়ার সমন্বয়ের জন্য মাইলিনেশন গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, বায়ুদূষণ শুধু শিশুর শ্বাসতন্ত্রের ক্ষতি করে না, মস্তিষ্কের বিকাশের ওপরও প্রভাব ফেলতে পারে। এর ফলে শিশুর শেখা, মনোযোগ, স্মৃতিশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি

শৈশবে বায়ুদূষণের প্রভাব বহু বছর পরও দেখা দিতে পারে।

একজন মানুষের বিশের দশকের শুরুর দিকে ফুসফুসের বিকাশ প্রায় সম্পূর্ণ হয়। তাই শৈশবে ফুসফুসের বিকাশ ব্যাহত হলে তার প্রভাব পরবর্তী জীবনেও থেকে যেতে পারে। প্রাপ্তবয়স্কদের ফুসফুসের রোগের শৈশবকালীন কারণ নিয়ে গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক বয়সে শনাক্ত হওয়া অনেক শ্বাসতন্ত্রের রোগের শুরু হতে পারে কয়েক দশক আগের দূষণের সংস্পর্শ থেকে।

শৈশবে ফুসফুসের বিকাশ ব্যাহত হলে প্রাপ্তবয়স্ক বয়সে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে রয়েছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি—দীর্ঘমেয়াদি একটি রোগ, যাতে সময়ের সঙ্গে শ্বাস নেওয়া ক্রমে কঠিন হয়ে পড়ে। সিগারেটের ধোঁয়ার মতো উৎস থেকে শৈশবে বায়ুদূষণের সংস্পর্শের সঙ্গে প্রাপ্তবয়স্ক বয়সে হৃদ্‌রোগেরও সম্পর্ক পাওয়া গেছে।

বিশ্বজুড়ে শিশুরা সমান ঝুঁকিতে নেই

বায়ুদূষণ বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা হলেও এর প্রভাব সব জায়গায় সমান নয়। নিম্ন ও মধ্যম আয়ের দেশের শিশুরা দূষণজনিত অসুস্থতা ও মৃত্যুর তুলনামূলক বড় অংশের শিকার হয়। বিশেষত যেসব এলাকায় পরিচ্ছন্ন রান্নার জ্বালানি, নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা ও কার্যকর পরিবেশ সুরক্ষার সুযোগ সীমিত, সেখানে শিশুদের ঝুঁকি বেশি।

আইকিউএয়ারে প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার নাইরোবিতে অর্থনীতি ও নগরকাঠামোর পরিবর্তনের সঙ্গে দূষণের মাত্রা বাড়ছে। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের ব্যবহার বাড়া এবং দূষণকারী জ্বালানিতে রান্নার ওপর নির্ভরতা—আফ্রিকার বিভিন্ন শহরের শিশুদের প্রতিদিন অস্বাস্থ্যকর বাতাসের সংস্পর্শে আনছে।

স্টেট অব গ্লোবাল এয়ারের হিসাবে, ২০১৯ সালে আফ্রিকায় বায়ুদূষণের কারণে আনুমানিক ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এর ৬৩ শতাংশের সঙ্গে ঘরের ভেতরের বায়ুদূষণের সম্পর্ক ছিল। বায়ুদূষণের সংস্পর্শে জীবনের প্রথম মাসে মারা গিয়েছিল প্রায় ২ লাখ ৩৬ হাজার নবজাতক; এসব মৃত্যুর প্রায় ৮০ শতাংশের সঙ্গে ঘরের ভেতরের দূষণের সম্পর্ক ছিল।

ভারতের দিল্লিতে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার নির্গমন এবং মৌসুমি কৃষিজ বর্জ্য পোড়ানোর কারণে তীব্র দূষণ দেখা দিতে পারে। বাইরে থেকে দূষিত বাতাস ঘরের ভেতর ঢুকলে শিশুদের বাড়ি ও স্কুল—দুই জায়গাতেই দূষণের সংস্পর্শ বাড়তে পারে।

পাকিস্তানের লাহোরে যানবাহনের ধোঁয়া, শিল্পদূষণ, ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং মৌসুমি আবহাওয়ার কারণে বিপজ্জনক ধোঁয়াশা তৈরি হতে পারে। বায়ুর মান খুব খারাপ হলে শিশুদের সংস্পর্শ কমাতে স্কুলে বাইরের কার্যক্রম সীমিত করা হয়।

শৈশবে বায়ুদূষণের সমস্যা কোনো একটি মহাদেশ বা নির্দিষ্ট পরিবেশে সীমাবদ্ধ নয়। দূষণের উৎস যানবাহন, শিল্পকারখানা, কৃষিজ বর্জ্য পোড়ানো কিংবা ঘরে রান্না—যা-ই হোক, শিশুরা দিনের বিভিন্ন সময়ে এর সংস্পর্শে আসতে পারে।

শিশুদের দূষণের সংস্পর্শ বাড়ায় যেসব উৎস

ঘরের ভেতর ও বাইরে—দুই জায়গার পরিবেশগত নানা কারণে শিশুরা বায়ুদূষণের সংস্পর্শে আসে। ইউনিসেফের হিসাবে, ২০২১ সালে বায়ুদূষণ-সম্পর্কিত রোগে ৫ বছরের কম বয়সী সাত লাখের বেশি শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে প্রায় ৫ লাখ মৃত্যুর সঙ্গে ঘরের ভেতরের বায়ুদূষণের সম্পর্ক ছিল; এর বড় কারণ দূষণকারী জ্বালানি দিয়ে রান্না। ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুঝুঁকির দ্বিতীয় প্রধান কারণ ছিল বায়ুদূষণ; প্রথমটি অপুষ্টি।

পরিচ্ছন্ন বাতাস শিশুর সুস্থ বেড়ে ওঠার ভিত্তি

নবজাতকের প্রথম শ্বাস থেকে কৈশোরের বিকাশকাল পর্যন্ত শিশুরা যে বাতাস নেয়, তা তাদের শারীরিক স্বাস্থ্য, চিন্তাশক্তির বিকাশ ও ভবিষ্যৎ সুস্থতায় প্রভাব ফেলতে পারে।

শিশুদের ওপর বায়ুদূষণের বৈশ্বিক বোঝা অনেক বড়, তবে তা অনিবার্য নয়। পরিচ্ছন্ন রান্নার জ্বালানি, নির্গমন নিয়ন্ত্রণে শক্তিশালী নীতি, বায়ুর মান পর্যবেক্ষণ এবং স্কুলে স্বাস্থ্যকর পরিবেশ—এসব উদ্যোগ দূষণের সংস্পর্শ ও অসুস্থতা কমাতে পারে। সচেতনতা প্রথম পদক্ষেপ; তবে স্থায়ী অগ্রগতির জন্য নিয়মিত প্রচেষ্টা, বিনিয়োগ ও কার্যকর নীতি প্রয়োজন।

আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। এ দিনে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে—এমন পরিবেশগত অবস্থার দিকে নজর দেওয়ার সুযোগ রয়েছে। শিশুরা নিজেরা তাদের শ্বাস নেওয়া বাতাস বেছে নিতে পারে না। তবে বাতাস পরিচ্ছন্ন করতে আমরা পদক্ষেপ নিতে পারি। বায়ুর মান রক্ষা করা মানে শিশুদের স্বাস্থ্য, সমান সুযোগ এবং আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতে বিনিয়োগ করা।