একজন বোলারের দক্ষতা কি কেবল সাম্প্রতিক দু-তিনটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে পরিমাপ করা সম্ভব? নাকি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অতীতের সাফল্য এবং দলের প্রতি সামগ্রিক অবদানকেও গুরুত্ব দেওয়া উচিত? ভারতীয় টেস্ট দলের সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন এই প্রশ্নটিই সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে মোহাম্মদ সিরাজকে জায়গা না দেওয়ায় গত দুই দিন ধরে চলছে তীব্র বিতর্ক। এবার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তাঁর অভিযোগ, বর্তমান টিম ম্যানেজমেন্ট সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা কিংবা তাদের অতীতের অবদানকে যথেষ্ট মূল্যায়ন করছে না।

উল্লেখ্য, ২০২৫ সালে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন সিরাজ। অথচ সেই সিরাজকেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখেনি ভারত। তাঁর পরিবর্তে দলে রাখা হয়েছে যশপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অংশুল কম্বোজকে।

কাইফের মতে, বর্তমান ম্যানেজমেন্টের কাছে সিনিয়রিটির কোনো মূল্য নেই। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলতে গিয়ে কাইফ বলেন, ‘এই ম্যানেজমেন্টের অধীন এমন ঘটনা খুবই স্বাভাবিক। দু-তিনটি ম্যাচে খারাপ খেললেই প্রশ্নের মুখে পড়তে হয়। এই দলে শচীন টেন্ডুলকার থাকলেও দু-তিনটি ম্যাচ খারাপ খেললে তাঁকে নিয়েও প্রশ্ন উঠত। হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো।’

সিনিয়রদের প্রতি ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাইফ আরও বলেন, ‘এই ম্যানেজমেন্ট কখনো সিনিয়রিটিকে গুরুত্ব দেয়নি। কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব... এমনকি মোহাম্মদ শামিকেও ফেরানো হয়নি। সিনিয়রদের কখনো সম্মান দেখায়নি এই টিম ম্যানেজমেন্ট। তাদের কথা হলো, তুমি সিনিয়র হতে পারো, কিন্তু এখন কী করেছ? সিরাজের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

তবে গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সিরাজের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ ছিল না, সেটিও স্বীকার করেছেন কাইফ। ওই সিরিজে দুই টেস্টে মাত্র ৪টি উইকেট পেয়েছিলেন এই পেসার। এ প্রসঙ্গে কাইফ বলেন, ‘আমি জানি, শ্রীলঙ্কায় সে ভালো করেনি। তার গতি কমে গিয়েছিল। এশিয়ায় উইকেট নেওয়ার ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাই ছিলেন ভারতের ভরসা। কলম্বোয় বেশির ভাগ ওভার করেছেন জাদেজা ও মানব সুতার।’

সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং সাবেক কোচ রবি শাস্ত্রীও। সামাজিক যোগাযোগমাধ্যমে শাস্ত্রী লিখেছেন, ‘আশা করি, ভারত শক্তভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু যদি গতি, দক্ষতা ও সিম মুভমেন্টই বিবেচনার বিষয় হয়, আর ১৪০ কিলোমিটার গতিতে বল করাটা যদি কঠিন হয়ে থাকে, তাহলে প্রশ্ন জাগে, মোহাম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন এবং বল হাতে ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা। এগুলোর কি কোনো মূল্য নেই?’

সুনীল গাভাস্কারের বিস্ময় ছিল আরও প্রকট। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভারতীয় কিংবদন্তি বলেন, ‘এটা অবাক হওয়ার মতো নয়, বরং বিস্ময়কর। তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছিল, কিন্তু খেলানো হয়েছে শুধু শেষ ম্যাচে। ভেবেছিলাম, প্রথম টেস্টের প্রস্তুতি হিসেবেই তাকে খেলানো হচ্ছে।’

গাভাস্কার আরও যোগ করেন, ‘একাদশে তাকে না দেখে অবাক হয়েছি। আমার মনে হয় না, সে কখনো ভারতকে হতাশ করেছে। তার বোলিংয়ে এমন কিছু ঘটেনি, যার জন্য তাকে বাদ দিতে হবে।’