খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোরবেলা, ফজরের নামাজের পূর্বমুহূর্তে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এই আকস্মিক ও বিকট বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। তারা দ্রুত দিঘলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে এবং পরিস্থিতি খতিয়ে দেখে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ককটেল বিস্ফোরণের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্বৃত্তরা একের পর এক এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”