অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ এবং গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। এই নতুন নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ অপশন ব্যবহারের নির্দিষ্ট নিয়মাবলি এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর দায়িত্ব ও করণীয় স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়ের কথা জানানো হয়। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই নির্দেশনার অনুলিপি দেশের সকল সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট আদেশে উল্লেখ করা হয়েছে যে, বকেয়া পেনশন পরিশোধের জন্য ব্যবহৃত আইবাস (iBAS++) সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এই কারিগরি কারণে ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এই সেবা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এবং জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলো এখন থেকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে কোনো চিঠি পাঠাতে পারবে না। তাদের যাবতীয় আবেদন নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে প্রেরণ করতে হবে।

অন্যদিকে, সকল চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়গুলো সরাসরি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে পত্র আদান-প্রদান করতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পেনশন সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিরা সরকারি ওয়েবসাইট www.pension.gov.bd ভিজিট করতে পারেন অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করতে পারেন।