বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতা, অন্যদিকে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের তিন পরাশক্তি—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতা এই প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে করলেন। বৈঠকে জ্বালানি তেল ও পরিশোধিত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানো, পারমাণবিক ঝুঁকি কমানো ও জাতিসংঘ সংস্কারের বিষয়ে একমত হয়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিন দেশের পক্ষ থেকে অভিন্ন ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বার্তা হলো, বৈশ্বিক জ্বালানি বাজারে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার। তিন দেশ জানিয়েছে, সব দেশের কথা চিন্তা করে তারা পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে স্থিতিশীল জ্বালানি প্রবাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে তারা। বৈঠকের পর হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তিন দেশের অভিন্ন ঘোষণায় এ অঙ্গীকারের কথা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, উৎপাদন কতটা বাড়বে বা কীভাবে তা বাস্তবায়িত হবে, সে বিষয়ে যৌথ ঘোষণায় বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ছাড়া এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য ও বিনিয়োগ বাধা দূর করার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতা কমানো জরুরি। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। সি চিন পিং জানান, শুল্ক কমানো ও বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রমের সুযোগ তৈরি করতে নীতিমালা ও বিধিবিধান সংস্কার করা হবে।
জ্বালানি নিরাপত্তায় তিন দেশের অভিন্ন স্বার্থতিন দেশের অর্থনৈতিক স্বার্থের গুরুত্বপূর্ণ জায়গা হলো জ্বালানি। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস উৎপাদক। রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো জ্বালানি। অন্যদিকে চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারকদের একটি। দেশটির শিল্প উৎপাদন, পরিবহন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল।
ফলে তিন দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়ানোর ঘোষণা শুধু দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও গুরুত্বপূর্ণ। উৎপাদন ও সরবরাহ বাড়লে বিশ্ববাজার থেকে জ্বালানি পাওয়া সহজ হবে। এতে আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি কমার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহে ভূরাজনৈতিক উত্তেজনা ও পরিবহনঝুঁকি বাড়লে যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জন্য এ ধরনের সহযোগিতা তাৎপর্যপূর্ণ।
তবে এই ঘোষণার কল্যাণে তেলের দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। কেননা, উৎপাদন কতটা বাড়ানো হবে, কবে নাগাদ করা হবে, কিংবা কীভাবে সরবরাহ করা হবে, তার নির্দিষ্ট কাঠামো ঘোষণা করা হয়নি। এটা বরং জ্বালানি নিরাপত্তা নিয়ে তিন দেশের অভিন্ন স্বার্থের রাজনৈতিক অঙ্গীকার। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ ঘোষণাটি সংক্ষিপ্ত ও সাধারণ বক্তব্যনির্ভর। এতে নেতাদের আলোচনার বিস্তারিত বা বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়নি।
সহযোগিতার বার্তাযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ, প্রযুক্তি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিয়ে বিরোধ আছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল আছে। এই বাস্তবতায় তিন দেশের নেতাদের একসঙ্গে বসা আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেটা হলো, রাজনৈতিক ও কৌশলগত বিরোধ থাকলেও জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার মতো বিষয়ে বড় শক্তিগুলোর সহযোগিতার প্রয়োজন আছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনবিসি জানিয়েছে, বৈঠকে সি চিন পিং বড় দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক লাভজনক সহযোগিতা ও সংলাপে গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, বড় দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। অন্যদিকে সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি নিরাপত্তাসহ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তিন দেশের আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন।
এতে চীনের জন্যও অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে। তারা বিশ্বের বৃহত্তম উৎপাদন ও বাণিজ্যিক শক্তিগুলোর অন্যতম। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার ক্ষেত্রে তার আগ্রহ আছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নিজের ভূমিকা তুলে ধরতে চায় বেইজিং।
রাশিয়ার জন্য বৈঠকটি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর সুযোগ। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দেশটি জ্বালানি রপ্তানির বাজার ধরে রাখতে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিস্তারে আগ্রহী। তবে এই বৈঠক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা রাশিয়ার বাণিজ্যিক বাধা দূর করার ঘোষণা আসেনি। সিএনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তিন দেশের যৌথ ঘোষণায় এ যুদ্ধের উল্লেখ নেই।
বিশ্ব অর্থনীতির প্রতিষ্ঠানগুলো সংস্কারের ইঙ্গিতবৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জাতিসংঘের সংস্কারের বিষয়ে তিন দেশের অবস্থান। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ ঘোষণায় বলা হয়েছে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর করতে হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানটির মৌলিক ভূমিকা শক্তিশালী করতে হবে।
এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়; আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার ভবিষ্যতের সঙ্গেও এর সম্পর্ক আছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা ও জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার কাঠামো সংস্কারের দাবি দীর্ঘদিনের।
তিন দেশের যৌথ ঘোষণায় জাতিসংঘ সংস্কারের কথা থাকলেও বিশ্বব্যাংক, আইএমএফ বা বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়নি। ফলে এটি আপাতত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে তিন দেশের রাজনৈতিক অবস্থান, এর বেশি কিছু নয়।
বিশ্ববাণিজ্যে নতুন জোট, নাকি কৌশলগত সমঝোতা?এই বৈঠককে কেন্দ্র করে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কি বিশ্ব অর্থনীতিতে নতুন ক্ষমতাকেন্দ্র তৈরি করতে যাচ্ছে। তবে আপাতত সে রকম কিছু দেখা যাচ্ছে না। বৈঠকের ঘোষণায় নতুন বাণিজ্যচুক্তি, শুল্ক কমানো, বিনিয়োগ সহযোগিতা কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেই। ইউক্রেন যুদ্ধ নিয়েও যৌথ ঘোষণায় কিছু বলা হয়নি। এমনকি ইরান যুদ্ধের বিষয়েও ঘোষণায় কিছু উল্লেখ নেই বলে জানিয়েছে সিএনবিসি।
তবে এই বৈঠক থেকে বোঝা গেল, আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ তিন শক্তি পরস্পরিক বিরোধের মধ্যেও কিছু অভিন্ন স্বার্থে আলোচনায় বসতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, পারমাণবিক ঝুঁকি ও আন্তর্জাতিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে।
বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণবাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্য এই বৈঠকের গুরুত্ব আছে। আন্তর্জাতিক বাজারে তেল ও পরিশোধিত জ্বালানির সরবরাহ বাড়লে আমদানি ব্যয় কমার সুযোগ তৈরি হবে। এর প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্পের উৎপাদন খরচেও। চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। অন্যদিকে জ্বালানি ও খাদ্যশস্য আমদানির ক্ষেত্রেও রাশিয়ার গুরুত্ব আছে।
তবে বাংলাদেশের স্বার্থ শুধু জ্বালানি বাজারের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতিও দেশের জন্য গুরুত্বপূর্ণ। বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে বিশ্ববাণিজ্য শুল্কসহ অশুল্ক বাধা বৃদ্ধি পেলে বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর দেশগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে।
সব মিলিয়ে শেনঝেনের বৈঠকে নতুন কোনো বাণিজ্যিক জোট গঠনের সিদ্ধান্ত হয়নি। তবে জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা নিয়ে তিন পরাশক্তির অভিন্ন স্বার্থ স্পষ্ট হয়েছে। বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণে এই তিন দেশের প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বৈঠক থেকে সেই বার্তা পাওয়া যায়।